দেশের বিভিন্ন জেলার ঐতিহ্যবাহী স্থানে ধারণের ধারাবাহিকতায় এবারের ‘ইত্যাদি’ বসেছে জয়পুরহাটের ঐতিহাসিক নান্দাইল দিঘির কোলে। তিন শতাধিক বছরের পুরনো এই দিঘির পাড়ে নান্দাইল দিঘি কলেজ প্রাঙ্গণে হাজারো দর্শকের উপস্থিতিতে ধারণ করা হয়েছে দর্শকপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠানটির নতুন পর্ব।
দিঘির স্বচ্ছ জলরাশি আর প্রাচীন ঐতিহ্যের আবহে মঞ্চের নান্দনিক আলোকসজ্জা পুরো পরিবেশকে দিয়েছিল এক ভিন্ন রূপ। নিজেদের জেলায় প্রিয় অনুষ্ঠানটি দেখতে পেয়ে পুরো জয়পুরহাটজুড়ে ছিল উৎসবমুখর আবহ। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে দর্শকদের মধ্যে আমন্ত্রণপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানটি কালাই উপজেলায় হলেও জেলার অন্যান্য উপজেলা, এমনকি পার্শ্ববর্তী জেলাগুলো থেকেও হাজারো মানুষ ছুটে আসেন সামনে থেকে ‘ইত্যাদি’ দেখতে।
নান্দাইল দিঘির পাড়ে গান আর নৃত্যের আয়োজন
এবারের পর্বে থাকছে তিনটি ভিন্ন আঙ্গিকের বৈচিত্র্যময় গান। এর একটিতে কণ্ঠ দিয়েছেন জয়পুরহাটেরই কৃতী সন্তান, দেশের খ্যাতনামা সংগীতশিল্পী খুরশীদ আলম। তাঁর শ্রোতাপ্রিয় তিনটি গানের সমন্বয়ে তৈরি করা হয়েছে এই সংকলিত গানটি।

চলমান ‘নজরুল বর্ষ’ উদযাপনের অংশ হিসেবে এবারের পর্বে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অত্যন্ত জনপ্রিয় একটি গান নতুন ও আধুনিক সংগীতায়োজনে পরিবেশন করেছেন প্রখ্যাত নজরুলসংগীত শিল্পী, জয়পুরহাটের কৃতী সন্তান ফাতেমা তুজ জোহরা ও নওগাঁর ইয়াসমিন মুশতারি। দুটি গানেরই সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। জয়পুরহাটের ইতিহাস, ঐতিহ্য ও লোকসংস্কৃতিকে ফুটি তুলতে পরিবেশন করা হয়েছে একটি মনোমুগ্ধকর জেলা পরিচিতিমূলক নৃত্যগীত। মনিরুজ্জামান পলাশের কথায় দ্বৈতকণ্ঠে গানটি গেয়েছেন শিল্পী রাশেদ ও স্বীকৃতি, সুর ও সংগীতায়োজন উজ্জ্বল সিনহার। এস কে জাহিদের পরিচালনায় নাচে অংশ নিয়েছেন স্থানীয় নৃত্যশিল্পীরা।

দর্শকপর্বের নিয়ম অনুযায়ী জয়পুরহাটকে ঘিরে করা প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থিত দর্শকদের মধ্য থেকে চারজন দর্শক নির্বাচন করা হয়। দ্বিতীয় পর্বে নির্বাচিত দর্শকরা জয়পুরহাটের অন্যতম প্রধান ব্র্যান্ডিং পণ্য সুস্বাদু ‘লতিরাজ কচু’ এবং ‘সোনালি মুরগি’ নিয়ে রচিত একটি নাট্যাংশে স্থানীয় ভাষায় অভিনয় করেন।
বরাবরের মতো এই পর্বেও থাকছে সমাজসচেতনতামূলক, তথ্যবহুল ও হৃদয়স্পর্শী কিছু প্রতিবেদন। জয়পুরহাটের সমৃদ্ধ কৃষি, দেশের পোল্ট্রি শিল্পের অগ্রযাত্রা আর জেলার ইতিহাস, ঐতিহ্য ও দর্শনীয় স্থান নিয়ে তৈরি হয়েছে একটি তথ্যভিত্তিক বিশেষ প্রতিবেদন। রয়েছে জয়পুরহাটের বাকপ্রতিবন্ধী তিন ভাইকে নিয়ে অনুপ্রেরণামূলক প্রতিবেদন, যাঁরা শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে নিজেদের নীরবতাকেই শক্তিতে পরিণত করেছেন। থাকছে সদর উপজেলার দোগাছী ইউনিয়নের শিল্পী প্রসেনজিৎ বর্মনের ওপর বিশেষ প্রতিবেদন, যিনি মাটির ক্যানভাসে ছাই দিয়ে অবিশ্বাস্য সব প্রতিকৃতি ফুটি তোলেন।
অনুষ্ঠানের শেষদিকে রয়েছে যশোরের কেশবপুর উপজেলার মানবসেবায় নিবেদিতপ্রাণ লেয়াকত আলীর ওপর একটি মানবিক প্রতিবেদন। পেশায় সাধারণ ক্ষুদ্র কৃষক ও মুদি ব্যবসায়ী হলেও তিনি দীর্ঘদিন ধরে নীরবে গ্রামের অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসায় সহায়তা দিয়ে যাচ্ছেন।
থাকছে কাশেম টিভির রিপোর্টার এবং নাতির প্রাণবন্ত আলাপ। নিয়মিত আয়োজন চিঠিপত্র পর্ব ছাড়াও রয়েছে সামাজিক অসংগতি ও সমসাময়িক প্রসঙ্গনির্ভর বেশ কয়েকটি তীক্ষ্ণ নাট্যাংশ। দেয়াল বন্দী নাগরিক জীবন, চর্চা চাতুর্য, সেলফি সংস্কৃতি, অনলাইন প্রতারণা, কনটেন্ট ক্রিয়েটরদের ক্রিয়েটিভিটি, তোষামোদে খোশ আমোদে, ইয়েস স্যার কালচার, চটকদার শিরোনামে চটকহীন খবর, ডিজিটাল ট্রলের ট্রমা, পর্দা সমাচারসহ নাট্যাংশগুলোতে অভিনয় করেছেন সোলায়মান খোকা, মাসুম বাশার, মীর নাসিমুল ইসলাম সেলিম, সুভাশিষ ভৌমিক, আব্দুল আজিজ, মিলি বাশার, বড়দা মিঠু, জিল্লুর রহমান, আবু হেনা রনিসহ আরও অনেকে।
‘ইত্যাদি’র নতুন এই পর্ব প্রচারিত হবে ২৭ নভেম্বর শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে। বরাবরের মতো অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত, নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। এবারের আয়োজনে শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন মুকিমুল আনোয়ার মুকিম, পরিচালকের সহকারী হিসেবে ছিলেন রানা সরকার ও মোহাম্মদ মামুন।









