Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, এপ্রিল ২৭, ২০২৬

রাশিয়ায় পুরস্কার জিতল দেশীয় সিনেমা ‘মাস্তুল’

রাশিয়ার ভলগা নদীর তীরে অবস্থিত শহর চেবোক্সারিতে আয়োজিত হয়েছে ‘অষ্টাদশ চেবোক্সারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। এই উৎসবে পুরস্কার জিতেছে বাংলাদেশী চলচ্চিত্র ‘মাস্তুল’। মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত ছবিটি পেয়েছে ‘বেস্ট আর্টিস্টিক কন্ট্রিবিউশন’ পুরস্কার।

উৎসবটি ২২ মে থেকে ২৮ মে পর্যন্ত চলছিলো। উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হয় ‘মাস্তুল’। রুশ নির্মাতা আন্দ্রেই জায়তসেভের ‘টু ইন ওয়ান লাইফ, আই ডোন্ট কাউন্ট ডগস’ হয় সেরা চলচ্চিত্র আর ‘ইয়ার অব দ্য ক্যাট’-এর জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন ইরানি নির্মাতা মোস্তফা তাহিজাদে।

নির্মাতা নূরুজ্জামান ফেসবুক পোস্টে লেখেন, ‘আহামরি বড় কোনো ফেস্টিভ্যাল না হলেও আমার অভিজ্ঞতায় এযাবৎ সবচেয়ে আন্তরিক চলচ্চিত্র উৎসব ছিল চেবোক্সারি। ২০২৩ সালে “আম কাঁঠালের ছুটি’ নিয়ে গিয়েছিলাম, সেবারও জুরি অ্যাওয়ার্ড পেয়েছিলাম। ভলগা নদীর তীরের এ উৎসবের সঙ্গে আমার অনেক প্রথমের স্মৃতি জড়িয়ে আছে।’

‘মাস্তুল’ একটি মানবিক গল্প। এতে উঠে এসেছে জলে ভাসমান জাহাজিদের জীবনযাপন, সংগ্রাম ও অন্তর্দ্বন্দ্ব। সিনেমাটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিকদার মুকিত ও সিফাত বন্যা।

চেবোক্সারির আগেও সিনেমাটি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। এপ্রিল মাসে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘প্রাত্যহিক জীবনের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গির জন্য’ স্পেশাল মেনশন (জুরি) অ্যাওয়ার্ড অর্জন করে ‘মাস্তুল’। এ ছাড়া স্পেনের ‘ইমাজিনইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫’-এ সেরা মানবিক ছবি বিভাগে মনোনয়ন পেয়েছে ছবিটি। উৎসবটি হবে ১ থেকে ১৬ সেপ্টেম্বর, মাদ্রিদে। পরিচালক জানিয়েছেন, তিনি আমন্ত্রণ পেয়েছেন এবং সব ঠিক থাকলে সেপ্টেম্বরে স্পেন সফরে যাবেন।

দেশে মুক্তি প্রসঙ্গে নির্মাতা জানিয়েছেন, ইমাজিনইন্ডিয়া উৎসবে যাওয়ার আগে দেশে সিনেমাটি মুক্তি দিতে চান।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শিক্ষার্থী ও নাট্যকর্মী মুনিরা মাহজাবিন মিমোর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মুনিরা মাহজাবিন মিমো ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী…
নাট্যকর্মী মুনিরা মাহজাবিন মিমোর
0
Share