মুক্তির ১১ দিনের মাথায় বিশ্বব্যাপী ৭১০ কোটি ৩৫ লাখ রুপি আয় করে সর্বকালের সর্বোচ্চ আয়কারী তামিল সিনেমার রেকর্ড গড়েছে রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’। এর মধ্য দিয়ে অভিনেতারই ২০১৮ সালের ব্লকবাস্টার ‘২.০’-এর আয়ের রেকর্ড ছাড়িয়ে গেছে নেলসন দিলীপকুমার পরিচালিত ছবিটি।
রবিবার এ মাইলফলক অর্জন করে অ্যাকশনধর্মী সিনেমাটি। বক্স অফিসের হিসাব পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, প্রেক্ষাগৃহে মুক্তির পুরো সময়ে ‘২.০’ বিশ্বব্যাপী আয় করেছিল ৬৯১ কোটি রুপি। ছবিটিতে রজনীকান্তের পাশাপাশি অভিনয় করেছিলেন অক্ষয় কুমার।
বক্স অফিসে দাপট ‘জেলার ২’-এর
ভারতের বক্স অফিসেও ভালো ব্যবসা করছে ‘জেলার ২’। রবিবার এক দিনেই দেশটির বাজার থেকে ২৫ কোটি ৭০ লাখ রুপি আয় করেছে সিনেমাটি। এতে ভারতে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৪৬৬ কোটি ৮৫ লাখ রুপি। কর বাদে দেশীয় বাজারে এর নিট আয় ৩৯৮ কোটি ৭০ লাখ রুপি। মুক্তির ১১তম দিনে বিদেশের বাজার থেকে ছবিটি আয় করেছে ১০ কোটি রুপি। এতে আন্তর্জাতিক বাজারে এর মোট আয় দাঁড়িয়েছে ২৪৩ কোটি ৫০ লাখ রুপি।
ভাষা ভিত্তিক আয়ের হিসাবে রবিবার সবচেয়ে এগিয়ে ছিল তামিল সংস্করণ। ৫ হাজার ৬৮৩টি প্রদর্শনী থেকে এটি আয় করেছে ১৭ কোটি ৩৫ লাখ রুপি। তেলুগু সংস্করণ ১ হাজার ৮৬০টি প্রদর্শনী থেকে আয় করেছে ৪ কোটি ৫০ লাখ রুপি। হিন্দি সংস্করণ ৪ হাজার ১৯৫টি প্রদর্শনী থেকে আয় করেছে ৩ কোটি ১৫ লাখ রুপি। এ ছাড়া ২১৬টি প্রদর্শনী থেকে কন্নড় সংস্করণের আয় ৭০ লাখ রুপি।
‘জেলার ২’ ২০২৬ সালের সর্বোচ্চ আয়কারী তামিল সিনেমার রেকর্ডও গড়েছে। মুক্তির প্রথম সপ্তাহান্তেই ছবিটি বক্স অফিসে একাধিক নজির স্থাপন করে। মাত্র তিন দিনে বিশ্বব্যাপী এর আয় ৩০০ কোটি রুপি ছাড়িয়ে যায়। চতুর্থ দিনেই আয় পেরিয়ে যায় ৪০০ কোটি রুপি।
সান পিকচার্সের প্রযোজনায় নির্মিত সিনেমাটিতে রজনীকান্তের পাশাপাশি অভিনয় করেছেন রম্যা কৃষ্ণন, মোহনলাল, শিব রাজকুমার, জ্যাকি শ্রফ, যোগী বাবু, মির্না, রিত্তিক, এস জে সূর্য, বিদ্যা বালান, সুরাজ ভেঞ্জারামুডু, মিঠুন চক্রবর্তী, হৃতিক রোশন, বিজয় সেতুপতি, যতীন সারনা, নমো নারায়ণ, হাকিম শাহজাহান ও কোট্টায়াম নাজির।
সিনেমাটি ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায়।
সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া









