বাংলাদেশে প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে ফরাসি অপেরা ফিউশন যা প্রথমবারের মতো ফরাসি ও বাংলা অপেরার যৌথ পরিবেশনার আয়োজন করতে যাচ্ছে ‘দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেড’। সংগঠনটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১১ থেকে ২১ নভেম্বর ২০২৬ পর্যন্ত ঢাকায় ১১ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সোমবার (২৬ অক্টোবর) হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার পার্ল হল রুমে এক সংবাদ সম্মেলনে আয়োজনের বিস্তারিত তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকাস্থ ফরাসি দূতাবাসের মিশন উপপ্রধান ফ্রেডরিক ইনজা, দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেডের সভাপতি ও সংগীতশিল্পী সুজিত মোস্তফা, উৎসবের প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. এ. এইচ. এম. মুস্তাফিজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল ফাউন্ডেশনের (ডিইউসিএফ) প্রতিনিধি মাহফুজার রহমান এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার ফুড অ্যান্ড বেভারেজ পরিচালক অলিভিয়ের লোরো।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অধ্যাপক ড. এ. এইচ. এম. মুস্তাফিজুর রহমান জানান, উৎসবের অংশ হিসেবে তিনটি বিশেষ কর্মসূচি আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে তরুণ চিত্রশিল্পীদের জন্য দেশব্যাপী চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বাংলাদেশের লোকজ ও নৃগোষ্ঠীর সংগীত উৎসব এবং ফরাসি-বাংলা অপেরার বিশেষ পরিবেশনা।
২০ থেকে ৩৫ বছর বয়সী উদীয়মান শিল্পীদের নিয়ে আয়োজন করা হবে ‘Atelier Award: Young Painters of Tomorrow’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এর মাধ্যমে সম্ভাবনাময় তরুণ চিত্রশিল্পীদের খুঁজে বের করে তাঁদের শিল্পচর্চা ও বিকাশে সহায়তা দেওয়ার লক্ষ্য নিয়েছে আয়োজকরা।
এ ছাড়া হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার সহযোগিতায় ১১ থেকে ২০ নভেম্বর পর্যন্ত ১০ দিনব্যাপী লোকজ ও নৃগোষ্ঠীর সংগীত উৎসব অনুষ্ঠিত হবে। এতে বাউল, ভাটিয়ালি, ভাওয়াইয়া, গম্ভীরা, লালন ও হাসন রাজার গানসহ মণিপুরী, চাকমা, মারমা, সাঁওতাল ও হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সংগীত পরিবেশিত হবে।
উৎসবের সমাপনী আয়োজন হবে ২১ নভেম্বর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার গ্র্যান্ড বলরুমে। সেখানে ফরাসি অপেরা শিল্পী ভেরোনিক পেইন এবং ফরাসি পিয়ানোবাদক ফ্যাব্রিস মেইত্রে সরাসরি পরিবেশনায় অংশ নেবেন। আয়োজকদের দাবি, এ আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো ফরাসি ও বাংলা অপেরার ফিউশন পরিবেশিত হবে।
অনুষ্ঠানটি ঢাকাস্থ ফরাসি দূতাবাসের বিশেষ পৃষ্ঠপোষকতায় আয়োজন করা হচ্ছে। সংবাদ সম্মেলনে দূতাবাসের সাংস্কৃতিক অ্যাটাশে ব্যাপ্টিস্ট লেব্রে বলেন, এই আয়োজন বাস্তবায়নে ফরাসি দূতাবাসের সমর্থন রয়েছে। বাংলাদেশ ও ফ্রান্সের সাংস্কৃতিক সম্পর্ক জোরদার এবং দুই দেশের শিল্পীদের মধ্যে বিনিময় বাড়ানোর ক্ষেত্রেও এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেডের সভাপতি সংগীতশিল্পী সুজিত মোস্তফা বলেন, তরুণ প্রজন্মের সম্ভাবনাময় শিল্পীদের জন্য একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলার লক্ষ্য নিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়। ২০২৫ সালে প্রাতিষ্ঠানিক নিবন্ধন পাওয়ার পর থেকে সংগঠনটি নিয়মিত সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করছে। এরই মধ্যে তাদের ‘শুক্রবার সংগীত সন্ধ্যা’ আয়োজনের ২০০টিরও বেশি পর্ব সম্পন্ন হয়েছে।
তিনি এই আয়োজন বাস্তবায়নে ফরাসি দূতাবাস, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা এবং সহ-আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল ফাউন্ডেশনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। পাশাপাশি তরুণ শিল্পীদের বিকাশ ও আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময় বাড়াতে করপোরেট প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক পৃষ্ঠপোষকদের এগিয়ে আসার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপস্থিত অতিথিরা। পরে গণমাধ্যমকর্মীদের আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।









