Home ওটিটি মুক্তির তিন দিনেই ৫০ দেশে শীর্ষে ‘দ্য রিম্যারিড এমপ্রেস’

মুক্তির তিন দিনেই ৫০ দেশে শীর্ষে ‘দ্য রিম্যারিড এমপ্রেস’

মুক্তির তিন দিনেই ৫০ দেশে শীর্ষে ‘দ্য রিম্যারিড এমপ্রেস’
মুক্তির তিন দিনেই দর্শকসংখ্যার রেকর্ড গড়ল ‘দ্য রিম্যারিড এমপ্রেস’

মুক্তির মাত্র তিন দিনেই দর্শকসংখ্যার রেকর্ড গড়েছে দক্ষিণ কোরিয়ার ফ্যান্টাসি-রোমান্টিক সিরিজ ‘দ্য রিম্যারিড এমপ্রেস’। ডিজনি প্লাস ও হুলুতে মুক্তি পাওয়া সিরিজটি দুই প্ল্যাটফর্মের অরিজিনাল কনটেন্টের মধ্যে সবচেয়ে বেশি দর্শক পাওয়া সিরিজের স্বীকৃতি পেয়েছে। একই সঙ্গে মুক্তির তিন দিনেই ৫০টির বেশি দেশে কোরিয়ান সিরিজের তালিকায় শীর্ষে উঠে এসেছে এটি।

ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, ৩ নভেম্বর মুক্তির পর প্রথম তিন দিনের দর্শকসংখ্যার ভিত্তিতেই এই রেকর্ড গড়েছে সিরিজটি। শীর্ষে ওঠা দেশগুলোর তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, মেক্সিকো, চিলি, ফ্রান্স, স্পেন, জার্মানি, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো বাজার। সিরিজটির মুক্তির কথা ছিল ৪ নভেম্বর; তবে ভক্তদের আগ্রহ দেখে নির্ধারিত সময়ের এক দিন আগেই এটি প্রকাশ করে ডিজনি প্লাস।

মুক্তির তিন দিনেই ৫০ দেশে শীর্ষে ‘দ্য রিম্যারিড এমপ্রেস’

মুক্তির আগেই সিরিজটি নিয়ে দর্শকের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এর বিশেষ প্রিভিউ প্রদর্শনীর সব টিকিট বিক্রি হয়ে যায়। প্রচারণামূলক ট্রেলারটি ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যম মিলিয়ে মাত্র ৪৮ ঘণ্টায় দেখা হয় ১ কোটি ৩০ লাখবার। আর মূল ওয়েবটুনটির জনপ্রিয়তা তো আছেই; প্রকাশের পর থেকে সেটি দেখা হয়েছে প্রায় ৩০০ কোটিবার।

কেন ঝড় তুলল ‘দ্য রিম্যারিড এমপ্রেস’

নাভার ওয়েবটুনের একই নামের জনপ্রিয় কমিক অবলম্বনে তৈরি সিরিজটির গল্প পূর্ব সাম্রাজ্যের সম্রাজ্ঞী নাভিয়ের ও সম্রাট সোভিয়েশুকে ঘিরে। একসময় তাদের দাম্পত্যে দূরত্ব তৈরি হয়; পালিয়ে আসা দাসী রাশতার প্রেমে পড়ে সম্রাট। নিজের আত্মসম্মান বিসর্জন দিতে রাজি নয় নাভিয়ের। বিচ্ছেদে সে সম্মতি দেয় একটিই শর্তে, পশ্চিম রাজ্যের যুবরাজ হেইনরিকে বিয়ে করার স্বাধীনতা দিতে হবে তাকে।

এই সিদ্ধান্তের পর দুই সাম্রাজ্যের রাজনৈতিক ও ব্যক্তিগত সম্পর্ক জটিল হয়ে ওঠে। নিজের ক্ষমতা ও মর্যাদা ফিরে পেতে লড়াই শুরু করে নাভিয়ের। প্রেম, বিশ্বাসঘাতকতা আর প্রতিশোধের এই গল্পই এখন বিশ্বজুড়ে দর্শক টানছে।

মুক্তির তিন দিনেই ৫০ দেশে শীর্ষে ‘দ্য রিম্যারিড এমপ্রেস’

সিরিজে সম্রাজ্ঞী নাভিয়েরের চরিত্রে অভিনয় করেছেন শিন মিন আ। সম্রাট সোভিয়েশুর ভূমিকায় জু জি হুন, যুবরাজ হেইনরি চরিত্রে লি জং সুক এবং রাশতার চরিত্রে লি সে ইয়ং। পরিচালনা করেছেন চো সু ওন; চিত্রনাট্য লিখেছেন ইয়েও জিনা ও হিউন চুংইওল।

এখন পর্যন্ত সিরিজটির চারটি পর্ব মুক্তি পেয়েছে। ১১ নভেম্বর থেকে প্রতি বুধবার দুটি করে নতুন পর্ব প্রকাশিত হবে। শেষ পর্ব প্রচারিত হবে ২৫ নভেম্বর।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here