ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। অভিনয়ের ব্যস্ততার মধ্যেও মজার সব মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। কখনো খালি গলায় গান গেয়ে, কখনো আবার মজার ভিডিও প্রকাশ করে অনুসারীদের আনন্দ দেন। এবার শুটিংয়ের ফাঁকে দুই কুকুরের সঙ্গে ইংরেজিতে কথা বলতে দেখা গেল তাঁকে। সেই ভিডিও দেখে হাসছেন ভক্তরাও।
রোববার (১ নভেম্বর) রাতে নিজের ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করেন তটিনী। সেখানে দেখা যায়, রাতের আবছা আলোয় দুটি কুকুরের সামনে দাঁড়িয়ে ইংরেজিতে কথা বলার চেষ্টা করছেন অভিনেত্রী।
ভিডিওতে তটিনী বলেন, ‘ইংরেজি কঠিন? না। আমি আসলে ওকে বোঝানোর চেষ্টা করছিলাম, ও দেখতে সুন্দর ও নিষ্পাপ; কিন্তু আসলে তেমন নয়। ওর চোখের মধ্যে আগ্রাসী ভাব আছে।’
এরপর দর্শকের উদ্দেশে জানতে চান, ‘আমার ইংরেজিটা ঠিক আছে?’ একটি কুকুরকে নিজের বন্ধু বলেও পরিচয় করিয়ে দেন তিনি। যদিও কুকুরটির নাম জানেন না। শুরুতে তাকে আগ্রাসী মনে হলেও পরে বুঝতে পারেন, প্রাণীটি আসলে শান্ত। একপর্যায়ে নিজের হাত দিয়ে কুকুরটিকে আদরও করেন। অন্য কুকুরটিকে দেখতে কাইলি জেনারের মতো লাগে বলেও মজা করেন তটিনী।

তটিনীর ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওটি ইতিমধ্যে ৩ লাখ ৭৫ হাজারের বেশি বার দেখা হয়েছে। প্রতিক্রিয়া এসেছে ১৭ হাজারেরও বেশি। মন্তব্যের ঘরেও ভক্তদের নানা মজার প্রতিক্রিয়া দেখা গেছে।
অভিনয় দিয়ে দর্শকের মন জয় তটিনীর
তানজিম সাইয়ারা তটিনীর অভিনয়জীবনের শুরু ২০২০ সালের দিকে। অল্প সময়ের মধ্যেই ছোট পর্দায় নিজের পরিচিতি তৈরি করেছেন তিনি। ‘তকদীর’ ওয়েব সিরিজে কাজের মধ্য দিয়ে অভিনয়ের অভিজ্ঞতা অর্জন করেন। পরে নাটকে নিয়মিত হয়ে ওঠেন। ২০২২ সালে ‘এই মুহূর্তে’ অ্যান্থলজি সিনেমাতেও অভিনয় করেন।
‘সুহাসিনী’, ‘পথে হলো দেরি’, ‘তোমাদের গল্প’, ‘হৃদয়ের এককোণে’, ‘মন দিওয়ানা’, ‘জোড়া শালিক’, ‘বেশি বলে বুলবুলি’, ‘পরী’ ও ‘নট এ লাভ স্টোরি’র মতো নাটকে অভিনয় করে দর্শকের পরিচিত মুখ হয়ে উঠেছেন তটিনী। ফারহান আহমেদ জোভান, ইয়াশ রোহান ও তৌসিফ মাহবুবের সঙ্গে তাঁর জুটি দর্শকের কাছে বেশ জনপ্রিয়।

বিশেষ করে ‘তোমাদের গল্প’ নাটকে শালু চরিত্রে অভিনয় করে প্রশংসা পান তিনি। একই ধরনের চরিত্রে আটকে না থেকে ভিন্ন গল্প ও চরিত্রে নিজেকে তুলে ধরার চেষ্টা করছেন এই অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি গানেও রয়েছে তাঁর আগ্রহ। মাঝেমধ্যে খালি গলায় গান গেয়ে শোনান অনুসারীদের।

এদিকে নতুন নাটক নিয়েও ব্যস্ত সময় পার করছেন তটিনী। তাঁকে সামনে দেখা যাবে ‘মন দুনিয়া’ নাটকে। ইমরাউল রাফাত পরিচালিত নাটকটিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। মঙ্গলবার প্রকাশ করা হবে নাটকটির টিজার। আর ৬ নভেম্বর ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়ার কথা রয়েছে এটি।
নিয়মিত অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব তটিনী। নাটকের চরিত্রের বাইরেও তাঁর স্বতঃস্ফূর্ত উপস্থিতি দর্শকের আগ্রহ বাড়াচ্ছে। এবার কুকুরের সঙ্গে ইংরেজিতে কথোপকথনের ভিডিও দিয়ে সেই পরিচিতিতে যোগ হলো নতুন এক মজার মুহূর্ত।






