কোটির ঘরে নিশোর দম …….
ঈদের সিনেমার তালিকায় এবার বেশ জমজমাট লড়াই চলছে। পাঁচটি সিনেমা মুক্তি পেলেও আলোচনা আর আয়ের দৌড়ে একেকটি একেক অবস্থানে রয়েছে। দর্শক চাহিদার তুঙ্গে থাকা এই সিনেমাগুলোর মধ্যে আয়ের হিসেবে সবাইকে ছাড়িয়ে অনেকটা অপ্রতিদ্বন্দ্বী অবস্থানে পৌঁছে গেছে আফরান নিশো অভিনীত ‘দম’।
প্রথম তিন দিনেই কোটির ঘর
বিএমআর-এর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম চলচ্চিত্র হিসেবে বাংলাদেশের মাল্টিপ্লেক্সে ১ কোটি টাকার গ্রস কালেকশন দিয়ে নতুন রেকর্ড গড়েছে এটি। মুক্তির প্রথম দিনে ৩০.৩৯ লাখ টাকা, দ্বিতীয় দিনে ৩৪.০৭ লাখ এবং তৃতীয় দিনে ৩৬.৫২ লাখ টাকা আয় করেছে সিনেমাটি। স্টার সিনেপ্লেক্স ও লায়ন সিনেমাস মিলিয়ে ৩৫টি শোর মধ্যে ২৭টিই ছিল হাউজফুল, যা নিশোর ভক্তদের মাঝে ব্যাপক উন্মাদনা সৃষ্টি করেছে।
নিশোর পরেই ‘বনলতা এক্সপ্রেস’
আফরান নিশোর এই দাপুটে যাত্রার ঠিক পেছনেই অবস্থান করছে তারকাবহুল সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। তানিম নূর পরিচালিত ও হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমাটি তিন দিনে মোট ৭৭.৩৩ লাখ টাকা আয় করেছে।
প্রথম দিন ১৮.৫৪ লাখ টাকা থেকে শুরু করে দ্বিতীয় দিনে ২২.২৬ লাখ এবং তৃতীয় দিনে ২৮.৮৯ লাখ টাকা সংগ্রহ করে সিনেমাটি ক্রমাগত আয়ের গ্রাফ উর্ধ্বমুখী রেখেছে। মাল্টিপ্লেক্সের ৩১টি শোর মধ্যে ২৯টিই হাউজফুল ছিল।
আয়ের লড়াইয়ে এর পরেই অবস্থান করছেন সিয়াম আহমেদের ‘রাক্ষস’। প্রথম তিন দিনে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৫৬.১৪ লাখ টাকা। প্রথম দিন ১৩.৯৩ লাখ, দ্বিতীয় দিন ২০.২৮ লাখ এবং তৃতীয় দিনে ২১.৯২ লাখ টাকা আয় করেছে ‘রাক্ষস’।
২২টি শোর মধ্যে ১৮টিতেই হাউজফুল দর্শক পেয়ে সিনেমাটি বক্স অফিসে টিকে থাকার ইঙ্গিত দিচ্ছে।
অন্যদিকে ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ তিন দিনে মোট আয় করেছে ৫১.৫৪ লাখ টাকা। মুক্তির প্রথম দিনে ১৬.১৯ লাখ এবং দ্বিতীয় দিনে ২০.০৬ লাখ টাকা আয় করলেও তৃতীয় দিনে কালেকশন কিছুটা কমে ১৫.২৯ লাখ টাকায় দাঁড়িয়েছে।
সবশেষে রায়হান রাফী পরিচালিত নারীকেন্দ্রিক সিনেমা ‘প্রেশার কুকার’ ধীরে ধীরে দর্শকদের নজর কাড়ছে। প্রথম তিন দিনে সিনেমাটি মোট ২৯.৩২ লাখ টাকা আয় করেছে। আশ্চর্যের বিষয় হলো, প্রথম দিনে মাত্র ৬.১২ লাখ টাকা আয় করলেও তৃতীয় দিনে তা বেড়ে ১২.১৫ লাখে পৌঁছেছে।


