একটি রাত, একটি অভিযান আর এক তরুণীর আত্মত্যাগ’, প্রীতিলতা ওয়াদ্দেদারের গল্প আজও সাহসের প্রতীক। ব্রিটিশবিরোধী আন্দোলনের এই বীরকন্যার আত্মাহুতি দিবস স্মরণে নাটক, গান ও চিত্রপ্রদর্শনী নিয়ে বেইলি রোডে আয়োজন করেছে নাট্যদল ঢাকা পদাতিক।
আগামী ২২ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে হবে এই আয়োজন। ইতিহাস ও ঐতিহ্য পরিষদ এবং সাংস্কৃতিক বিদ্যালয় তপোবন এতে সহযোগিতা করছে। তপোবনের শিল্পীদের সংগীত পরিবেশনের পর মঞ্চস্থ হবে ঢাকা পদাতিকের ‘ট্রায়াল অব সূর্যসেন’।
মিলনায়তনের প্রবেশপথে থাকবে ঢাকার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের আঁকা ছবি। সেখানে উঠে আসবে প্রীতিলতা, চট্টগ্রাম যুববিদ্রোহ, জালালাবাদ পাহাড় ও ধলঘাট খণ্ডযুদ্ধের নানা দৃশ্য। পাশাপাশি থাকবে ব্রিটিশবিরোধী আন্দোলনে শহীদ চট্টগ্রামের বিপ্লবীদের ছবি এবং ‘ট্রায়াল অব সূর্যসেন’ এর বিভিন্ন মঞ্চায়নের প্রামাণ্যচিত্র। আয়োজনটি সবার জন্য উন্মুক্ত; কোনো টিকিট লাগবে না।
৪৭তম মঞ্চায়নে ‘ট্রায়াল অব সূর্যসেন’
ঢাকা পদাতিকের ৩৮তম প্রযোজনা ‘ট্রায়াল অব সূর্যসেন’। এবারের আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক নাটকটির ৪৭তম মঞ্চায়ন হতে যাচ্ছে। ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা মাস্টারদা সূর্যসেনের প্রহসনমূলক বিচার ও হত্যাকাণ্ডের বেদনাদায়ক ঘটনা নিয়ে নির্মিত নাটকটির রচনা ও মূল নির্দেশনা দিয়েছেন একুশে পদকপ্রাপ্ত নাট্যজন মাসুম আজিজ।

তাঁর মৃত্যুর পর নাটকটির নবনির্দেশনার দায়িত্ব নিয়েছেন অভিনেতা ও নির্দেশক নাদের চৌধুরী। তিনি নাটকের কিছু অংশের অলংকরণ ও মঞ্চপরিকল্পনাতেও পরিবর্তন এনেছেন। প্রায় ৪০টি চরিত্রের নাটকটিতে অভিনয় করছেন নাদের চৌধুরী, মাহবুবা হক কুমকুম, মনজুরুল ইসলাম নান্টু, সাবিহা জামান, মামুন উর রশিদ, শ্যামল হাসান, আক্তার হোসেন, রবিউল ইসলাম মিলটন, শাহনাজ পারভীন জয়া, তারেক আলী মিলন, কাজী সম্রাট, আতিকুর রহমানসহ অনেকে।
নাটকটির আলোক পরিকল্পনায় জাকারিয়া কিরণ, সংগীতে আবুল বাশার সোহেল এবং মঞ্চ ব্যবস্থাপনায় রয়েছেন শ্যামল হাসান।
কে ছিলেন প্রীতিলতা?
১৯১১ সালের ৫ মে চট্টগ্রামের পটিয়ার ধলঘাট গ্রামে জন্ম প্রীতিলতা ওয়াদ্দেদারের। ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে প্রবেশিকা এবং ঢাকার ইডেন কলেজ থেকে আইএ পাস করেন তিনি। পরে কলকাতার বেথুন কলেজ থেকে দর্শনে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
শিক্ষাজীবন শেষে চট্টগ্রামে ফিরে অপর্ণা চরণ স্কুলের প্রধান শিক্ষক হন। তবে দেশের স্বাধীনতার স্বপ্ন তাঁকে নিয়ে যায় বিপ্লবের পথে। যোগ দেন মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বাধীন বিপ্লবী দলে। ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর রাতে চট্টগ্রামের পাহাড়তলী ইউরোপীয় ক্লাবে সশস্ত্র অভিযানের নেতৃত্ব দেন প্রীতিলতা। ক্লাবটির বাইরে তখন ঝুলছিল ‘কুকুর ও ভারতীয়দের প্রবেশ নিষেধ’ লেখা অপমানজনক সাইনবোর্ড।
অভিযানের পর ব্রিটিশ পুলিশের হাতে ধরা পড়া এড়াতে বিষ পান করে আত্মাহুতি দেন ২১ বছরের প্রীতিলতা। ইতিহাসে তিনি ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম বাঙালি নারী শহীদ হিসেবে স্মরণীয়।









