রুমিনের রাজনৈতিক সংগ্রাম-বিজয়ের প্রশংসা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জয় পেয়েছেন রুমিন ফারহানা। নির্বাচনী এই সাফল্যের পর শুভেচ্ছায় ভাসছেন তিনি। দলীয় কর্মী থেকে শুরু করে নানা অঙ্গনের মানুষ তাকে অভিনন্দন জানাচ্ছেন। রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সংস্কৃতি জগত থেকেও আসছে শুভেচ্ছা বার্তা। জয়ের পর রুমিন ফারহানাকে শুভেচ্ছা জানিয়েছেন অপু বিশ্বাস।

জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস নিজের ফেসবুক স্টোরিতে রুমিন ফারহানার সঙ্গে একটি ছবি শেয়ার করেন। পোস্টে তিনি রুমিনের রাজনৈতিক সংগ্রাম ও বিজয়ের প্রশংসা করেন। বিষয়টি সামাজিক মাধ্যমে বেশ আলোচনা তৈরি করেছে। নির্বাচনের আগের দিন অপু তার প্রত্যাশার কথা জানিয়েছেন নতুন সরকারের প্রতি।
নির্বাচনের আগের দিন অপু বিশ্বাস বলেছিলেন, ‘যে সরকারই ক্ষমতায় আসুক, তাদের সাধুবাদ জানাই। আমার পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা ও শুভকামনা। একজন চলচ্চিত্র অভিনেত্রী ও উদ্যোক্তা হিসেবে চাইব, সবাই যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।’

নতুন সরকারের কাছে নিজের প্রত্যাশার কথা তুলে ধরেন তিনি। বলেন, ‘নারীদের নিরাপত্তার বিষয়টি যেন সর্বোচ্চ গুরুত্ব পায়। পাশাপাশি দেশের বিনোদন অঙ্গন, বিশেষ করে চলচ্চিত্রশিল্পকে আরও বড় পরিসরে এগিয়ে নিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও বাস্তব পদক্ষেপ নেওয়া প্রয়োজন।’
হাঁস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন রুমিন ফারহানা। তিনি পান ১ লাখ ১৮ হাজার ৫৪৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোট সমর্থিত প্রার্থী জুনায়েদ আল হাবীব পান ৮০ হাজার ভোট।