ইউটিউবে অভিনেতা নিলয় আলমগীর এর ডাবল সেঞ্চুরি
বাংলাদেশের নাট্যাঙ্গনের জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর নিজের ক্যারিয়ারে যুক্ত করলেন নতুন এক মাইলফলক। ইউটিউবে তার অভিনীত ২০০টি নাটক এক কোটির বেশি ভিউ অতিক্রম করেছে। দেশের নাট্যজগতে এ ধরনের অর্জন এখন পর্যন্ত অন্য কোনো অভিনয়শিল্পীর ঝুলিতে নেই বলে জানা গেছে।
গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন নিলয়। খবরটি প্রকাশের পর অভিনন্দন ও শুভেচ্ছায় ভরে যায় তার ফেসবুক পেজ এবং ভক্তদের বিভিন্ন গ্রুপ। অনেকেই এটিকে বাংলা নাটকের ইতিহাসে একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে দেখছেন।
নিলয়ের এক ভক্ত আমির উদ্দিন ফেসবুকে মন্তব্য করেন, “নিলয় ভাই অভিনন্দন। আপনার ২০০টি নাটক ১০ মিলিয়ন ভিউ অতিক্রম করা সত্যিই অসাধারণ অর্জন। এটি আপনার পরিশ্রম, নিষ্ঠা এবং দর্শকদের ভালোবাসারই প্রতিফলন। সামনে আরও অনেক সাফল্য আসুক।”

এই অর্জনের কৃতিত্ব নিজের একার নয় বলে জানিয়েছেন নিলয় আলমগীর। তিনি মনে করেন, একটি সফল নাটকের পেছনে অসংখ্য মানুষের পরিশ্রম ও অবদান থাকে। ফেসবুক পোস্টে তিনি পরিচালক, চিত্রনাট্যকার, চিত্রগ্রাহক, প্রযোজক, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান, টেলিভিশন চ্যানেল, সহশিল্পী এবং ক্যামেরার পেছনে কাজ করা সকল সহকর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নিলয় লেখেন, “পর্দার আড়ালে নিরলস পরিশ্রম করা এই মানুষগুলোর সম্মিলিত প্রচেষ্টাতেই গল্পগুলো লাখো-কোটি দর্শকের কাছে পৌঁছাতে পেরেছে। এই সাফল্য সবার।”
তবে সব কৃতিত্বের ঊর্ধ্বে তিনি দর্শকদের অবদানের কথাই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। তার ভাষায়, “দর্শকেরা নিয়মিত আমার নাটকের প্রতি আস্থা রেখেছেন। তাদের ভালোবাসা, সমর্থন, মন্তব্য, শেয়ার এবং ভিউয়ের কারণেই এই অর্জন সম্ভব হয়েছে।”
ইউটিউব দর্শকদের পছন্দের শীর্ষে নিলয় আলমগীর
গত কয়েক বছর ধরে ইউটিউবভিত্তিক নাটকের অন্যতম জনপ্রিয় মুখ নিলয় আলমগীর। রোমান্টিক, পারিবারিক, সামাজিক এবং কমেডিনির্ভর নাটকে তার অভিনয় দর্শকদের মধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা তৈরি করেছে। শুধু অভিনয়েই সীমাবদ্ধ নন তিনি; নাটক প্রযোজনার সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

নিলয় নিজেই পরিচালনা করছেন নিজের ইউটিউব চ্যানেল ‘এনএএফ’। তার অভিনীত অধিকাংশ জনপ্রিয় নাটক এই চ্যানেল থেকেই প্রকাশিত হয়। বর্তমানে চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ৪২ লাখ, যা বাংলাদেশের নাটকভিত্তিক ইউটিউব চ্যানেলগুলোর মধ্যে অন্যতম বড়।
ইউটিউব ভিউয়ের হিসাবেও নিলয়ের আধিপত্য স্পষ্ট। বাংলাদেশের সবচেয়ে বেশি ভিউ পাওয়া শীর্ষ ১০ নাটকের মধ্যে ৬টিতেই অভিনয় করেছেন তিনি। তালিকার শীর্ষে রয়েছে ‘শ্বশুর বাড়িতে ঈদ’। দ্বিতীয় স্থানেও রয়েছে তার অভিনীত ‘মামার বাড়ি’। এছাড়া ‘সংসার আমার ভাল্লাগে না’, ‘গরিবের বড়লোক বউ’, ‘চাচা ভাতিজা জিন্দাবাদ’ এবং ‘একটুখানি ভুল’ নাটকগুলোও শীর্ষ তালিকায় জায়গা করে নিয়েছে।
বাংলা নাটকের ডিজিটাল যুগে দর্শকদের রুচি ও চাহিদার সঙ্গে তাল মিলিয়ে কাজ করে চলেছেন নিলয় আলমগীর। তার এই নতুন অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং বাংলাদেশের অনলাইন নাটক শিল্পের ক্রমবর্ধমান জনপ্রিয়তারও একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। কোটি ভিউয়ের ডাবল সেঞ্চুরি করে তিনি যে নতুন এক রেকর্ড গড়েছেন, তা নিঃসন্দেহে দেশের নাট্যাঙ্গনের জন্যও গর্বের বিষয়।


