পারিবারিক বিনোদনে দর্শক পছন্দের শীর্ষে তাহসানের শো । দেশজুড়ে দর্শকের ব্যাপক সাড়া নিয়ে শেষ হয়েছে পারিবারিক গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর দ্বিতীয় সিজন। টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্ম মিলিয়ে অনুষ্ঠানটি পেয়েছে এক বিলিয়নের বেশি ভিউ। আয়োজকদের দাবি, জনপ্রিয় এই আয়োজন পারিবারিক বিনোদনে যোগ করেছে নতুন মাত্রা।
সাধারণ পরিবারের সদস্যদের নিয়ে সাজানো এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানটি প্রচারের শুরু থেকেই দর্শকের আগ্রহ ধরে রেখেছিল। শুধু বিনোদন নয়, পরিবারের সদস্যদের একসঙ্গে সময় কাটানো আর আনন্দ ভাগ করে নেওয়ার সুযোগও তৈরি করেছে শোটি। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন তাহসান খান।

‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ এ ৬৪ জেলার জরিপ
সংশ্লিষ্টদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দ্বিতীয় সিজনে দর্শকের মতামতকে গুরুত্ব দিতে দেশের ৬৪টি জেলায় জরিপ চালানো হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে সংগ্রহ করা উত্তর ও মতামতই ছিল অনুষ্ঠানের প্রশ্ন তৈরির অন্যতম ভিত্তি। প্রান্তিক এলাকার মানুষের মতামতও জায়গা পেয়েছে এতে।
আয়োজক প্রতিষ্ঠান বঙ্গের উদ্যোগে পরিচালিত এই জরিপ অনুষ্ঠানটিকে দেশের নানা অঞ্চলের মানুষের কাছে আরও পরিচিত করে তুলেছে।
পুরস্কারের দিক থেকেও এবারের আয়োজন ছিল আকর্ষণীয়। প্রাইজমানি পার্টনার প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ও প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের সহযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারী পরিবারগুলো পেয়েছে প্রায় ১৫ লাখ টাকার বেশি সমমূল্যের পুরস্কার। এর মধ্যে ছিল নগদ অর্থ, ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় থাকার সুযোগ আর বিভিন্ন প্রতিষ্ঠানের উপহার কার্ড।
অনুষ্ঠানটির সঞ্চালক তাহসান খান বলেন, এই আয়োজনে বাংলাদেশের নানা ধরনের পরিবারের সঙ্গে মেশার সুযোগ তাঁর জন্য ছিল বিশেষ এক অভিজ্ঞতা। পরিবারের সদস্যদের হাসি, আনন্দ আর একসঙ্গে থাকার মুহূর্তগুলো কাছ থেকে দেখেছেন তিনি। দর্শকের কাছ থেকে পাওয়া ভালোবাসায় নিজের সন্তুষ্টির কথাও জানান এই সংগীতশিল্পী ও অভিনেতা।

বঙ্গের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, টেলিভিশনের পাশাপাশি ডিজিটাল মাধ্যমেও অনুষ্ঠানটি পেয়েছে উল্লেখযোগ্য দর্শকপ্রিয়তা। সব মিলিয়ে দ্বিতীয় সিজনটি তাদের প্রত্যাশা ছাড়িয়ে গেছে বলে মনে করছে আয়োজক প্রতিষ্ঠানটি।
দ্বিতীয় সিজনের এই সাফল্যের পর এবার তৃতীয় সিজনের অপেক্ষায় দর্শকেরা। বঙ্গ কর্তৃপক্ষ জানিয়েছে, শিগগিরই শুরু হবে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন।









