কৃত্তিম বুদ্ধিমত্তা
মাত্র ১৫ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যাচ্ছে টম ক্রুজের সঙ্গে ব্র্যাড পিটের লড়াই চলছে। সামাজিক মাধ্যমে এই ভিডিওটি আসার পর থেকেই নেটিজেনদের মাঝে আলোচনা তুঙ্গে। ভিডিওতে দেখা যাচ্ছে হলিউড অভিনেতা টম ক্রুজ ও ব্র্যাড পিট একটি ছাদের ওপর একে অপরের সঙ্গে লড়াই করছেন। ভিডিওটি এখন সিনেমাবোদ্ধাদেরও আলোচনার কেন্দ্রে।
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে হলিউডে যে অস্বস্তি এতদিন ধরে জমে ছিলো, সেটি আবারো যেন বিস্ফোরিত হলো। ভিডিওটি পুরো চলচ্চিত্রশিল্পে নতুন এক আতঙ্কের জন্ম দিয়েছে। কারণ এ ভিডিওটি বাস্তব নয়, এটি তৈরি হয়েছে এআই দিয়ে। আর তা এমন নিখুঁতভাবে করা হয়েছে, দেখে বোঝার কোনো উপায় নেই বাস্তব না এআই।

তবে এই বিতর্ক নতুন নয়, বরং এবার পার্থক্য হলো-প্রযুক্তির গতি। কয়েক বছর আগেও এআই ভিডিওগুলো হাস্যকর লাগত, কিন্তু এখনকার ফল এতটাই বাস্তব যে অনেকেই বুঝতেই পারছেন না কোনটি আসল আর কোনটি নকল। প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, মাত্র ছয় মাস আগের মডেলগুলোর সঙ্গে বর্তমান এআই এর মান তুলনাই করা যায় না।
হলিউডের প্রতিবাদ
এ পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে হলিউডের বিভিন্ন বড় বড় সংগঠন। চীনের মালিকানাধীন টিকটক-এর প্রতিষ্ঠাতা কোম্পানি বাইটড্যান্স (ByteDance) এর বিরুদ্ধে মোশন পিকচার অ্যাসোসিয়েশন কপিরাইট লঙ্ঘনের অভিযোগ এনেছে। তারা বলছে, এই প্ল্যাটফর্মকে সেই সব ক্লিপ তৎক্ষণাৎ বন্ধ করতে হবে যা বিদ্যমান চলচ্চিত্র এবং শো এর কপিরাইট লঙ্ঘন করেছে। অনুমতি ছাড়া তারকাদের চেহারা ও কনটেন্ট ব্যবহার করা যুক্তরাষ্ট্রের সৃজনশীল শিল্পের জন্য বড় হুমকি বলেও মনে করছেন তারা।
তারা বলেছে “একদিনের মধ্যে, চীনা এআই সেবা সিড্যান্স ২.০ (Seedance 2.0) ব্যাপক পরিমাণে মার্কিন কপিরাইটেড কাজের অননুমোদিত ব্যবহার করেছে।”

একইভাবে অভিযোগ করেছে অভিনেতাদের ইউনিয়ন স্যাগ–আফট্রা। সংগঠনটি কঠোর বিবৃতি দিয়ে বলেছে, তারকাদের কণ্ঠ ও চেহারা বিনা অনুমতিতে ব্যবহার করা নৈতিকতা এবং সম্মতির মৌলিক নিয়ম ভেঙে দিচ্ছে।
প্রশ্ন উঠছে হলিউড কি তবে নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে? একদিকে তরুণ নির্মাতারা কম খরচে বড় স্বপ্ন বাস্তবায়নের সুযোগ পাবে। আরেক দিকে বড় স্টুডিওর ঐতিহ্যবাহী কাঠামো ভেঙে পড়ার ঝুঁকিও তৈরি হচ্ছে।
এআই-এর এই উত্থানকে কেউ দেখছেন বিপ্লব হিসেবে, আবার কেউ দেখছেন ধ্বংসের শুরু হিসেবে। কিন্তু এতটুকু স্পষ্ট যে এআই এখন আর কেবল সহায়ক প্রযুক্তি নয়; এটি সরাসরি সৃজনশীল জগতেও প্রবেশ করেছে।
টম ক্রুজের সঙ্গে ব্র্যাড পিটের ভিডিও নিয়ে নির্মাতারা
সামাজিক মাধ্যমে ভিডিওটি সবার সামনে আনেন আইরিশ নির্মাতা রুয়াইরি রবিনসন। তিনি বলেন, এটি তৈরি হয়েছে সিড্যান্স ২.০ নামের একটি এআই মডেলের মাধ্যমে, যার মালিক চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান বাইটড্যান্স। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বহু মানুষ প্রথমবারের মতো উপলব্ধি করেন-এআই কত দ্রুত বাস্তবের মতো ভিজ্যুয়াল তৈরি করতে সক্ষম হয়ে উঠেছে।
এ ভিডিও ক্লিপ দেখে প্রতিক্রিয়া জানিয়েছেন চিত্রনাট্যকার রেট রিজ। ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ এর এই সহ-লেখক বলেন, সম্ভবত আমাদের জন্য খেলা শেষ হয়ে যাচ্ছে। তার আশঙ্কা, খুব অল্প সময়ের মধ্যে একজন মানুষ নিজের কম্পিউটার থেকে বসেই এমন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরি করতে পারবেন, যা বর্তমান হলিউডের নির্মাণশৈলীর সঙ্গে পার্থক্য করা যাবে না।
তবে বাইটড্যান্স-এর মতে, এই প্রোডাক্ট ইতিমধ্যেই বাস্তব মানুষের ছবি আপলোডের ক্ষমতা স্থগিত করেছে। এটি মেধাস্বত্ব ও কপিরাইটসুরক্ষাকে সম্মান করে এবং যেকোনো সম্ভাব্য লঙ্ঘনকে গুরুত্বসহকারে বিবেচনা করে।
কোম্পানিটি জানিয়েছে, এই কন্টেন্টগুলো একটি সীমিত প্রি-লঞ্চ টেস্টিং পর্যায়ের অংশ হিসেবে তৈরি করা হয়েছিল।


