৭৯তম কান চলচ্চিত্র উৎসব
এবারের কান চলচ্চিত্র উৎসবে দর্শকদের আবেগে ভাসাল ক্রিস্টিয়ান মুঙ্গিউ এর নতুন সিনেমা ফিওর্ড। সিনেমাটির প্রিমিয়ার প্রদর্শনী শেষ হলে টানা ১০ মিনিট দাঁড়িয়ে করতালি দেন উপস্থিত দর্শকেরা। সেই আবেগঘন মুহূর্তে চোখের জল ধরে রাখতে পারেননি ছবির দুই অভিনয়শিল্পী সেবাস্টিয়ান স্ট্যান ও রেনাতে রেইনসভে। আবেগে ফিওর্ড তারকারা কেঁদেই ফেলেন।
গত সোমবার রাতে কান উৎসবের গ্র্যান্ড প্যালেসে প্রদর্শিত হয় হৃদয়স্পর্শী এই পারিবারিক নাটক। বরাবরের মতোই মানবিক সংকট ও সামাজিক বাস্তবতাকে কেন্দ্র করে গল্প নির্মাণ করেছেন মুঙ্গিউ।

ত্রিমুখী সংঘাতের গল্প
সিনেমাটির কাহিনি এক রোমানিয়ান পরিবারকে ঘিরে, যারা কঠোর ধর্মীয় বিশ্বাস নিয়ে নরওয়ের একটি ছোট্ট গ্রামে নতুন জীবন শুরু করতে যায়। শুরুতে সবকিছু স্বাভাবিক থাকলেও ধীরে ধীরে স্থানীয় সমাজ ও প্রশাসনের সঙ্গে তাদের দূরত্ব বাড়তে থাকে।
পরিস্থিতি জটিল হয়ে ওঠে যখন পরিবারটির বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ আনা হয়। এরপর রাষ্ট্রীয় হেফাজতে নেওয়া হয় তাদের সন্তানদের। অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন থাকলেও পুরো ঘটনা পরিবারটিকে গভীর সংকটের মুখে ঠেলে দেয়। বিশেষ করে সন্তানদের পরিবার থেকে আলাদা করে নেওয়ার দৃশ্যগুলো দর্শকদের মধ্যে তীব্র আবেগ তৈরি করে।

কাঁদলেন সেবাস্টিয়ান ও রেনাতে
প্রদর্শনী শেষে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে অভিবাদন জানান দর্শকেরা। তখন আবেগে ভেঙে পড়েন সেবাস্টিয়ান স্ট্যান ও রেনাতে রেইনসভে। দুজনের চোখেই দেখা যায় অশ্রু।
দর্শকদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে ক্রিস্টিয়ান মুঙ্গিউ বলেন, “আপনারা আমার ছবির ওপর বিশ্বাস রেখেছেন, এজন্য আমি কৃতজ্ঞ।” তিনি ফরাসি ও ইংরেজি দুই ভাষাতেই কথা বলেন। তাঁর মতে, একটি সিনেমার দীর্ঘস্থায়ী প্রভাব বোঝার অন্যতম বড় মাপকাঠি হলো কান উৎসবের দর্শক প্রতিক্রিয়া।
ক্রিস্টিয়ান মুঙ্গিউ
ক্রিস্টিয়ান মুঙ্গিউ বহু বছর ধরেই কান উৎসবের পরিচিত নাম। ২০০৭ সালে তাঁর সিনেমা ফোর মান্থস, থ্রি উইকস অ্যান্ড টু ডেজ জিতে নেয় স্বর্ণপাম। পরে বিয়ন্ড দ্য হিলস সিনেমার জন্য পান সেরা চিত্রনাট্যের পুরস্কার এবং গ্র্যাজুয়েশন তাঁকে এনে দেয় সেরা পরিচালকের স্বীকৃতি।
অন্যদিকে সেবাস্টিয়ান স্ট্যান গত বছর কান উৎসবে হাজির হয়েছিলেন দ্য অ্যাপ্রেনটিস সিনেমা নিয়ে। আর রেনাতে রেইনসভে ২০২১ সালে দ্য ওরস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড–এর জন্য জিতেছিলেন সেরা অভিনেত্রীর পুরস্কার।
এদিকে মুক্তির আগেই ফিওর্ড সিনেমার পরিবেশনা স্বত্ব কিনে নিয়েছে পরযোজনা সংস্থা নিয়ন। সাম্প্রতিক বছরগুলোতে কান উৎসবে স্বর্ণপামজয়ী একাধিক ছবির সঙ্গে প্রতিষ্ঠানটির নাম ঘনিষ্ঠভাবে জড়িয়ে রয়েছে।


