১৯২৬ সালের ১৪ অক্টোবর লন্ডনের মেথুয়েন প্রকাশনী থেকে বের হয়েছিল এ এ মিলনের ‘উইনি-দ্য-পুহ’। এক শতাব্দী পেরিয়েও মধুখেকো এই ভালুক আর তার বন্ধুরা শৈশবের প্রিয় সঙ্গী হয়েই আছে। শতবর্ষ ঘিরে নিউইয়র্ক থেকে অ্যাশডাউন ফরেস্ট পর্যন্ত চলছে নানা উদ্যাপন।
বইয়ের এক বছর আগে, ১৯২৫ সালের বড়দিনের প্রাক্কালে লন্ডন ইভনিং নিউজ পত্রিকার একটি গল্পে প্রথম হাজির হয়েছিল পুহ। পরের বছর গল্পগুলো বই আকারে বের হয়, আর ১৯২৮ সালে আসে সিক্যুয়েল ‘দ্য হাউস অ্যাট পুহ কর্নার’। ই এইচ শেপার্ডের আঁকা ছবিগুলো সেই থেকে গল্পের সঙ্গে মিশে আছে অবিচ্ছেদ্যভাবে।

শতবর্ষে উইনি-দ্য-পুহ
চরিত্রগুলোর জন্ম মিলনের ছেলে ক্রিস্টোফার রবিনের খেলনা থেকে। ছেলের প্রিয় খেলনা ভালুক, পিগলেট, ইয়োর, কাঙ্গা আর টিগারই গল্পে প্রাণ পেয়েছে। গল্পের হান্ড্রেড একর উডের আসল ঠিকানা ইংল্যান্ডের পূর্ব সাসেক্সের অ্যাশডাউন ফরেস্ট, মিলন পরিবারের বাড়ির কাছের সেই বন।
আসল খেলনাগুলো প্রায় আট দশক ধরে আছে নিউইয়র্ক পাবলিক লাইব্রেরিতে। শতবর্ষ উপলক্ষে লাইব্রেরিতে চলছে ‘সিলি ওল্ড বিয়ার! উইনি-দ্য-পুহ অ্যাট ১০০’ শীর্ষক প্রদর্শনী, যা চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। পুহ, পিগলেট, ইয়োর, কাঙ্গা ও টিগারের আসল খেলনাগুলো দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা।
শতবর্ষের উত্তেজনা পৌঁছে গেছে বাকিংহাম প্যালেস পর্যন্ত। রানি ক্যামিলার রিডিং রুমের দূত হিসেবে লেখক জাইলস ব্র্যান্ডরেথ খেলনাগুলো সাময়িকভাবে লন্ডনে নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি সেই প্রস্তাবে রাজি হয়নি। খেলনাগুলো লাইব্রেরির স্থায়ী ‘ট্রেজারস’ প্রদর্শনীর অংশ।

অ্যাশডাউন ফরেস্ট আর পুহ কর্নারেও চলছে বছরব্যাপী উদ্যাপন। সেখানে পুঁতে রাখা হয়েছে একটি টাইম ক্যাপসুল, যা খোলা হবে ২১২৬ সালে, আরও এক শতাব্দী পরে। উদ্যাপনের নানা আয়োজনের জন্য সরকারি অনুদান দেওয়া হয়েছে প্রায় সাড়ে চার লাখ পাউন্ড।
১৯৬০-এর দশক থেকে পুহর স্বত্বের অধিকারী ডিজনি বছরব্যাপী উদ্যাপনের ঘোষণা দিয়েছে। প্রকাশক ফারশোর বের করছে বইটির শতবর্ষী সংস্করণ ও ফ্যাকসিমিলি। আর অক্টোবরে আসছে অনুমোদিত নতুন সিক্যুয়েল ‘আ লিটল বয় অ্যান্ড হিজ বিয়ার’, লিখেছেন জেন রিওর্ডান, ছবি এঁকেছেন অ্যান্ড্রু গ্রে।
এক শতাব্দী পেরিয়েও পুহর সরল ভাবনা আর বন্ধুত্বের গল্প নতুন প্রজন্মের পাঠককে টেনে চলেছে। এই ভালুক তাই শুধু শিশুসাহিত্যের একটি চরিত্র নয়, প্রজন্মের পর প্রজন্মের প্রিয় বন্ধু।









