সিনেমা ‘লাইফলাইন’
গেল ঈদে মুক্তি পেয়েছে বিদ্যা সিনহা মিম ও আরেফীন শুভ অভিনীত সিনেমা ‘মালিক’। বক্স অফিসে ‘বনলতা সেন’ ও ‘রইদ’ সিনেমার পরেই মালিকের অবস্থান। তবে এই সিনেমার রেশ কাটতে না কাটতেই অভিনেত্রী বিদ্যা সিনহা মিম নিয়ে আসছেন সিনেমা ‘লাইফলাইন’। কাজী আসাদ পরিচালিত এই মৌলিক চলচ্চিত্রটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে বলে জানা গেছে।
ওটিটি প্ল্যাটফর্ম চরকি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিটির প্রথম প্রচারমূলক পোস্টার উন্মোচন করে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পটির ঘোষণা দিয়েছে।

চলচ্চিত্রটির মূলভাবের ইঙ্গিত দিয়ে ক্যাপশনে লেখা হয়েছে: “লাইফের এই জার্নিতে সময় যখন এক বিশাল প্রতিপক্ষ।” সিনেমাটি কবে মুক্তি পাবে তা নিয়ে ওই ফেসবুক পোস্টটিতে বলা হয়েছে, ‘চরকি অরিজিনাল ফিল্ম ‘লাইফলাইন’ আসছে শীঘ্রই।‘
এই ঘোষণাটি দর্শকদের মধ্যে বেশ উদ্দীপনা তৈরি করেছে। বিশেষ করে মিম ভক্তদের জন্য এটি একটি বিশেষ ঘোষণা। স্ট্রিমিং প্ল্যাটফর্মে মিমকে নতুন ভূমিকায় দেখার অপেক্ষায় সকলে।
পোস্টারের অর্থ

চরকিতে যেই পোস্টার টি ভাগ করা হয়েছে তাতে দেখা যায় বিদ্যা সিনহা মিম হতভম্ব হয়ে মাথায় হাত দিয়ে রেখেছেন। তবে পোস্টারটিতে চমৎকার এক স্থানে মিমকে বসিয়ে রাখা হয়েছে। মিম বসে আছেন বালিঘড়ির ভিতরে। ঠিক ক্যাপশনে যেমন লেখা আছে লাইফের এই জার্নিতে সময় যখন এক বিশাল প্রতিপক্ষ, তেমন করেই সময়ের বেড়াজালে আটকে গেছেন মিম, এমনটাই বোঝানো হয়েছে।
তবে পোস্টারের এই সাংকেতিক অর্থের বাহিরে সিনেমাটি আসলে কি নিয়ে নির্মিত তা এখনো প্রকাশ করেনি চলচ্চিত্রসংশ্লিষ্টরা ও ওটিটি প্লাটফর্ম চরকি। এমনকি প্রকাশ করা হয়নি মিমের বিপরীতে আর কারা থাকছেন এই সিনেমায়।
শুভ ও মিম জুটি
২০১৯ সালে গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘সাপলুডু’ সিনেমায় জুটি বেঁধেছিলেন বিদ্যা সিনহা মিম ও আরেফিন শুভ। এরপর দীর্ঘ সাত বছরের বিরতি দিয়ে গেল ঈদুল আযহায় মুক্তি পেয়েছে এই জুটির সিনেমা মালিক। এরইমধ্যে আবার মিম নিয়ে আসছেন নতুন সিনেমা, ফলে গুঞ্জন উঠছে এই সিনেমায়ও কি আরেফিন শুভকে দেখা যেতে পারে হয়তো মিমের সাথে।
দীর্ঘসময় বিরতির পর এখন একে একে আবারো পর্দায় উপস্থিতি বাড়ছে বিদ্যার। মাঝে স্বামী ও পরিবার নিয়ে বিদেশের বহু দেশে ঘুরে বেড়িয়েছেন বিদ্যা। সামাজিক মাধ্যমে দিয়েছেন ঘুরাঘুরির অসংখ্য ছবি সময়ে সময়ে। সেই দীর্ঘ বিদেশ ভ্রমণ শেষে অবশেষে মিমকে দেখা যাচ্ছে পর্দায়। তাঁর এই প্রত্যাবর্তনে তাই খুশী তাঁর ভক্ত ও অনুরাগীরা।


