ক্যানসারে আক্রান্ত নাট্যকার ও পরিচালক মাতিয়া বানু শুকুর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় আজ শনিবার সকালে তাঁকে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালের কেবিন থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। জ্ঞান থাকলেও তাঁর অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।
ঘনিষ্ঠজন এরশাদুল হক টিংকু জানিয়েছেন, শনিবার সকাল সাতটার দিকেও তিনি হাসপাতালের কেবিনে ছিলেন। পরে অক্সিজেন স্যাচুরেশন অনেক কমে যাওয়ায় তাঁকে আইসিইউতে নিতে হয়েছে। শরীরে ক্যানসার ছড়িয়ে পড়ায় বর্তমানে তাঁকে প্রতি মিনিটে ১৫ থেকে ২০ লিটার পর্যন্ত অক্সিজেন দিতে হচ্ছে। সিভি লাইন স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে, তবে লাইফ সাপোর্টে নেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

মাতিয়া বানু শুকুর চিকিৎসা নিয়ে পরিবারের উদ্বেগ
শুকুর স্বামী নির্মাতা নূরুল আলম আতিকের কাছ থেকে জানা গেছে, চিকিৎসার পরবর্তী পদক্ষেপ নিয়ে চিকিৎসকদের সঙ্গে আলোচনা চলছে। কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসার খরচ অনেক বেশি হওয়ায় শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে তাঁকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, কমিউনিটি হাসপাতাল অথবা ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের বিষয়টি ভাবছে পরিবার।
এক বছরের বেশি সময় আগে মাতিয়া বানু শুকুর শরীরে ক্যানসার ধরা পড়ে। এরপর চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে গিয়ে কেমোথেরাপি নিয়েছেন তিনি, চলতি বছরও চিকিৎসার প্রয়োজনে তাঁকে চেন্নাই যেতে হয়েছিল। গত এপ্রিলে তাঁর অসুস্থতার খবর গণমাধ্যমে প্রকাশ পায়। এর আগে তাঁর চিকিৎসার জন্য সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সরকারের সহযোগিতা চেয়েছিল পরিবার। শুভাকাঙ্ক্ষীদের কাছে স্ত্রীর জন্য দোয়া চেয়েছেন নূরুল আলম আতিক।
ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা মাতিয়া বানু শুকু দুই দশকের বেশি সময় ধরে ছোট পর্দা ও চলচ্চিত্রে কাজ করছেন। নাট্যকার ও পরিচালক হিসেবে তাঁর নির্মাণে উঠে এসেছে মধ্যবিত্ত জীবন ও সামাজিক বাস্তবতার নানা দিক। ‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’ ও ‘প্রজ্ঞা পারমিতা’র মতো টেলিফিল্ম ও ধারাবাহিক নাটক রচনা ও পরিচালনা করেছেন তিনি। ২০২১ সালে ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রের জন্য প্রযোজক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।

আইসিইউতে চিকিৎসাধীন এই গুণী নির্মাতার দ্রুত সুস্থতা কামনা করেছেন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। তাঁর সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছে পরিবার।









