Saturday, August 1, 2026

সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

আরও পড়ুন

টম হল্যান্ড, জেনডায়া ও স্যাডি সিঙ্ক অভিনীত ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ মুক্তির প্রথম সপ্তাহেই উত্তর আমেরিকার বক্স অফিসে রেকর্ড গড়ার পথে রয়েছে। সিনেমাটি মুক্তির আগের সব অনুমানকে ছাড়িয়ে দুর্দান্ত আয় করা শুরু করেছে।

২০২১ সালের ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর পর এবারই প্রথম একক স্পাইডার-ম্যান সিনেমায় পিটার পার্কার চরিত্রে ফিরেছেন টম হল্যান্ড।

নতুন সিনেমার গল্প শুরু হয়েছে ‘নো ওয়ে হোম’-এর শেষ অংশের পর থেকে। সেখানে মাল্টিভার্সকে রক্ষা করতে ডক্টর স্ট্রেঞ্জ (বেনেডিক্ট কাম্বারব্যাচ) এমন একটি জাদুমন্ত্র প্রয়োগ করেন, যার ফলে পৃথিবীর সবাই পিটার পার্কারকে ভুলে যায়। সেই ঘটনার পর নতুন বাস্তবতায় পিটার পার্কারের জীবন ও সংগ্রাম নিয়েই এগিয়েছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর গল্প।

নতুন সিনেমায় পিটার পার্কারকে দেখা যাবে গভীর একাকিত্বের সঙ্গে লড়াই করতে। একই সঙ্গে সে চেষ্টা করবে এমজে (জেনডায়া) ও নেড (জ্যাকব ব্যাটালন)-এর সঙ্গে আবারও সম্পর্ক গড়ে তুলতে। তবে সেই পথ সহজ নয়। এদিকে তার সুপারপাওয়ারও ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করে।

এর মধ্যেই নিউইয়র্ক শহরের জন্য নতুন হুমকি হয়ে আবির্ভূত হয় এক ভয়ংকর ভিলেন, যার চরিত্রে অভিনয় করেছেন স্যাডি সিঙ্ক। শহরকে রক্ষা করার পাশাপাশি নিজের ব্যক্তিগত সংকটও সামলাতে হবে পিটারকে।

‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’কে ছাড়িয়ে ব্র্যান্ড নিউ ডে

কোভিড-১৯ মহামারির মধ্যেও ২০২১ সালের ১৭ থেকে ১৯ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ যুক্তরাষ্ট্রের বক্স অফিসে উদ্বোধনী সপ্তাহান্তেই ২৬ কোটি ১ লাখ মার্কিন ডলার আয় করেছিল। এর মধ্যে শুধু বৃহস্পতিবারের প্রিভিউ শো থেকেই এসেছিল ৫ কোটি মার্কিন ডলার। প্রায় পাঁচ বছর পর পরিচালক ডেস্টিন ড্যানিয়েল ক্রেটনের ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ মুক্তির শুরু থেকেই ব্লকবাস্টারের ইঙ্গিত দিচ্ছে।

শুক্রবার সনি পিকচার্স এন্টারটেইনমেন্ট জানায়, বুধবার অ্যামাজনের বিশেষ প্রদর্শনী এবং বৃহস্পতিবারের নিয়মিত প্রিভিউ মিলিয়ে সিনেমাটি ৭ কোটি ২০ লাখ মার্কিন ডলার আয় করেছে। এর মাধ্যমে ২০১৯ সালে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর গড়া ৬ কোটি মার্কিন ডলারের প্রিভিউ আয়ের রেকর্ডও ভেঙে দিয়েছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’।

কত আয় করবে?

বুধবার ও বৃহস্পতিবারের প্রিভিউ আয়ের সঙ্গে শুক্রবারের টিকিট বিক্রির হিসাব যোগ করে ডেডলাইন পূর্বাভাস দিয়েছে, শুধু শুক্রবারেই ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ আয় করতে পারে ১৬ কোটি ৭০ লাখ থেকে ১৭ কোটি ৩০ লাখ মার্কিন ডলার।

শিল্পসংশ্লিষ্ট সূত্রের বরাতে গণমাধ্যমটি আরও জানিয়েছে, উত্তর আমেরিকার ৪ হাজার ৪৮৭টি প্রেক্ষাগৃহ থেকে রোববার পর্যন্ত সিনেমাটির মোট আয় কমপক্ষে ৩৩ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যাবে।

এমন দুর্দান্ত সূচনার ফলে মুক্তির আগে করা প্রায় সব পূর্বাভাসই পেছনে ফেলে দিয়েছে সিনেমাটি। হলিউডের বিভিন্ন বাণিজ্যিক প্রকাশনা যেখানে উদ্বোধনী সপ্তাহান্তে ১৮ কোটি মার্কিন ডলার আয়ের পূর্বাভাস দিয়েছিল, সেখানে বক্স অফিস বিশ্লেষকদের সর্বোচ্চ অনুমান ছিল ২৫ কোটি মার্কিন ডলার।

বর্তমানে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী সপ্তাহান্তের সর্বোচ্চ আয়ের রেকর্ড ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর দখলে। ২০১৯ সালে ৪ হাজার ৬৬২টি প্রেক্ষাগৃহ থেকে সিনেমাটি আয় করেছিল ৩৫ কোটি ৭১ লাখ মার্কিন ডলার। তবে ডেডলাইন মনে করছে, রোববারের মধ্যে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সেই রেকর্ডও ভেঙে দিতে পারে।

দুর্দান্ত এই সূচনার ফলে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ইতোমধ্যেই ২০২৬ সালের সবচেয়ে বড় সিনেমাগুলোর একটিতে পরিণত হওয়ার পথে।

এর আগে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ উদ্বোধনী সপ্তাহান্তে ২৬ কোটি ১ লাখ মার্কিন ডলার আয় করে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রে আয় করে ৮১ কোটি ৪৮ লাখ মার্কিন ডলার এবং আন্তর্জাতিক বাজারে ১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার আয় করেছিল। সব মিলিয়ে সিনেমাটির বৈশ্বিক আয় দাড়িয়ে ছিল ১ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার। বর্তমান গতিধারা বিবেচনায় ‘ব্র্যান্ড নিউ ডে’-ও একই ধরনের সাফল্যের পথে এগোচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

দ্বিতীয় স্থানে ওডিসি

‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর দুর্দান্ত সূচনার প্রভাব পড়েছে বক্স অফিসের শীর্ষস্থানেও। টানা দুই সপ্তাহ উত্তর আমেরিকার বক্স অফিসে এক নম্বরে থাকার পর ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’ এবার নেমে এসেছে দ্বিতীয় স্থানে।

ম্যাট ডেমন ও অ্যান হ্যাথাওয়ের পাশাপাশি টম হল্যান্ড ও জেনডায়া অভিনীত ‘দ্য ওডিসি’ মুক্তির তৃতীয় সপ্তাহান্তে ৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার আয় করতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ডেডলাইন। সে পূর্বাভাস সত্যি হলে, রোববার পর্যন্ত উত্তর আমেরিকায় সিনেমাটির মোট আয় দাঁড়াবে ৩৯ কোটি ৬৫ লাখ মার্কিন ডলার।

ডেডলাইন জানিয়েছে, সপ্তাহান্তজুড়ে নতুন আয় যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ এবং অন্যান্য সিনেমার বক্স অফিসের হিসাব হালনাগাদ করা হবে। আর এই সপ্তাহের চূড়ান্ত বক্স অফিস পরিসংখ্যান প্রকাশ করা হবে সোমবার।

Share

Read more

Local News