‘বরবাদ’ সিনেমার পরে আবারও শাকিব খানকে নিয়ে বড় পর্দায় হাজির হচ্ছেন নির্মাতা মেহেদী হাসান হৃদয়। তবে আসন্ন গল্প নিয়ে এখনো কিছু বলতে চাচ্ছেন না নির্মাতা। সিনেমার নামও এখনো চূড়ান্ত হয়নি। তবে শোনা যাচ্ছে, এই সিনেমার নাম ‘নিঃস্ব’ বা ‘হায়েনা’ হতে পারে। এদিকে সিনেমার নায়িকা নিয়ে চলছে আলোচনা। অনেকেই বলছেন এই সিনেমায় নায়িকা হতে পারেন সাবিলা নূর কারণ এর আগে এই জুটি ‘তাণ্ডব’ ও ‘রকস্টার’ সিনেমার শুটিং করেছেন।
সিনেমাটি কি নিয়ে জানতে চাইলে পরিচালক বললেন, ‘নাম সময় হলেই জানাব। এখন প্রি–প্রোডাকশন নিয়ে বেশি ভাবছি।’ তবে এই সিনেমাও হতে যাচ্ছে ‘বরবাদ’-এর মতো অ্যাকশনধর্মী। দর্শক নতুনভাবে শাকিব খানকে দেখবেন।
এদিকে শাকিবের সিনেমাটির নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এখন সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন সাবিলা নূর। নেটিজেনরা সাবিলা নূরকেই নায়িকা হিসেবে কল্পনা করছেন। এর আগে এই জুটির ‘তাণ্ডব’ ও ‘রকস্টার’ সিনেমার শুটিং করেছেন। যে কারণে জোর আলোচনা চলছে যে সাবিলাই হচ্ছেন নায়িকা। এই প্রসঙ্গে পরিচালক গণমাধ্যমকে বলেন, ‘আমাদের সিনেমার নায়িকা এখনো ঠিক হয়নি। আমরা এটা শিগগির জানাব। আগে স্ক্রিপ্ট লক হোক। কাকে নেব, সবই মাথায় আছে। আলোচনা হোক।’
অক্টোবরে শুটিং,নেই সাবিলা
এদিকে সিনেমার প্রযোজক শাহরীন আক্তার জানান, তাঁদের সিনেমাটির শুটিং হবে আগামী অক্টোবরে। সেভাবেই শাকিব খানের সঙ্গে চুক্তি হয়েছে। এমনকি সিনেমা আগামী পবিত্র ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে। সিনেমার নায়িকা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের গল্পের সঙ্গে যাকে মানাবে, সে–ই হবে নায়িকা।’ সাবিলা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা এখনো সাবিলার কথা ভাবিনি। নায়িকা নিয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। তবে সাবিলা ভাবনায় নেই।’
এদিকে শাকিবের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, সিনেমার নায়িকা দুজন থাকতে পারেন। একজন কলকাতা থেকে আসবেন এবং অন্যজন বাংলাদেশের। তিনি কি সাবিলা নূর, এমন প্রশ্নে সূত্রটি জানায়, ‘দুটি সিনেমার পরে তাঁদের মধ্যে বোঝাপড়া ভালো। পরবর্তী সিনেমায় শাকিব খানের সঙ্গে সাবিলাকে দেখা যেতে পারে।’
সামাজিক যোগাযোগমাধ্যমে নায়িকা হিসেবে সাবিলা নূরের নাম আলোচনায় রয়েছে, এমনটা জানালে সিনেমার প্রযোজক বলেন, ‘আমরা পরপর দুটি সিনেমা করছি। অক্টোবরে যে সিনেমার শুটিং করতে যাচ্ছি, সেখানে কোনোভাবেই সাবিলার কথা ভাবছি না। তবে পরের সিনেমায় সাবিলার কথা মাথায় রয়েছে। গল্পের কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। গল্পে যাকে ডিমান্ড করবে, তাকেই তো কাস্টিং করতে হবে।’








