Friday, November 20, 2026

রাসেল ব্র্যান্ডের ভিডিও সরাতে সরকারের অনুরোধ মানেনি গুগল

রামায়ণ- দেবত্বের আড়ালে মানুষ, ক্ষমতা ও নৈতিকতার এক মহাকাব্য

November 16, 2026

মহাভারত – একটি যুদ্ধ, নাকি মানবসভ্যতার সবচেয়ে বড় আয়না?

November 9, 2026

ভারতীয় ছবির ছায়ায় বাংলাদেশি ৪ সিনেমা

November 2, 2026
রজনীকান্ত কেন সুপার স্টার ?

রজনীকান্ত কেন সুপার স্টার ? 

October 26, 2026

অমিতাভ বচ্চন – যে গল্প কখনো বলা হয়নি

October 16, 2026

কারাগারে থাকা ব্রিটিশ কৌতুকাভিনেতা রাসেল ব্র্যান্ডের একটি ইউটিউব ভিডিও সরাতে যুক্তরাজ্য সরকারের অনুরোধ ফিরিয়ে দিয়েছে গুগল। ওই ভিডিওতে ব্র্যান্ডের স্ত্রী লরা তাঁর স্বামীর লেখা একটি বার্তা পড়ে শোনান। সেখানে ব্র্যান্ড দাবি করেন, যেসব অপরাধে তাঁর কারাদণ্ড হয়েছে, সেগুলোর জন্য তিনি দোষী নন। বিবিসির এক প্রতিবেদনে সরকারি সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

ভিডিওটি সরাতে আনুষ্ঠানিকভাবে গুগলের কাছে আবেদন করেছিল ইংল্যান্ড ও ওয়েলসের কারা কর্তৃপক্ষ। যুক্তরাজ্যের বিচার মন্ত্রণালয়ের (এমওজে) এক মুখপাত্র জানান, ভিডিওটি ভুক্তভোগীদের জন্য কষ্টদায়ক হতে পারে বলে সেটি সরানোর অনুরোধ জানানো হয়েছে। তাঁর ভাষায়, এমন কনটেন্ট সরাতে সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানোই ছিল যথাযথ। তবে ভিডিও সরানোর চূড়ান্ত সিদ্ধান্ত প্ল্যাটফর্মের নিজস্ব নীতিমালার ওপর নির্ভর করে। মন্ত্রণালয় অবশ্য মনে করে, ইউটিউবের ভিডিওটি সরিয়ে ফেলা উচিত।

রাসেল ব্র্যান্ডের ভিডিও সরাতে সরকারের অনুরোধ মানেনি গুগল

ধর্ষণের একটি এবং যৌন নিপীড়নের তিনটি অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে সাড়ে ১০ বছরের কারাদণ্ড ভোগ করছেন ব্র্যান্ড।

বিবিসিকে গুগল জানিয়েছে, তারা ভিডিওটি সম্পর্কে অবগত এবং বিষয়টি খতিয়ে দেখছে। প্রতিষ্ঠানটি আরও বলেছে, ২০২৩ সালের সেপ্টেম্বরে ব্র্যান্ডের চ্যানেলকে ইউটিউব পার্টনার প্রোগ্রাম থেকে বাদ দেওয়া হয়। এরপর থেকে ওই চ্যানেল থেকে ইউটিউবে আয় করার সুযোগ নেই।

রোববার নিজেদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি প্রকাশ করেন ব্র্যান্ডের স্ত্রী লরা। সেখানে স্বামীর লেখা বার্তা পড়ে তিনি শোনান, ‘যেসব অপরাধের জন্য আমাকে কারাগারে পাঠানো হয়েছে, সেগুলোর জন্য আমি দোষী নই।’

কারা কর্তৃপক্ষের মতে, ভিডিওটি ব্র্যান্ডের ভুক্তভোগীদের জন্য আপত্তিকর। পাশাপাশি এটি বিপুলসংখ্যক দর্শকের কাছে পৌঁছেছে। এসব কারণ দেখিয়েই ভিডিওটি সরানোর অনুরোধ করা হয়েছিল।

প্রথম দিকে বিবিসিকে জানানো হয়েছিল, ব্র্যান্ডের ইউটিউব অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করার বিষয়ে গুগলের সঙ্গে একজন মন্ত্রীর বৈঠক হয়েছে। পরে বিচার মন্ত্রণালয় জানায়, অনুরোধটি পুরো অ্যাকাউন্ট বন্ধ করার জন্য নয়, নির্দিষ্ট ভিডিও সরানোর বিষয়ে ছিল। এ নিয়ে কোনো মন্ত্রীর সঙ্গে গুগলের বৈঠকও হয়নি। কারা কর্তৃপক্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কাছে কনটেন্ট সরানোর যে প্রচলিত ব্যবস্থা ব্যবহার করে, সেই পথেই অনুরোধটি পাঠানো হয়েছিল।

