শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’ নিয়ে কৌতূহলের শেষ নেই। এবার জানা গেল, শাকিবের নায়িকা কিনজা হাশমীই চূড়ান্ত হয়েছেন। হানিয়া আমির, সজল আলি, ইয়ামনা জায়েদী আর দুর-ই-ফিশান সেলিমের নাম ঘুরলেও শেষ পর্যন্ত পাকিস্তানি এই অভিনেত্রীকেই বেছে নিয়েছেন নির্মাতারা। একাধিক সূত্র জানিয়েছে, তাঁর সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতাও শেষ হয়েছে।
তবে পরিচালক হিমেল আশরাফ ও প্রযোজক আরশাদ আদনান এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই বলছেন না। প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়ার পরিকল্পনা, জমকালো আয়োজনের মধ্য দিয়ে নতুন নায়িকাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। সে কারণেই সিনেমার প্রথম পোস্টারে নায়িকার মুখ আড়ালেই রাখা হয়েছে, দেখা গেছে শুধু লাল ওড়না আর সাদা সালোয়ার-কামিজ পরা একটি হাত।

গত অক্টোবরের প্রথম সপ্তাহে ‘মহব্বত’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা আসে। তখন থেকেই আলোচনা, শাকিবের বিপরীতে কে থাকছেন। পরিকল্পনা অনুযায়ী আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হতে পারে সিনেমার শুটিং। আর মুক্তি দেওয়া হবে ২০২৭ সালের ঈদুল আজহায়।
কে এই কিনজা হাশমী
কিনজা হাশমী পাকিস্তানের টেলিভিশন নাটকের পরিচিত মুখ। ২০১৪ সালে অভিনয়জগতে তাঁর যাত্রা শুরু। ‘ইশক তামাশা’ নাটকে রুশনা চরিত্রে অভিনয় করে তিনি আলোচনায় আসেন। এরপর ‘গুল-ও-গুলজার’, ‘মোহলত’, ‘দিল আওয়াইজ’, ‘হুক’ আর ‘মেরে বান জাও’-এর মতো নাটকে অভিনয় করেছেন তিনি।
ছোটপর্দার পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করেছেন কিনজা। তাঁর অভিনীত সিনেমার মধ্যে রয়েছে ‘কট্টর করাচি’ ও ‘শিরোস’। অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও পরিচিতি রয়েছে তাঁর। এবার বাংলাদেশের সিনেমায় যুক্ত হলে সেটি হবে তাঁর ক্যারিয়ারের নতুন এক অধ্যায়।

শাকিব খানের বিপরীতে বিদেশি নায়িকা অবশ্য নতুন কিছু নয়। ২৭ বছরের ক্যারিয়ারে দেশ-বিদেশের ৭০ জনের বেশি নায়িকার সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। হিমেল আশরাফ ও আরশাদ আদনানের আগের দুই সিনেমাতেও ছিলেন বিদেশি নায়িকা। ‘প্রিয়তমা’য় ইধিকা পাল আর ‘রাজকুমার’-এ যুক্তরাষ্ট্রের কোর্টনি কফি। সেই ধারাবাহিকতাই বজায় থাকছে ‘মহব্বত’-এ।
এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার। নির্মাতারা মুখ খুললেই জানা যাবে, শাকিবের নায়িকা কিনজা হিসেবে পাকিস্তান থেকে আসা এই অভিনেত্রীই শেষ পর্যন্ত শাকিবের জুটি হচ্ছেন কিনা।









