রণবীরকে কঙ্গনা রনৌতের সমর্থন
বলিউডের আলোচিত ফ্র্যাঞ্চাইজি ‘ডন-৩’ এর অভিনেতা রণবীর সিংকে ঘিরে বিতর্কের মধ্যেই রণবীর সিং ইস্যুতে কঙ্গনা রনৌত তার পাশে দাঁড়িয়েছেন। রণবীরকে ঘিরে চলমান বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, “আমাকেও বহুবার নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু তাতে কিছুই হয়নি। যখন আপনার অবস্থান ও গুরুত্ব বাড়ে, তখন শত্রুও বাড়ে। এটা স্বাভাবিক।” নিজের আসন্ন ছবি ‘ভারত ভাগ্য বিধাতা’ এর ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে কঙ্গনা বলেন, সাফল্য ও পরিচিতি যত বাড়ে, সমালোচক ও বিরোধীর সংখ্যাও তত বৃদ্ধি পায়।

সম্প্রতি ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (এফডাব্লিউআইসিই) রণবীরের বিরুদ্ধে ‘নন-কোঅপারেশন’ নির্দেশনা জারি করলে এ প্রতিক্রিয়া জানান কঙ্গনা।

তিনি আরও বলেন, জীবনে এগিয়ে গেলে নানা বাধা আসবেই, তবে সেসব নিয়ে হতাশ হওয়ার প্রয়োজন নেই। তার ভাষায়, “সবসময় পথ মসৃণ হবে না, কিন্তু শেষ পর্যন্ত সবকিছু ঠিক হয়ে যায়।”
সম্প্রতি এফডাব্লিউআইসিই রণবীর সিংয়ের বিরুদ্ধে ‘নন-কোঅপারেশন’ নির্দেশনা জারি করে। অভিযোগ করা হয়, তিনি শেষ মুহূর্তে ‘ডন-৩’ থেকে সরে দাঁড়িয়েছেন, যার ফলে ছবির নির্মাণকাজে জটিলতা তৈরি হয়েছে।
এফডাব্লিউআইসিই এর প্রধান উপদেষ্টা অশোক পণ্ডিত জানান, পরিচালক-প্রযোজক ফারহান আখতার সংগঠনের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন। অভিযোগ অনুযায়ী, শুটিং শুরুর মাত্র তিন সপ্তাহ আগে প্রকল্প থেকে সরে যান রণবীর, যা পুরো ইউনিটের পরিকল্পনায় প্রভাব ফেলে।
তবে পরে অশোক পণ্ডিত স্পষ্ট করেন, এটি কোনো নিষেধাজ্ঞা নয়। বরং বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত সংগঠনের সদস্যদের রণবীরের সঙ্গে কাজ না করার আহ্বান জানানো হয়েছে।
এদিকে কঙ্গনা বর্তমানে তার নতুন ছবি ‘ভারত ভাগ্য বিধাতা’ এর প্রচারণা নিয়ে ব্যস্ত। ২০০৮ সালের মুম্বাই সন্ত্রাসী হামলার সময় হাসপাতালকর্মীদের সাহসিকতা ও মানবিকতার গল্প নিয়ে নির্মিত ছবিটি আগামী ১২ জুন মুক্তি পাওয়ার কথা।


