‘মুভিং বাংলাদেশ’
হুমায়ূন আহমেদপুত্র ও নির্মাতা নুহাশ হুমায়ূন ছয় বছর ধরে তাঁর প্রথম সিনেমা নির্মাণের চেষ্টায় আছেন। সিনেমাটির নাম ‘মুভিং বাংলাদেশ’। কখনো চিত্রনাট্য, কখনো প্রি–প্রোডাকশন, আবার কখনো বাজেট সংগ্রহের কাজে পার হয়ে গেছে সময়। কিন্তু কবে শুটিং হবে সেটা ছিলো অজানা। অবশেষে আজ শুরু হচ্ছে নুহাশ হুমায়ূনের মুভিং বাংলাদেশ সিনেমার শুটিং। অর্থাৎ নুহাশ হুমায়ূন আজ থেকে চলচ্চিত্র নির্মাতা। জানা গেছে, ঢাকার ২০টি লোকেশনে শুটিং হবে সিনেমাটির।
‘মুভিং বাংলাদেশ’ সিনেমাটি একজন বাইক রাইডারের সংগ্রামের গল্প নিয়ে। সিনেমায় প্রধান চরিত্রসহ অন্যান্য চরিত্রে কে কে অভিনয় করেছেন জানতে চাইলে নুহাশ বলেন, ‘আমরা এখনো অভিনয়শিল্পীদের নাম বলিনি। এটা আমরা একটু সময় নিয়ে ঘটা করে জানাতে চাই। তবে এটুকু বলব, কোনো তারকা নন, আমাদের সিনেমার প্রধান চরিত্র নতুন মুখ। আমরা দীর্ঘ সময় ধরে সিনেমার সঙ্গে যায়, এমন চরিত্র খুঁজছিলাম। অনেকবার আমরা অডিশন নিয়েছি। সময় নিয়েই চরিত্রের সঙ্গে যায়, এমন কাউকে বেছে নিয়েছি।’

নুহাশ হুমায়ূন স্বল্পদৈর্ঘ্য সিনেমা নির্মাণ দিয়েই তাঁর নির্মাণ ক্যারিয়ার শুরু করেছেন। পরে বানিয়েছেন ওয়েব সিরিজ। এই কাজগুলো তাঁকে নির্মাতা হিসেবে আলাদা স্থান দিয়েছে। আন্তর্জাতিক অঙ্গনেও তিনি চলচ্চিত্র উৎসব থেকে পেয়েছেন স্বীকৃতি। যে কারণে প্রথম সিনেমা নিয়ে কোনো তাড়াহুড়া করেননি।
কেন এতো সময় নিলেন?
কেন এতো সময় নিলেন এই নির্মাতা তা নিয়ে তিনি বলেন,‘পাঁচ থেকে ছয় বছর ধরে কাজটি করছি শুধু নিজের মতো করে সিনেমা বানানোর জন্য। কখনো চিত্রনাট্যের জন্য, কখনো বাজেটের জন্য ও গল্পের ডেভেলপমেন্টের কারণে সময় লেগেছে। চাইলে দ্রুত কাজ করা যেত, সেটা চাইনি। প্রথম সিনেমায় নিজের মতো সময় নিয়েছি। যেখানে যতটা দরকার ছিল, সেভাবে কাজ এগিয়ে নিয়েছি। এ জন্য পুরো টিমের সহযোগিতা ছিল। এখন কাজটা পরিকল্পনামতো পর্দায় তুলে ধরতে চাই।”

আন্তর্জাতিক তহবিল
সিনেমাটির সঙ্গে যুক্ত আছে আন্তর্জাতিক একাধিক প্রযোজনা প্রতিষ্ঠান। সিনেমাটির চিত্রনাট্য বিশ্বের একাধিক চলচ্চিত্র উৎসব থেকে তহবিল পেয়েছে। একই সঙ্গে পেয়েছে আন্তর্জাতিক প্রযোজকও। সিনেমাটি ২০২১ সালে প্রথম তাইওয়ানের তাইপে ফিল্ম কমিশন থেকে ৮৯ হাজার ৮০০ ডলারের তহবিল পায়। পরে সিনক্রাফট ফিল্ম ফান্ড থেকে পায় ২৫ লাখ টাকা। শুধু তা–ই নয়, সিনেমাটি টোকিও গ্র্যান্ট ফাইন্যান্সিং মার্কেট, কান উৎসবের মার্শে দ্যু ফিল্ম বাজার, লোকার্নো চলচ্চিত্র উৎসব ও ভারতের ফিল্ম বাজার থেকে নানা সহযোগিতা পেয়েছে বলে জানান নির্মাতা।
জানা গেছে, মে মাসের মাঝামাঝি পর্যন্ত শুটিং চলবে। পরে টানা সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ করতে চান এই নির্মাতা। সম্প্রতি নুহাশের ওয়েব সিরিজ ‘২ষ’ মুক্তি পেয়েছে। সিরিজটি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।


