বলিউড বাদশাহ শাহরুখ খানের ৬১তম জন্মদিনে ভক্তদের জন্য উপহার নিয়ে হাজির হয়েছে তাঁর আসন্ন সিনেমা ‘কিং’-এর নির্মাতারা। প্রকাশ করা হয়েছে ছবিটির প্রথম গান ‘তু মিল যায়ে’। গানটিতে দীপিকা পাড়ুকোনের সঙ্গে রোমান্টিক মুহূর্তে দেখা গেছে শাহরুখকে। তবে প্রেমের দৃশ্যের পাশাপাশি রয়েছে রক্তাক্ত সংঘর্ষ, মারামারি ও অপরাধজগতের নানা ঝলক।
২ নভেম্বর মধ্যরাতে শাহরুখের জন্মদিন উপলক্ষে গানটি প্রকাশ করা হয়। গত বছর অভিনেতার ৬০তম জন্মদিনে ‘কিং’-এর প্রথম লুক প্রকাশ করেছিল নির্মাতা প্রতিষ্ঠান। এবার জন্মদিনে সামনে এল ছবিটির প্রথম গান। ভক্তদের অনেকে টিজার বা ট্রেলারের অপেক্ষায় থাকলেও গান প্রকাশ করেই চমক দিয়েছে নির্মাতারা।

রোমান্সের আড়ালে বিধ্বংসী রূপ
‘তু মিল যায়ে’ গানের শুরুতে শাহরুখকে বলতে শোনা যায়, ‘ম্যায় কাতিল নেহি, আশিক হুঁ, অউর নিশানা মেরি মাশুকা…’। এরপর পর্দায় আসে শাহরুখ ও দীপিকার রোমান্টিক মুহূর্তগুলো। কখনো মনোরম প্রাকৃতিক পরিবেশে, কখনো একান্ত সময় কাটাতে দেখা যায় এই জুটিকে। গানে ছোট কালো চুলের নতুন সাজেও নজর কেড়েছেন শাহরুখ।
তবে পুরো গানজুড়ে শুধু প্রেমের আবহ নেই। রোমান্টিক দৃশ্যের পরই বদলে যায় পরিবেশ। শাহরুখকে দেখা যায় লবণ-গোলমরিচ রঙের চুল, রক্তাক্ত মুখ আর ভয়ংকর এক অবয়বে। একাধিক ব্যক্তির সঙ্গে সংঘর্ষে জড়াতে দেখা যায় তাঁকে। পেছনে আগুনের শিখা আর মারামারির দৃশ্য থেকে ছবিতে তাঁর চরিত্রের অন্ধকার দিকের আভাস পাওয়া যায়। চরিত্রটির সঙ্গে আন্ডারওয়ার্ল্ড ও চোরাচালান ব্যবসার যোগসূত্রও ইঙ্গিত করা হয়েছে গানে।
গানের শেষ দিকে শাহরুখের আরেকটি সংলাপও আলোচনায় এসেছে। তাঁকে বলতে শোনা যায়, ‘পর ইস বার দিল মে আগ লাগি হ্যায়, অব দুনিয়া জালায়ে বিনা মানেগা নেহি।’ অর্থাৎ, এবার তাঁর হৃদয়ে আগুন জ্বলেছে। দুনিয়াকে না জ্বালিয়ে তিনি থামবেন না।

‘তু মিল যায়ে’ গানটিতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও মধুবন্তী বাগচী। সংগীত পরিচালনা করেছেন শচীন-জিগর। গানটির বিশেষ আকর্ষণ আন্তর্জাতিক সংগীতশিল্পী এড শিরানের র্যাপ অংশ। ভারতীয় ও আন্তর্জাতিক সংগীতশিল্পীদের এই অংশগ্রহণ গানটি নিয়ে দর্শকের আগ্রহ আরও বাড়িয়েছে।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশন থ্রিলার ‘কিং’-এ শাহরুখ ও দীপিকা ছাড়াও অভিনয় করছেন সুহানা খান, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ারসি, রাঘব জুয়াল ও অভয় ভার্মাসহ আরও অনেকে।
রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্স প্রযোজিত ছবিটি আগামী ২৪ ডিসেম্বর ২০২৬ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। প্রথম গানেই শাহরুখের রোমান্টিক ও অ্যাকশনধর্মী দুই রূপের ঝলক পেয়ে এবার পুরো ছবির অপেক্ষায় রয়েছেন ভক্তরা।









