ঘুষখোর পণ্ডিত
জনপ্রিয় ভারতীয় অভিনেতা মনোজ বাজপেয়ী নতুন সিনেমা ‘ঘুষখোর পণ্ডিত’–এর নাম ঘিরে সৃষ্ট বিতর্কে হুমকি ও তীব্র সমালোচনার মুখে পড়েছেন। সিনেমাটির নাম ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়, এমনকি এ নিয়ে ভারতের লখনউয়ে নির্মাতাদের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়।
দীর্ঘ নীরবতার পর সম্প্রতি এক সাক্ষাৎকারে মনোজ বাজপেয়ী জানান, একটি সিনেমার নাম নিয়ে এত বড় বিতর্ক তৈরি হবে, তা তিনি কল্পনাও করেননি। তিনি বলেন, এই ঘটনার পর তাকে সামাজিক মাধ্যমে ট্রল, গালিগালাজ ও নানা ধরনের হুমকির সম্মুখীন হতে হয়েছে। এমনকি তার পরিবারকেও বিতর্কে জড়িয়ে আক্রমণ করা হয়েছে, যা তাকে ব্যথিত করেছে।
অভিনেতার মতে, পুরো বিষয়টি না বুঝেই অনেক মানুষ প্রতিক্রিয়া দেখিয়েছেন। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে মানুষ ক্রমেই অধৈর্য হয়ে উঠছে এবং তথ্য যাচাই না করেই মতামত দিচ্ছে। যারা ইচ্ছাকৃতভাবে বিতর্ক উসকে দিতে চায়, তাদের সঙ্গে তর্কে জড়ানোর কোনো অর্থ নেই বলেও মন্তব্য করেন তিনি।
মূল আপত্তির কারণ ছিল সিনেমার নামের ‘পণ্ডিত’ শব্দটি। অভিযোগ ওঠে, দুর্নীতির সঙ্গে শব্দটি যুক্ত করে একটি বিশেষ সম্প্রদায়কে অবমাননা করা হয়েছে, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এবং সামাজিক সম্প্রীতি নষ্টের আশঙ্কা তৈরি করতে পারে।
তবে বিতর্ক শুরুর মাত্র দুই দিনের মধ্যেই নির্মাতারা ক্ষমা চেয়ে ছবিটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেন। এ বিষয়ে মনোজ বাজপেয়ী বলেন, সৃজনশীল মানুষের জন্য নাম পরিবর্তন কোনো বড় বিষয় নয়। প্রয়োজন হলে আরও অনেক আকর্ষণীয় নাম খুঁজে বের করা সম্ভব।
‘ফ্যামিলি ম্যান’ ও ‘গ্যাংস অব ওয়াসিপুর’–এর মতো জনপ্রিয় কাজের মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়া মনোজ বাজপেয়ীর নতুন সিনেমাকে ঘিরে এই বিতর্ক এখন বলিউডে আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে।