অক্টোবর মাসজুড়ে দেশের বিনোদন অঙ্গনে আলোচনার কেন্দ্রে ছিলেন কয়েকজন তারকা। কারও নাম জড়িয়েছে বিতর্ক আর আইনি জটিলতায়, কেউ শিরোনামে এসেছেন এআই দিয়ে তৈরি আপত্তিকর ভিডিওর ঘটনায়, আবার কেউ দীর্ঘ বিরতির পর ফিরেছেন শুটিংয়ে।
তানজিন তিশাকে ঘিরে বিতর্ক
পুরোনো শাড়ি-সংক্রান্ত আইনি জটিলতা নতুন করে সামনে আসায় অক্টোবরে আলোচনায় ছিলেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। ফ্যাশন উদ্যোক্তা আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরীর অভিযোগ, ২০২৪ সালের ১৩ ডিসেম্বর একটি অনুষ্ঠানে পরার জন্য ৭৫ হাজার টাকা দামের একটি শাড়ি নিয়েছিলেন তিশা, যা পরে আর ফেরত দেওয়া হয়নি।
এ ঘটনায় ২০২৫ সালের ২৭ নভেম্বর তিশার বিরুদ্ধে প্রতারণার মামলা করেন সানায়া। তদন্তে অভিযোগের সত্যতা পায়নি পিবিআই, আদালতে জমা পড়ে চূড়ান্ত প্রতিবেদন। বাদীর নারাজি আবেদন গ্রহণ করে গত ২৫ অক্টোবর মামলাটির অধিকতর তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিআইডিকে। এর পরদিন আগের মামলা তুলে নিতে হুমকি দেওয়ার অভিযোগে নতুন আরেকটি মামলা করেন সানায়া।
এআইয়ের ভুয়া ভিডিও ঘিরে বিতর্ক
অক্টোবরের মাঝামাঝি এআই প্রযুক্তি দিয়ে তৈরি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় আলোচনায় আসেন চিত্রনায়িকা পরীমনি ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করে গত ১৩ অক্টোবর তাঁদের নাম ও চেহারা ব্যবহার করে তৈরি ভুয়া ভিডিও প্রকাশ করা হয়।

পরে অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করে আপত্তিকর কনটেন্ট সরিয়ে ফেলে চ্যানেল কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, অ্যাকাউন্ট হ্যাক করে এআই প্রযুক্তির অপব্যবহারে তৈরি ভুয়া ছবি ও ভিডিও ছড়ানো হয়েছিল। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন পরীমনি ও মেহজাবীন।
শুটিংয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
নয় মাস আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর অস্ত্রোপচার, চিকিৎসা আর কেমোথেরাপির মধ্য দিয়ে যেতে হয় তাঁকে। এই দীর্ঘ সময়টা অভিনয় থেকে দূরে ছিলেন তিনি।

অবশেষে গত ২৬ অক্টোবর ইকসান রনির ‘অংশীদার’ নাটকের মাধ্যমে আবার শুটিংয়ে ফিরেছেন বৃষ্টি, টানা দুই দিনে শেষ করেছেন নাটকটির কাজ। শুটিংয়ে ফিরে সহকর্মীদের আন্তরিকতায় আবেগাপ্লুত বৃষ্টি জানান, পরিচালক থেকে শুরু করে সেটের প্রত্যেকের আলাদা যত্ন আর ভালোবাসা তাঁর ভীষণ ভালো লেগেছে।
সূত্র: প্রথম আলো









