অস্ট্রিয়ার ভিয়েনায় ‘দেলুপি’
নেদারল্যান্ডসের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর এবার অস্ট্রিয়ার ভিয়েনায় বাংলাদেশি চলচ্চিত্র ‘দেলুপি’ । আগামী ২৩ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ‘রেড লোটাস এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ভিয়েনা ২০২৬’-এ সিনেমাটি নির্বাচিত হয়েছে। উৎসবটি চলবে ২৬ এপ্রিল পর্যন্ত।
দেলুপি নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম এ বিষয়ে গণমাধ্যমকে জানান, আগামী ২৫ এপ্রিল স্থানীয় সময় দুপুর দেড়টায় ভিয়েনার ঐতিহ্যবাহী স্ট্যাটকিনো থিয়েটারে ‘দেলুপি’র প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

এর আগে, চলতি বছরেই নেদারল্যান্ডসের ৫৫তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামে প্রদর্শিত হয় দেলুপি। রটারড্যামে সেসময় আরো দুটি বাংলাদেশী সিনেমার প্রিমিয়ার হয়। একটি মেজবাউর রহমান সুমনের সিনেমা ‘রইদ’, অন্যটি রেজওয়ান শাহরিয়ার সুমিতের সিনেমা ‘মাস্টার’। আসরের ‘বিগ স্ক্রিন কমপিটিশন’ বিভাগের শীর্ষ পুরস্কার জিতেছে সিনেমাটি। তবে কোন পুরস্কার না জিতলেও দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে সিনেমা দেলুপি। ইউরোপের মাটিতে এটি সিনেমাটির দ্বিতীয় বড় কোনো উৎসবে অংশগ্রহণ।
সাফল্যের এই ধারাবাহিকতা নিয়ে নির্মাতা তাওকীর বলেছেন, নেদারল্যান্ডসে অভাবনীয় সাড়া পাওয়ার পর এখন সিনেমাটি অস্ট্রিয়ায় যাচ্ছে, যা আমাদের পুরো টিমের জন্য অত্যন্ত আনন্দের। এটি বাংলা ও বাংলাদেশের সিনেমার জন্য বড় একটি অর্জন।
দেলুপির গল্প
খুলনার আঞ্চলিক প্রেক্ষাপট, মাটির গন্ধ আর মানুষের জীবন সংগ্রামের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘দেলুপি’। ‘দেলুপি’ সিনেমার নামটি এসেছে খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়ন থেকে। সেই অঞ্চলের মানুষের জীবন, প্রাকৃতিক দুর্যোগ, যাত্রাশিল্পীদের সংগ্রাম, এবং এই সময়ের রাজনৈতিক বাস্তবতা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাতা লিখেছেন এই গল্প।

নির্মাতা তাওকীর সিনেমাটি নিয়ে বলেন, “আমি সবসময় বাস্তব মানুষের গল্প বলতে চেয়েছি। ‘দেলুপি’ সেই চেষ্টারই আরেক ধাপ। প্রতিটি চরিত্র ও ফ্রেমে আমি মানুষের সত্যিকারের অনুভূতি ধরার চেষ্টা করেছি।”
এতে অভিনয় করেছেন চিরঞ্জিৎ বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায়, জাকির হোসেনসহ আরও অনেকে। সিনেমাটি প্রযোজনা করেছে ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন।
এই চলচ্চিত্রটি ২০২৫ সালের ৭ নভেম্বর খুলনার প্রেক্ষাগৃহে মুক্তি পায় এবং পরে ঢাকার দর্শকদের কাছেও বেশ জনপ্রিয়তা অর্জন করে। এই সিনেমার মাধ্যমেই বড় পর্দায় পরিচালক হিসেবে অভিষেক হয় মোহাম্মদ তাওকীর ইসলামের। এর আগে তিনি ওটিটি প্ল্যাটফর্মের জন্য ‘শাটিকাপ’ ও ‘সিনপাট’ নির্মাণ করে আলোচনায় এসেছিলেন।


