নাটক-সিনেমায় আপত্তিকর দৃশ্য নিয়ন্ত্রণের আহ্বান
দেশের চলচ্চিত্র ও নাটকে মাদক, অতিরিক্ত সহিংসতা এবং নারীদের অবমাননাকর উপস্থাপনা বন্ধের আহ্বান জানিয়েছেন জনপ্রিয় গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ। চলচ্চিত্র কেন অতিরিক্ত মাদক-সহিংসতা? কেন নেতিবাচক বিষয় বারবার বিনোদনের নামে দর্শকদের সামনে তুলে ধরা হচ্ছে? সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রিন্স মাহমুদ এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।

ফেসবুক পোস্টে প্রিন্স মাহমুদের প্রশ্ন
মঙ্গলবার নিজের ফেসবুক পোস্টে বিষয়টি নিয়ে সরব হন প্রিন্স মাহমুদ। তিনি লিখেছেন, দেশের চলচ্চিত্র এবং নাটকে মাদক, অতিরিক্ত সহিংসতা এবং নারীদের অবমাননামূলক প্রবণতা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে এ ধরনের আপত্তিকর কনটেন্ট প্রচার যত দ্রুত সম্ভব বন্ধ করা হোক। শিশু রামিসার বিচারের দাবি করবেন আবার বিনোদন মাধ্যমে ক্ষতিকর উপাদানগুলো দিয়ে সমাজে বিকৃত মানসিকতা তৈরি করবেন, অপরাধকে গ্ল্যামারাইজ করবেন এ কেমন দ্বিচারিতা?

মাদক-সহিংসতা নিয়ে সরব প্রিন্স মাহমুদ
ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরেও নিজের অবস্থান স্পষ্ট করেন প্রিন্স মাহমুদ। তিনি বলেন, দেশের চলচ্চিত্র ও নাটকে মাদক, অতিরিক্ত সহিংসতা এবং নারীদের অবমাননা রোধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা জরুরি। বিদ্যমান আইন ও নীতিমালার আলোকে এ ধরনের আপত্তিকর কনটেন্ট নিয়ন্ত্রণ সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

গণমাধ্যম ও প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে প্রশ্ন
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই গীতিকবি বলেন, সমাজের বিভিন্ন প্রতিষ্ঠান এবং কিছু গণমাধ্যম একদিকে মাদক ও সহিংসতাবিরোধী প্রচারণা চালায়, অন্যদিকে একই ধরনের কনটেন্টে বিনিয়োগ করে বা প্রচারে ভূমিকা রাখে। নিজের বেলায় এক আইন আর অন্যের বেলায় আরেক আইন হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
সিনেমার প্রচারণা নিয়ে আক্ষেপ
সাম্প্রতিক কিছু সিনেমার প্রচারণা নিয়েও হতাশা প্রকাশ করেন প্রিন্স মাহমুদ। তিনি বলেন, কিছু ক্ষেত্রে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের দিয়ে এসব কনটেন্টের প্রশংসা করানো হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। এ ধরনের কর্মকাণ্ডের জন্য সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান তিনি।

নতুন গান নিয়েও ব্যস্ত প্রিন্স মাহমুদ
সমালোচনার পাশাপাশি নিজের সংগীতচর্চাও চালিয়ে যাচ্ছেন প্রিন্স মাহমুদ। চলতি বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য তার নাম ঘোষণা করা হয়েছে। তার সুরে ‘মনে রাখিস’ শিরোনামের নতুন গান প্রস্তুত হয়েছে। নির্মাণাধীন ‘ডোডোর গল্প’ সিনেমায় গানটি ব্যবহার করা হবে। এতে কণ্ঠ দিয়েছেন আভাস ব্যান্ডের ভোকাল তানজির তুহিন। সংগীতের পাশাপাশি সামাজিক বিভিন্ন বিষয়েও নিজের মতামত তুলে ধরছেন এই গুণী শিল্পী।