আড়াই মিনিটের ট্রেলারে ক্ষুধার্ত হায়না আলিয়া
মুক্তির অপেক্ষায় থাকা বহুল আলোচিত স্পাই ইউনিভার্সের সিনেমা আলফার ট্রেলার অবশেষে প্রকাশ পেয়েছে। টিজার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও নতুন ট্রেলারটি দর্শকদের প্রত্যাশা অনেকটাই পূরণ করেছে। অ্যাকশন, ড্রামা ও রোমাঞ্চে ভরপুর ট্রেলারে আলিয়া ভাটের ‘সীতা’ থেকে দুর্ধর্ষ এজেন্ট ‘আলফা’ হয়ে ওঠার যাত্রা তুলে ধরা হয়েছে। আর এই রূপান্তরের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা গেছে ববি দেওল অভিনীত রহস্যময় চরিত্র ‘ফতেহ’কে।

দুই মিনিট ৩৩ সেকেন্ডের ট্রেলারে আলিয়া ভাটকে দেখা গেছে একেবারে ভিন্ন অবতারে। গ্ল্যামার নয়, বরং ক্রোধ, শক্তি আর প্রতিশোধের আগুনে জ্বলতে দেখা যায় তাকে। টিজারে যে ইঙ্গিত মিলেছিল, ট্রেলারে সেটিই আরও স্পষ্ট হয়েছে। মারকাটারি অ্যাকশন দৃশ্যে আলিয়া নিজেকে নতুনভাবে তুলে ধরেছেন।
ট্রেলারের শুরুতেই দেখা যায় কাচের আবরণে থাকা এক নবজাতক শিশুকে। ভয়েসওভারে প্রতিপক্ষ ফতেহ চরিত্রে অভিনয় করা ববি দেওল জানান, শিশুটির নাম ‘সীতা’। এরপর বোঝা যায়, ছোটবেলা থেকেই তাকে একজন ভয়ংকর যোদ্ধা হিসেবে গড়ে তোলা হয়েছে। বাবারূপী ববি দেওলের কঠোর প্রশিক্ষণে বড় হতে থাকে সীতা। একসময় সে ঘোষণা দেয়, একাই লঙ্কা জ্বালিয়ে দেবে।

সীতা চরিত্রের উত্থানের পরই শুরু হয় ধুন্ধুমার অ্যাকশন। বিস্ফোরণ, লড়াই এবং তাড়া-পাল্টা তাড়ার দৃশ্য ট্রেলারকে দিয়েছে বাড়তি গতি। আলিয়া শুধু অভিনয়েই নয়, অ্যাকশন দৃশ্যেও ছিলেন সাবলীল। ট্রেলারের শেষভাগে একটি চমক হিসেবে হাজির হন হৃতিক রোশন, যা দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।
শুধু আলিয়া নন, আলফার ট্রেলার নজর কেড়েছেন ববি দেওল ও অনিল কাপুরও। ‘অ্যানিমেল’ এর পর আবারও ভয়ংকর এক চরিত্রে দেখা গেছে ববিকে। তার উপস্থিতি ট্রেলারে বাড়তি উত্তেজনা যোগ করেছে। অন্যদিকে অনিল কাপুরকে দেখা গেছে গম্ভীর ও ব্যক্তিত্বসম্পন্ন এক চরিত্রে। তাদের অভিনয়ের ঝলক সিনেমার প্রতি প্রত্যাশা আরও বাড়িয়েছে।

সাম্প্রতিক বলিউড সিনেমাগুলোতে ক্যামিও এখন প্রায় নিয়মে পরিণত হয়েছে। দর্শকরা ধারণা করেছিলেন, ‘আলফা’তে হয়তো শাহরুখ খান বা সালমান খানের দেখা মিলবে। তবে সেই প্রত্যাশা ভেঙে চমক দিয়েছেন হৃতিক রোশন। পাশাপাশি আলিয়ার সঙ্গী চরিত্রে শর্বরী ওয়াঘও নিজের উপস্থিতি জানান দিয়েছেন শক্তভাবে।
বাণিজ্যিক সিনেমার ট্রেলারে সাধারণত কেন্দ্রীয় চরিত্রই বেশি গুরুত্ব পায়। তবে ‘আলফা’ সেই ধারা থেকে কিছুটা ব্যতিক্রম। এখানে অন্যান্য চরিত্রকেও যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। ইয়াশ রাজ ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটি আগামী ৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।