Monday, November 2, 2026

সিনেমার বাইরেও আয়ের বিশাল সাম্রাজ্য শাহরুখের

রজনীকান্ত কেন সুপার স্টার ?

রজনীকান্ত কেন সুপার স্টার ? 

October 26, 2026

অমিতাভ বচ্চন – যে গল্প কখনো বলা হয়নি

October 16, 2026

আধুনিক বাংলা চলচ্চিত্রের সেরা নায়িকা কে ?

October 12, 2026

সালমান শাহ কেন এত অল্প সময়ে কিংবদন্তি হয়ে গেলেন?

October 2, 2026

কেন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাওয়া ছেড়ে দিলেন আমির খান?

September 26, 2026

বলিউডে দীর্ঘদিনের জনপ্রিয়তার পাশাপাশি ব্যবসায়ও নিজের অবস্থান তৈরি করেছেন শাহরুখ খান। অভিনয়ের বাইরে প্রযোজনা, ক্রিকেট দল, বিজ্ঞাপন, বিনিয়োগ ও রিয়েল এস্টেট থেকে আসে তাঁর বড় অঙ্কের আয়। হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬-এর তথ্য অনুযায়ী, তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় ১০ হাজার কোটি টাকা। এই সম্পদ নিয়ে তিনি ভারতের সবচেয়ে ধনী অভিনেতা। কীভাবে গড়ে উঠেছে শাহরুখের এই বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য?

শাহরুখ খানের ৬১তম জন্মদিন আজ ২ নভেম্বর। পর্দায় তাঁর জনপ্রিয়তা কয়েক দশকের। তবে শুধু অভিনয়ের ওপর নির্ভর করে থাকেননি এই অভিনেতা। গত দুই দশকে ব্যবসা ও বিনিয়োগের বিভিন্ন ক্ষেত্রে যুক্ত হয়েছেন তিনি। তাঁর আয়ের উৎসও এখন আর কেবল সিনেমায় সীমাবদ্ধ নেই।

রেড চিলিজ এন্টারটেইনমেন্ট

শাহরুখের ব্যবসায়িক যাত্রার অন্যতম বড় অংশ রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। ২০০২ সালে স্ত্রী গৌরী খানকে সঙ্গে নিয়ে প্রযোজনা সংস্থাটি প্রতিষ্ঠা করেন তিনি। শুরুতে সিনেমা প্রযোজনার কাজ করলেও সময়ের সঙ্গে ব্যবসার পরিধি বেড়েছে।

‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’ ও ‘হ্যাপি নিউ ইয়ার’-এর মতো জনপ্রিয় ছবি প্রযোজনা করেছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি রয়েছে ভিজ্যুয়াল ইফেক্টস (ভিএফএক্স) বিভাগ রেড চিলিজ ভিএফএক্স। বলিউডের বড় ভিএফএক্স স্টুডিওগুলোর একটি হিসেবে পরিচিত এটি। এ ছাড়া ওটিটি প্ল্যাটফর্মের জন্যও কনটেন্ট তৈরি করে সংস্থাটি। ২০২৩ অর্থবছরে রেড চিলিজের আয় ছিল প্রায় ৩০০ কোটি টাকা। ওই বছর প্রতিষ্ঠানটির মুনাফা ছিল প্রায় ৮৫ কোটি টাকা।

কলকাতা নাইট রাইডার্স ও ক্রিকেট ব্যবসা

শাহরুখের সম্পদের আরেকটি বড় উৎস ক্রিকেট। ২০০৮ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরুতে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মালিকানায় যুক্ত হন তিনি। দলটিকে ঘিরে তৈরি করেন আলাদা এক পরিচিতি। এখন পর্যন্ত ২০১২, ২০১৪ ও ২০২৪ সালে আইপিএল শিরোপা জিতেছে কেকেআর।

আইপিএল ট্রফি হাতে শাহরুখ খান ও গৌরী খান
আইপিএল ট্রফি হাতে শাহরুখ খান ও গৌরী খান

তবে ক্রিকেটে শাহরুখের ব্যবসা শুধু ভারতেই সীমাবদ্ধ নেই। নাইট রাইডার্স গ্রুপের অধীনে রয়েছে ক্যারিবীয় অঞ্চলের ত্রিনবাগো নাইট রাইডার্স, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি নাইট রাইডার্স এবং যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স। এভাবে বিভিন্ন দেশের টি-টোয়েন্টি লিগেও ছড়িয়ে পড়েছে তাঁর ক্রিকেট ব্যবসা। ২০২৬ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পোমোনায় নিজেদের ক্রিকেট স্টেডিয়ামও উদ্বোধন করেছে গ্রুপটি।

