পোশাকের চাকচিক্য নয়, মানুষের প্রকৃত আভিজাত্য প্রকাশ পায় তার ব্যক্তিত্বে এমনই এক ভাবনার কথা জানিয়েছেন অভিনেতা মোশাররফ করিম। সম্প্রতি নিজের ফেসবুক পেজে সাদামাটা সাজের একটি ছবি প্রকাশ করে ছোট্ট এক ক্যাপশনে নিজের এই জীবনদর্শনের কথা তুলে ধরেছেন তিনি।
ছবিতে প্রকৃতির শান্ত পরিবেশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় মোশাররফ করিমকে। পরনে ছাই রঙের সাধারণ পাঞ্জাবি, চোখে সানগ্লাস। পোশাকে বাড়তি কোনো আড়ম্বর নেই। সাদামাটা উপস্থিতিতেই ধরা দিয়েছেন এই অভিনেতা।
ছবিটির সঙ্গে মোশাররফ করিম লিখেছেন, ‘আভিজাত্য পোশাকে নয়, প্রকাশ পায় ব্যক্তিত্বে। সংক্ষিপ্ত এই কথায় বাহ্যিক সাজসজ্জার চেয়ে মানুষের নিজস্বতা ও ব্যক্তিত্বকেই গুরুত্ব দেওয়ার ভাবনাই উঠে এসেছে।
ছবিটি প্রকাশের পর ভক্তদের মধ্যেও দেখা গেছে নানা প্রতিক্রিয়া। অনেকে তাঁর সাদামাটা উপস্থিতি ও ব্যক্তিত্বের প্রশংসা করেছেন। একজন ভক্ত মন্তব্য করেছেন, ব্যক্তিত্ব সুন্দরই আছে। যখন চেতাইবো অসুন্দর হইয়া যাইবো। আরেকজন তাঁকে ‘পৃথিবীর ১০ জন শ্রেষ্ঠ অভিনেতার মধ্যে একজন’ বলে মন্তব্য করেছেন।
দীর্ঘ অভিনয় জীবনে নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে আলাদা জায়গা তৈরি করেছেন মোশাররফ করিম। নাটক, চলচ্চিত্র ও ওয়েব কনটেন্ট বিভিন্ন মাধ্যমে তাঁর অভিনয়ের বৈচিত্র্য তাঁকে জনপ্রিয়তা এনে দিয়েছে। পর্দার বাইরেও তাঁর ব্যক্তিত্ব ও জীবনযাপন নিয়ে ভক্তদের আগ্রহ রয়েছে।
এবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের একটি ছবি ও কয়েকটি শব্দের ক্যাপশনের মাধ্যমে ভিন্ন এক ভাবনা তুলে ধরেছেন তিনি। ছাই রঙের পাঞ্জাবি, প্রকৃতির শান্ত পরিবেশ আর ছোট্ট সেই বার্তা সব মিলিয়ে ছবিটিতে যেন তাঁর নিজের কথাটিই প্রতিফলিত হয়েছে, আভিজাত্যের পরিচয় পোশাকে নয়, ব্যক্তিত্বে।









