বলিউডে নায়িকার ছক ভেঙে নতুন ধারা এনেছিলেন তিনি। আজ ১৯ নভেম্বর জিনাত আমানের জন্মদিন। ৭৫ বছরে পা দিলেন সত্তরের দশকের এই গ্ল্যামারাস তারকা, যার উপস্থিতি বদলে দিয়েছিল হিন্দি সিনেমার নায়িকার ধারণাই।
১৯৫১ সালের ১৯ নভেম্বর বোম্বেতে (বর্তমান মুম্বাই) জন্ম জিনাত আমানের। বাবা আমানুল্লাহ খান ছিলেন চিত্রনাট্যকার, যুক্ত ছিলেন ‘মুঘল-ই-আজম’ ও ‘পাকিজা’র মতো ছবির সঙ্গে। মা সিন্ধিয়া ছিলেন মহারাষ্ট্রীয় হিন্দু। মাত্র ১৩ বছর বয়সে বাবাকে হারান জিনাত।
পড়াশোনা পঞ্চগণির বোর্ডিং স্কুলে; পরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পড়তে যান। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু; ১৯৭০ সালে মাত্র ১৯ বছর বয়সে জেতেন ফেমিনা মিস ইন্ডিয়া ও মিস এশিয়া প্যাসিফিক ইন্টারন্যাশনাল খেতাব ‐ এই আন্তর্জাতিক মুকুট জয়ী প্রথম ভারতীয় তিনি।
জিনাত আমানের ছকভাঙা উত্থান
সিনেমায় অভিষেক ১৯৭০ সালে ‘দ্য ইভিল উইদিন’ ছবি দিয়ে; ‘হুলচুল’ (১৯৭১) তেমন সাড়া ফেলতে পারেনি। ভাগ্য বদলে দেন দেব আনন্দ। ১৯৭১ সালে ‘হরে রামা হরে কৃষ্ণা’ ছবিতে হিপি তরুণী জাসবীর/জেনিস চরিত্রে অভিনয় করে রাতারাতি তারকা বনে যান তিনি; জেতেন ফিল্মফেয়ার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার। ‘দম মারো দম’ গানটি আজও কালজয়ী।

এরপর ‘ইয়াদোঁ কি বারাত’ (১৯৭৩), ‘রোটি কাপড়া অউর মাকান’ (১৯৭৪), ‘অজনবি’ (১৯৭৪), ‘ধরম বীর’ (১৯৭৭) একের পর এক হিট। ১৯৭৮ সালে আসে দুটি মাইলফলক ‐ রাজ কাপুরের ‘সত্যম শিবম সুন্দরম’ ও অমিতাভ বচ্চনের সঙ্গে ‘ডন’। ‘ডন’-এর রোমা চরিত্রে তার স্টাইল আজও অনুকরণীয়।
সত্তরের দশকের বলিউডে নায়িকা মানেই ছিল শাড়ি পরা আবেগী চরিত্র। জিনাত সেই ছক ভেঙে পর্দায় আনেন আত্মবিশ্বাসী, আধুনিক ও পাশ্চাত্য ধাঁচের নারীকে। সমালোচকদের মতে, হিন্দি সিনেমায় গ্ল্যামার আর সাহসী উপস্থিতির নতুন সংজ্ঞা লিখেছিলেন তিনিই।
আশির দশকেও ছিল তার দাপট ‐ ‘কুরবানি’ (১৯৮০), ‘আবদুল্লাহ’ (১৯৮০), ‘দোস্তানা’ (১৯৮০), ‘ইনসাফ কা তারাজু’ (১৯৮০) ও ‘লাওয়ারিশ’ (১৯৮১) বক্স অফিসে ঝড় তোলে। ‘ইনসাফ কা তারাজু’র ভারী চরিত্রে অভিনয় করে তিনি প্রমাণ করেন, গ্ল্যামারের পাশাপাশি অভিনয়েও তিনি সমান শক্তিশালী।
ব্যক্তিগত জীবন ছিল ঝড়ের মতোই ঘটনাবহুল। ১৯৭৮ সালে অভিনেতা সঞ্জয় খানকে বিয়ে করেন তিনি, কিন্তু সেই বিয়ে টেকেনি বছরখানেকের বেশি। ১৯৮৫ সালে বিয়ে করেন অভিনেতা মাজহার খানকে; ১৯৯৮ সালে মাজহারের মৃত্যুর আগ পর্যন্ত তারা একসঙ্গেই ছিলেন। এই সংসারে তার দুই ছেলে ‐ আজান ও জাহান।
নব্বইয়ের দশকে ধীরে ধীরে পর্দা থেকে সরে যান জিনাত। ১৯৯৯ সালে ‘ভোপাল এক্সপ্রেস’ দিয়ে ফেরেন; পরে ‘বুম’ (২০০৩), ‘আগলি অউর পাগলি’ (২০০৮) ও ‘পানিপথ’ (২০১৯) ছবিতে দেখা গেছে তাকে অতিথি চরিত্রে।

২০২৩ সালে ইনস্টাগ্রামে যোগ দিয়ে নতুন প্রজন্মের কাছেও প্রিয় মুখ হয়ে ওঠেন তিনি। নিজের পুরনো দিনের গল্প, মতামত আর ছবি শেয়ার করে নিয়মিত আলোচনায় থাকেন এই প্রবীণ তারকা। ২০২৫ সালে নেটফ্লিক্সের সিরিজ ‘দ্য রয়্যালস’-এও অভিনয় করেছেন তিনি।
পঁচাত্তর বছর বয়সেও জিনাত আমান প্রমাণ করে চলেছেন ‐ তারকা হওয়া মানে শুধু গ্ল্যামার নয়, নিজের শর্তে বাঁচার সাহসও। জন্মদিনে ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন বলিউডের এই ছকভাঙা নায়িকা।









