জংলি সিনেমার পর থেকে বেশ আলোচনায় আছেন সিয়াম আহমেদ। গত ঈদের মতো এবারো আসছে তাঁর সিনেমা। সেই উপলক্ষ্যে সামাজিক মাধ্যমে ‘রাক্ষস’ সিনেমার ছবি প্রকাশ করেছেন এই অভিনেতা। তবে নিজেকে আড়াল করে নায়িকাকেই সামনে রেখেছেন সিয়াম। শ্রীলঙ্কা থেকেই সিয়াম ‘রাক্ষস’ সিনেমার একটি দৃশ্যের ছবি প্রকাশ করলেন। দৃশ্যটি মূলত গান থেকে নেয়া।
প্রকাশ্যে আসা সেই ছবিটি নিয়েই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমা–সংশ্লিষ্ট গ্রুপগুলোতে আলোচনা চলছে। সিয়ামের সঙ্গে সিনেমার নায়িকা হিসেবে রয়েছেন টালিউড অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।

সিনেমার বড় অংশের শুটিং হচ্ছে দেশের বাইরে। বর্তমানে শুটিং ইউনিট শ্রীলঙ্কায়। সেখান থেকেই এই নায়ক সিয়াম জানালেন, দেশের দর্শক এবার নতুন গল্প ও উপস্থাপনা দেখবেন। যে কারণে কোনো ছাড় নয়, টানা শুটিং নিয়ে ব্যস্ততায় কাটছে দিন-রাত। সিয়াম বলেন, ‘আমরা আগে একটি লুক প্রকাশ করেছি। তবে আপাতত লুক প্রকাশ করছি না। এ নিয়ে প্রতিদিনই বিভিন্ন গ্রুপে ভক্তরা জানতে চান। সে কারণেই চমক হিসেবে নায়িকার লুকটি প্রকাশ করেছি। মূলত এটি গানের দৃশ্যের অংশ। সামনে প্রচারণায় চমক হিসেবে পোস্টার, ট্রেলার, টিজারে এসব লুক প্রকাশ পাবে।’
এর আগে ‘জংলি’ সিনেমায় ভিন্ন লুকে দেখা দেন সিয়াম। লুক প্রকাশের পর দর্শকদের মধ্যে এই ঢালিউড নায়ক আলোচিত হন। সেই ধারায় এবার প্রচারণায় আলাদা করে প্রকাশ করবেন সিনেমার একাধিক লুক। তার আগে শুটিং নিয়েই মনোযোগ।

শৈল্পিক ও বৈচিত্র্যময় হতে যাচ্ছে নতুন বছরের ঢালীউড
‘রাক্ষস’ সিনেমার দৃশ্যের কাজ ও গল্প
‘সিনেমার কত ভাগ কাজ শেষ হয়েছে?’ জানতে চাইলে সিয়াম বলেন, ‘আমাদের সিনেমার ৮০ শতাংশ কাজ ইতিমধ্যে শেষ। এর মধ্যে বেশ কিছু দৃশ্য আমরা চাইলে বাদ দিতে পারতাম। কিন্তু সবই করছি। কোনো ছাড় দিচ্ছি না। আমাদের শতভাগ দিয়ে চেষ্টা করছি দর্শকদের বৈচিত্র্যপূর্ণ কিছু দিতে। ভরসা আছে সেটা পারব।’
রাক্ষস সিনেমাটি আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে। যে কারণে শুটিংয়ের পরপরই ফুটেজ পৌঁছে যাচ্ছে সম্পাদনার টেবিলে। এগিয়ে চলছে সিনেমার কাজ।

জানা গেছে, এই শুটিং ইউনিট ৫ ফেব্রুয়ারি দেশে ফিরবে। দেশের অংশের শুটিং শেষ হবে ফেব্রুয়ারির মাঝামাঝি। তারপরই ঈদকে সামনে রেখে শুরু হবে প্রচারণার পর্ব।

এরকম ক্যারেক্টার হাতছাড়া করা উচিত হবে না- মেহজাবীন
রাক্ষস সিনেমাটির প্রথম শুটিং গত বছরের শেষের দিকে ঢাকাতেই শুরু হয়। পরে দেশের বাইরে চলে যায় টিম। সিনেমাটি পরিচালনা করছেন মেহেদী হাসান। তিনি সিনেমার পটভূমি সম্পর্কে জানালেন, ‘রাক্ষস’ মূলত এক অন্ধকার জগতের গল্প, যেখানে থাকবে প্রচুর ভায়োলেন্স ও রাফ ন্যারেটিভ, যা দেশীয় সিনেমায় খুব একটা দেখা যায় না। সিনেমাটি প্রযোজনা করছে রিয়েল এনার্জি কমিউনিকেশন, এর আগে প্রতিষ্ঠানটি ব্লকবাস্টার সিনেমা ‘বরবাদ’ প্রযোজনা করেছিল।