বিজ্ঞাপন ও ব্র্যান্ডের সঙ্গে যুক্ত থাকা

বিজ্ঞাপনের বাজারেও শাহরুখের চাহিদা এখনো বেশ শক্তিশালী। কনসালট্যান্সি প্রতিষ্ঠান ক্রলের সেলিব্রিটি ব্র্যান্ড ভ্যালুয়েশন ২০২৫-এর হিসাব অনুযায়ী, তাঁর ব্র্যান্ডমূল্য ১৭৭ দশমিক ৯ মিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১ হাজার ৬৯৪ কোটি টাকা। ২০২৪ সালে ২৮টি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ২০২৫ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩৬টিতে।

হুন্দাই ও দুবাই ট্যুরিজমসহ বিভিন্ন খাতের প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে দেখা যায় শাহরুখকে। দীর্ঘদিনের জনপ্রিয়তা ও দর্শকের কাছে পরিচিত মুখ হওয়ার কারণে ব্র্যান্ডগুলোর কাছে এখনো গুরুত্বপূর্ণ তিনি।

বিনিয়োগ ও নতুন ব্যবসা

সিনেমা ও ক্রিকেটের বাইরেও বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ রয়েছে শাহরুখের। তাঁর পারিবারিক বিনিয়োগ প্রতিষ্ঠান বিভিন্ন খাতে অর্থ বিনিয়োগ করে। শিশুদের জন্য শিক্ষামূলক বিনোদনকেন্দ্র কিডজানিয়াতেও তাঁর বিনিয়োগ রয়েছে বলে জানা যায়। এ ছাড়া প্রযুক্তি, আবাসন ও গণমাধ্যমভিত্তিক স্টার্টআপেও তাঁর বিনিয়োগের কথা বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

ছেলে আরিয়ানের সঙ্গে বিলাসপণ্যের ব্র্যান্ড

ছেলে আরিয়ান খানের সঙ্গে মিলে ‘ডি’ইয়াভল’ নামে একটি বিলাসপণ্যের ব্র্যান্ড গড়ে তুলেছেন শাহরুখ। প্রিমিয়াম ফ্যাশন ও লাইফস্টাইল পণ্য নিয়ে কাজ করছে ব্র্যান্ডটি। এর সঙ্গে যুক্ত হয়েছে মদ উৎপাদনকারী প্রতিষ্ঠান রেডিকো খৈতানও। ফলে অভিনয়ের বাইরে পারিবারিক উদ্যোগ হিসেবেও নতুন ব্যবসায়িক ক্ষেত্র তৈরি করেছেন শাহরুখ।

দেশ-বিদেশে রিয়েল এস্টেট

শাহরুখের সম্পদের বড় অংশজুড়ে রয়েছে স্থাবর সম্পত্তি। মুম্বাইয়ের সমুদ্রতীরবর্তী বাড়ি ‘মান্নাত’ তাঁর সবচেয়ে পরিচিত সম্পদগুলোর একটি। বাড়িটি এখন শহরের অন্যতম পরিচিত স্থাপনা। এ ছাড়া দুবাইয়ের পাম জুমেইরায় একটি বিলাসবহুল ভিলা এবং লন্ডনসহ বিশ্বের বিভিন্ন জায়গায় তাঁর সম্পত্তি রয়েছে।

মুম্বাইয়ে শাহরুখ খানের বাড়ি মান্নাত
শাহরুখ খানের মুম্বাইয়ের বাড়ি ‘মান্নাত’

আয়ের বড় উৎস এখনো সিনেমা

ব্যবসার এতগুলো ক্ষেত্র থাকলেও শাহরুখের আয়ের অন্যতম প্রধান ভিত্তি এখনো সিনেমা। অভিনয়ের পারিশ্রমিকের পাশাপাশি নিজের প্রযোজনা সংস্থার মাধ্যমে ছবির আয় থেকেও অংশ পান তিনি। কোনো কোনো ছবিতে লাভের অংশীদারত্বের ব্যবস্থাও থাকে। অর্থাৎ একটি সিনেমা থেকে অভিনয় ও প্রযোজনা দুই দিক থেকেই আয় করার সুযোগ রয়েছে তাঁর।

সব মিলিয়ে শাহরুখ খানের ব্যবসায়িক সাম্রাজ্য এখন চলচ্চিত্র, ক্রিকেট, বিজ্ঞাপন, বিনিয়োগ ও রিয়েল এস্টেটজুড়ে বিস্তৃত। পর্দার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ব্যবসার নানা ক্ষেত্রে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। তাই তাঁকে শুধু বলিউডের ‘কিং’ বললে তাঁর ব্যবসায়িক পরিচয়ের পুরোটা বলা হয় না।

Share

Read more

Local News