বিবিসির সরকারি সূত্রের দাবি, গুগল ভিডিওটি সরাতে রাজি হয়নি। প্রতিষ্ঠানটির বক্তব্য ছিল, ভিডিওটি তাদের নীতিমালা ভঙ্গ করেনি।

এদিকে বিবিসি ব্রেকফাস্ট অনুষ্ঠানে যুক্তরাজ্যের আবাসনমন্ত্রী ম্যাথিউ পেনিকুক ভিডিওটিকে ‘জঘন্য’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে গুগলের আলোচনা চলছে।

নারী ও মেয়েদের সুরক্ষাবিষয়ক সাবেক মন্ত্রী জেস ফিলিপস বলেন, ভিডিওটি সরানোর ক্ষমতা সরকারের হাতে নেই। এ ক্ষেত্রে ইউটিউবের সিদ্ধান্তের ওপরই নির্ভর করতে হচ্ছে।

বিবিসি রেডিও ফোরের ‘টুডে’ অনুষ্ঠানে তিনি বলেন, ইউটিউব সঠিক সিদ্ধান্ত নেবে কি না, সেটিই এখন বড় প্রশ্ন। তাঁর মতে, অনলাইন সেফটি অ্যাক্টের আওতায় অফকমের নির্দেশনা নারীদের সুরক্ষায় কতটা কার্যকর, তা নিয়েও আলোচনা হওয়া প্রয়োজন।

যুক্তরাজ্যের যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা অফকমের এক মুখপাত্র জানান, বর্তমান নির্দেশনা অনলাইন প্ল্যাটফর্মগুলোকে আইনি বাধ্যবাধকতার বাইরেও দায়িত্বশীল ভূমিকা নিতে উৎসাহিত করে। তবে এগুলো বাধ্যতামূলক না রেখে স্বেচ্ছামূলক করার সিদ্ধান্ত নিয়েছে পার্লামেন্ট। আইন পরিবর্তন করে এসব নির্দেশনা বাধ্যতামূলক করতে হলে সরকার ও পার্লামেন্টকেই উদ্যোগ নিতে হবে।

ব্র্যান্ডকে ‘চরম আত্মকেন্দ্রিক’ ব্যক্তি বলে মন্তব্য করেন ফিলিপস। তাঁর ধারণা, বর্তমান আইনের সীমাবদ্ধতা দূর করতে সরকার নতুন আরেকটি অনলাইন সেফটি আইন আনার বিষয়টি বিবেচনা করতে পারে।

তিনি বলেন, ‘আগে এমন পরিস্থিতি ছিল না, যেখানে কোনো বন্দির ইউটিউবে বিপুলসংখ্যক অনুসারী রয়েছে। এটি সম্পূর্ণ নতুন এক সময়।’

কারাবিধি ভাঙার অভিযোগে তদন্ত

ব্র্যান্ডের বার্তা প্রকাশের পর তিনি কারাগারের নিয়ম ভেঙেছেন কি না, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

এর আগে ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে তাঁর বার্তাটিকে ‘স্পষ্টতই ভয়াবহ’ বলা হয়। সরকারের বক্তব্য, বন্দিরা এমন কোনো বিবৃতি দিতে পারেন না, যা তাঁদের অপরাধের ভুক্তভোগীদের মানসিক কষ্টের কারণ হয়। বিশেষ পরিস্থিতি ছাড়া গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতিও তাঁদের নেই।

যুক্তরাজ্যের বিচারমন্ত্রী অ্যালেক্স নরিস জানান, বিষয়টি জরুরি ভিত্তিতে তদন্ত করা হচ্ছে। ব্র্যান্ড কারাবিধি ভেঙেছেন বলে প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।

কারাগারে বন্দিদের ফোনালাপ নিয়মিত রেকর্ড করা হয়। তবে সব কথোপকথন কারা কর্তৃপক্ষ শুনে থাকে না। ব্র্যান্ডের বিরুদ্ধে নিয়ম ভাঙার প্রমাণ মিললে সাময়িকভাবে তাঁর ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। এমনকি তাঁর ফোনালাপ সরাসরি পর্যবেক্ষণের ব্যবস্থাও করা হতে পারে।

এর আগে ২০২২ সালে কুখ্যাত বন্দি চার্লস ব্রনসনের ফোন ব্যবহারে বিধিনিষেধ আরোপের খবর প্রকাশিত হয়েছিল। প্যারোলের আবেদন নিয়ে অনুমতি ছাড়া স্কাই নিউজকে একটি অডিও বার্তা পাঠানোর পর তাঁর ফোন ব্যবহারে ওই বিধিনিষেধ দেওয়া হয় বলে জানা যায়।

