বলিউড তারকা সালমান খানের জন্মদিন ঘিরে ভক্তদের জন্য বিশেষ উপহারের পরিকল্পনা করছেন নির্মাতারা। আগামী ২৭ ডিসেম্বর ৬১ বছরে পা দেবেন এই অভিনেতা। আর জন্মদিনের দিনই মুক্তি পেতে পারে তাঁর নতুন সিনেমা ‘মনস্টার’ এর প্রথম টিজার। এ উপলক্ষে সিনেমাটির শুটিংয়ের কাজও দ্রুত এগিয়ে নিচ্ছেন নির্মাতারা।
সালমান খানকে নিয়ে নির্মিত এই অ্যাকশনধর্মী সিনেমার পরিচালনায় রয়েছেন দক্ষিণী নির্মাতা ভামশি পইডিপল্লি। সম্প্রতি সিনেমার নতুন শুটিং সূচিতে অংশ নিতে পুনেতে পৌঁছেছেন সালমান। ১৫ নভেম্বর থেকে শুরু হওয়া এই সূচিতে টানা ১০ দিন শুটিং করার পরিকল্পনা রয়েছে। সেখানে সালমানের পাশাপাশি অভিনয় করছেন সীমা বিশ্বাস। সিনেমার গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন কিছু নাটকীয় দৃশ্যের শুটিং হচ্ছে এই পর্বে।

জন্মদিনে টিজার প্রকাশের পরিকল্পনার খবর পাওয়া গেলেও নির্মাতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে সিনেমাটির প্রথম ঝলক প্রকাশের জন্য ২৭ ডিসেম্বরকে সম্ভাব্য তারিখ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
‘মনস্টার’ সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো জুটি বাঁধছেন সালমান খান ও দক্ষিণী অভিনেত্রী নয়নতারা। এর আগে শাহরুখ খানের বিপরীতে ‘জওয়ান’ সিনেমায় অভিনয় করে হিন্দি দর্শকের কাছে পরিচিতি পান নয়নতারা। এবার সালমানের সঙ্গে তাঁর পর্দার রসায়ন দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।
সিনেমাটিতে খলচরিত্রে দেখা যাবে অভিনেতা অরবিন্দ স্বামীকে। আরও অভিনয় করছেন জ্যাকি শ্রফ, রণিত রায়, রাহুল দেব ও সীমা বিশ্বাস। নির্মাতা ভামশি পইডিপল্লির পরিচালনায় এটি হতে যাচ্ছে একটি বড় পরিসরের অ্যাকশনধর্মী সিনেমা।
পুনের শুটিং শেষ হওয়ার পরও সিনেমাটির প্রায় ২০ দিনের কাজ বাকি থাকবে বলে জানা গেছে। এরপর শুরু হবে সম্পাদনা ও অন্যান্য কারিগরি কাজ। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সালের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ‘মনস্টার’।
এদিকে সালমানের আরেক সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ মুক্তি পাবে আগামী ৪ ডিসেম্বর। অপূর্ব লাখিয়ার পরিচালনায় নির্মিত এই সিনেমায় সালমানের সঙ্গে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং। ফলে বছরের শেষদিকে নতুন সিনেমার প্রচার এবং জন্মদিনের আয়োজন, দুই দিক থেকেই ব্যস্ত সময় কাটবে বলিউডের ভাইজানের।



