ফিরছেন ক্রাইম ব্রাঞ্চের ইনস্পেক্টর নলিনীকান্ত কুণ্ডু। আসন্ন সিরিজ ‘ইনস্পেক্টর নলিনীকান্ত ৩’-এ এক রহস্যজনক খুনের তদন্তে নামছেন তিনি; আর সেই তদন্তের জালে জড়িয়ে যাচ্ছে আন্তর্জাতিক অস্ত্রপাচার, ক্ষমতার দাপট আর এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। এ বার তদন্তকারীর নিজের পরিবারও পড়বে বিপদের মুখে।
বাইরে থেকে দেখলে নলিনীকান্তকে আর পাঁচজন পুলিশ কর্মকর্তার মতো মনে হয় না। মধ্যবয়সি এই ইনস্পেক্টর ভোজনরসিক, শান্ত স্বভাবের; কথা বলে প্রচুর, যার অনেকটাই হয়তো নেহাত অপ্রয়োজনীয়। কিন্তু তদন্তে তার চোখ এড়িয়ে যাওয়ার উপায় নেই কোনো সূত্রের। অপরাধীর মনস্তত্ত্ব বুঝতে পারা আর উপস্থিতবুদ্ধির জোরেই বারবার জটিল মামলার সমাধান করে সে।

এ বার এক সত্তরোর্ধ্ব বৃদ্ধের রহস্যমৃত্যুর তদন্তে নেমে এমন এক চক্রের সন্ধান পায় নলিনীকান্ত, যার সঙ্গে জড়িয়ে রয়েছে সমাজকর্মী মোনালিসা বসুর নাম। মোনালিসার পরিচালিত বৃদ্ধাশ্রমকে ঘিরেই ক্রমশ ঘনীভূত হয় রহস্য। তদন্তের পথে এ বার বাধা হয়ে দাঁড়াবে শুধু অপরাধীরা নয়, নিজের দফতর আর প্রভাবশালী মহলও।
কোন রহস্যে ফিরছেন ইনস্পেক্টর নলিনীকান্ত
আন্তর্জাতিক অস্ত্রপাচার চক্রের অন্যতম অভিযুক্ত শমীককে গ্রেফতার করেও শেষরক্ষা করতে পারে না নলিনীকান্ত। প্রভাবশালী অপরাধী চক্রের হাত ধরে ছাড়া পেয়ে যায় সে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছোয় যে, শেষ পর্যন্ত বরখাস্ত হতে হয় নলিনীকান্তকে। আর বিপদ আরও বাড়ে, যখন অপরাধের ছায়া এসে পড়ে তার নিজের পরিবারের ওপরেও।
সিরিজে নলিনীকান্তের চরিত্রে অভিনয় করেছেন রজতাভ দত্ত। সমাজকর্মী মোনালিসা বসুর চরিত্রে রয়েছেন পায়েল সরকার। দুই তারকার এই জুটিই এ বারের সিজনের সবচেয়ে বড় চমক।

সিরিজটির স্রষ্টা সৌমিক চট্টোপাধ্যায়, পরিচালনা করেছেন রাজদীপ ঘোষ। রজতাভ ও পায়েল ছাড়াও অভিনয় করেছেন মধুমিতা সেনগুপ্ত, অলোক সান্যাল, রানা বসু ঠাকুর, সবুজ বর্ধন, ছন্দক চৌধুরী, যুধাজিৎ সরকার ও অনুক্তা ঘোষাল।
আগের দুই সিজনের সাফল্যের পর তৃতীয় সিজন নিয়ে দর্শকের আগ্রহ এখন থেকেই তুঙ্গে। তবে কোন প্ল্যাটফর্মে, কবে মুক্তি পাবে সিরিজটি, তা এখনো জানা যায়নি।