রাসেল ব্র্যান্ডের ভিডিও সরাতে সরকারের অনুরোধ মানেনি গুগল

ব্র্যান্ডের বার্তায় ক্ষুব্ধ ভুক্তভোগী

সাম্প্রতিক বছরগুলোতে নিজেকে খ্রিষ্টীয় ধর্মীয় ভাবধারার অনুসারী হিসেবে তুলে ধরেছেন ব্র্যান্ড। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর অনুসারীর সংখ্যাও অনেক।

ব্র্যান্ডের বিরুদ্ধে অভিযোগ তোলা নারীদের একজন মিয়া ল্যাটার বলেছেন, লরা তাঁদের ‘সানডে সার্ভিস’ অনুষ্ঠানে স্বামীর যে বার্তা পড়ে শুনিয়েছেন, তা তাঁর কাছে কষ্টদায়ক মনে হয়েছে। বার্তায় ‘নির্জলা মিথ্যা’ তুলে ধরা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

৩৭ বছর বয়সী ল্যাটারের অভিযোগ, তাঁর বয়স ১৬ বছর থাকার সময় ব্র্যান্ড তাঁকে ধর্ষণ করেছিলেন। তবে ব্র্যান্ডের সাম্প্রতিক ফৌজদারি মামলায় তিনি অভিযোগকারী ছিলেন না। তাঁর তোলা অভিযোগও অস্বীকার করেছেন ব্র্যান্ড।

বিবিসি রেডিও ফোরের ‘টুডে’ অনুষ্ঠানে ল্যাটার বলেন, ‘বিচারের মুখোমুখি হওয়া এবং পুরো প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া নারীদের কথা ভেবেই আমার খারাপ লাগছিল।’

২০২৩ সালে দ্য টাইমস, দ্য সানডে টাইমস এবং চ্যানেল ফোরের অনুসন্ধানী অনুষ্ঠান ‘ডিসপ্যাচেস’-এ প্রকাশিত প্রতিবেদনে ব্র্যান্ডের বিরুদ্ধে অভিযোগ তোলা নারীদের একজন ছিলেন ল্যাটার।

এদিকে ব্র্যান্ডের বক্তব্যের অংশবিশেষ প্রচার করায় গণমাধ্যমের সমালোচনা করেছেন যুক্তরাজ্যের শিক্ষামন্ত্রী লুসি পাওয়েল। তাঁর মতে, গণমাধ্যমের উচিত হয়নি ব্র্যান্ডের বক্তব্য আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া।

এলবিসি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে পাওয়েল বলেন, ভুক্তভোগীদের প্রতি ব্র্যান্ডের মধ্যে অনুশোচনা বা সামান্য সংবেদনশীলতাও দেখা যাচ্ছে না।

ইউটিউব ও এক্সে এখনো সক্রিয় ব্র্যান্ড

সরকারের অনুরোধের পরও ব্র্যান্ডের ভিডিও ও ইউটিউব চ্যানেল এখনো সরানো হয়নি। এক্সেও তাঁর অ্যাকাউন্ট সচল রয়েছে। সেখানে সর্বশেষ ১১ নভেম্বর একটি বার্তা প্রকাশ করা হয়।

ওই বার্তায় লেখা হয়, ‘মেটার মতে, রাসেল ব্র্যান্ড বলে কখনো কেউ ছিলই না।’ ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপ থেকে ব্র্যান্ডের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করার সিদ্ধান্তের প্রসঙ্গেই এমন মন্তব্য করা হয়। বার্তার শেষে এক্সের মালিক ইলন মাস্ককে ধন্যবাদ জানিয়ে লেখা হয়, ‘ইলন মাস্কের জন্য ঈশ্বরকে ধন্যবাদ। সঙ্গে থাকুন।’

ব্র্যান্ডের বিরুদ্ধে আনা পুরোনো যৌন অপরাধের অভিযোগে তাঁর দণ্ডাদেশের সমালোচনা করেছেন মাস্ক। এ বিষয়ে মন্তব্য জানতে বিবিসি এক্স কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে।

যুক্তরাজ্যের শিশু বিষয়ক মন্ত্রী জশ ম্যাকঅ্যালিস্টার মনে করেন, ব্র্যান্ডের ক্ষেত্রে মেটার নেওয়া পদক্ষেপ অনুসরণ করতে পারে গুগল। মেটার কমিউনিটি নীতিমালায় দণ্ডিত যৌন অপরাধীদের মালিকানাধীন বা তাঁদের পক্ষে পরিচালিত অ্যাকাউন্ট নিষিদ্ধ। তাই গুগলেরও একই ধরনের ব্যবস্থা নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

ম্যাকঅ্যালিস্টার বলেন, ‘মেটার কমিউনিটি স্ট্যান্ডার্ডে দণ্ডিত যৌন অপরাধীদের মালিকানাধীন বা তাঁদের হয়ে পরিচালিত অ্যাকাউন্ট নিষিদ্ধ। বিষয়টি খুবই সরল। গুগলেরও এই ভিডিও সরিয়ে ফেলা উচিত।’

Share

Read more

Local News