পপসংগীত তারকা
আন্তর্জাতিক পপসংগীত তারকা দুয়া লিপা ও ফ্যান্টাস্টিক বিস্টস খ্যাত অভিনেতা ক্যালাম টার্নার বিয়ে করেছেন। রোববার লন্ডনে ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই তারকা জুটি।
খবরে বলা হয়েছে, এখনো জাঁকজমকপূর্ণ কোনো অনুষ্ঠান না হলেও স্বল্পসংখ্যক পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে লন্ডনের ওল্ড ম্যারিলিবোন টাউন হল থেকে নবদম্পতিকে বের হতে দেখা যায়।
ব্রিটিশ সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ৩০ বছর বয়সী দুয়া লিপা বিয়েতে ফরাসি ফ্যাশন হাউস স্কিয়াপারেল্লির নকশা করা সাদা পোশাক পরেছিলেন। এর সঙ্গে তিনি পরেছিলেন সাদা গ্লাভস, ক্রিশ্চিয়ান লুবুতাঁর জুতা এবং বড় আকৃতির সাদা টুপি। অন্যদিকে ক্যালাম টার্নার পরেছিলেন নেভি ব্লু স্যুট ও টাই।।
ব্রিটিশ ট্যাবলয়েডের তথ্য অনুযায়ী, আগামী সপ্তাহের শেষ দিকে ইতালির সিসিলিতে তিন দিনের একটি জাঁকজমকপূর্ণ উদযাপনের আয়োজন করতে পারেন নবদম্পতি। তবে এ বিষয়ে দুয়া ও ক্যালামের প্রতিনিধিরা আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি।
দুয়া লিপা ও ক্যালাম টার্নারের প্রেমের গুঞ্জন প্রথম শোনা যায় ২০২৪ সালের জানুয়ারিতে। লন্ডনে একটি আফটার পার্টিতে একসঙ্গে দেখা যাওয়ার পর তাদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। পরে একই বছরের জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন তারা।
২০২৫ সালের জুনে ব্রিটিশ ভোগ ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে দুয়া লিপা তাদের বাগদানের বিষয়টি নিশ্চিত করেন। সে সময় তিনি জানিয়েছিলেন, বিশ্ব সফর শেষ করার পর বিয়ের পরিকল্পনা রয়েছে তাদের। সাক্ষাৎকারে বিয়ে নিয়ে নিজের অনুভূতির কথাও জানিয়েছিলেন এই গায়িকা। দুয়া বলেন, একসঙ্গে বার্ধক্যে পৌঁছানোর সিদ্ধান্ত, একটি জীবন ভাগ করে নেওয়া এবং আজীবন সবচেয়ে ভালো বন্ধু হয়ে থাকার অনুভূতি সত্যিই বিশেষ।
কসোভো-আলবেনীয় বংশোদ্ভূত দুয়া লিপা ২০১৬ সালে প্রকাশিত গান ‘বি দ্য ওয়ান’-এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি পান। এরপর একাধিক সফল অ্যালবাম ও হিট গানের সুবাদে তিনি বিশ্বের অন্যতম জনপ্রিয় পপ তারকায় পরিণত হন।
অন্যদিকে ক্যালাম টার্নার ফ্যান্টাস্টিক বিস্টস চলচ্চিত্র সিরিজে থেসিয়াস স্ক্যামান্ডার -এর চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেন। এই সিরিজটি যুক্তরাজ্যের লেখক জে কে রাউলিং-এর হ্যারি পটার সিরিজের প্রিকুয়েল হিসেবে নির্মিত। এছাড়া ভবিষ্যতের জেমস বন্ড চরিত্রে অভিনয়ের সম্ভাব্য প্রার্থীদের তালিকাতেও ক্যালাম টার্নারের নাম আলোচনায় রয়েছে।