২০২৬ সালটা যেন টেইলর সুইফটের সাফল্যের বছর হয়েই ধরা দিচ্ছে। একের পর এক অর্জনের তালিকায় এবার যুক্ত হলো এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসের (ভিএমএ) নতুন রেকর্ড। বাংলাদেশ সময় সোমবার ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে অনুষ্ঠিত এবারের আয়োজনে বিয়ন্সেকে ছাড়িয়ে ভিএমএর ইতিহাসে সবচেয়ে বেশি পুরস্কারজয়ী শিল্পী হয়েছেন এই মার্কিন পপ তারকা।
এর আগে বিয়ন্সের সঙ্গে যৌথভাবে ৩০টি ভিএমএ পুরস্কার নিয়ে শীর্ষে ছিলেন টেইলর। এবার ‘দ্য ফেট অব ওপেলিয়া’ গানের ভিডিওর জন্য পাওয়া ‘আর্টিস্ট ডিরেক্টর অনার্স’ তাঁকে সেই যৌথ অবস্থান থেকে এককভাবে শীর্ষে নিয়ে যায়। গান ও সংগীতের পাশাপাশি দৃশ্যনির্ভর গল্প বলার ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে এবারই প্রথম দেওয়া হয়েছে এই সম্মান।

এবারের আসরে ‘ভিডিও অব দ্য ইয়ার’ পুরস্কারও পেয়েছেন টেইলর। পুরস্কার গ্রহণের সময় তিনি শ্রদ্ধা জানান প্রয়াত কান্ট্রি সংগীত কিংবদন্তি ডলি পার্টনকে। টেইলরের ভাষায়, পার্টনের প্রতিটি গানে গল্প বলার অসাধারণ ক্ষমতা ছিল। খ্যাতি সামলানোর ক্ষেত্রেও তাঁর ভালোবাসা, কৃতজ্ঞতা ও সৌজন্যের প্রশংসা করেন টেইলর।
নতুন গানে নতুন গল্প
পুরস্কার বিতরণের পাশাপাশি এবারের অনুষ্ঠানে প্রথমবার দেখানো হয় টেইলরের নতুন গান ‘পেশেন্ট জিরো’র মিউজিক ভিডিও। এতে অভিনয় করেছেন কলিন ফ্যারেল ও ডাকোটা জনসন।
গানটিতে এক নারীকে তাঁর সঙ্গীর বিষয়ে সতর্ক করতে দেখা যায় টেইলরকে। সেই পুরুষের সঙ্গে তাঁর নিজের অতীত সম্পর্কের কথাও উঠে এসেছে গানের গল্পে।
তবে রাতের সব বড় পুরস্কার টেইলরের হাতে ওঠেনি। ‘আর্টিস্ট অব দ্য ইয়ার’ সম্মান পেয়েছেন পপসংগীতের আরেক কিংবদন্তি ম্যাডোনা।

পুরোনো স্মৃতি মনে করলেন ম্যাডোনা
পুরস্কার গ্রহণের সময় ক্যারিয়ারের শুরুর দিকের একটি ঘটনা মনে করেন ম্যাডোনা। এমটিভি ভিএমএর প্রথম আসরে মঞ্চে পারফর্ম করার সময় ঘটে যাওয়া একটি বিব্রতকর মুহূর্তের কথা জানান তিনি। সেই ঘটনার পর তাঁর তৎকালীন ব্যবস্থাপক তাঁকে বলেছিলেন, তাঁর ক্যারিয়ার শেষ হয়ে গেছে। মজা করে ম্যাডোনা জানান, সেই ব্যক্তি এখন আর তাঁর ব্যবস্থাপক নন।
এবারের ভিএমএতেও ছিল ম্যাডোনার বিশেষ উপস্থিতি। ২০০৩ সালে ব্রিটনি স্পিয়ার্স ও ক্রিস্টিনা আগুইলেরার সঙ্গে বহুল আলোচিত পারফরম্যান্সের পর এবারই প্রথম ভিএমএর মঞ্চে এককভাবে পারফর্ম করেন তিনি।
৬৮ বছর বয়সী এই পপ তারকা হাঁটু পর্যন্ত লম্বা বুট ও খোলা প্ল্যাটিনাম চুলে মঞ্চে ওঠেন। সাবরিনা কার্পেন্টারের সঙ্গে পরিবেশন করেন ‘ব্রিং ইয়োর লাভ’। পরে চার্লি এক্সসিএক্সের সঙ্গে ‘ড্যান্সেটেরিয়া’ পরিবেশন করেন।
সাবরিনা কার্পেন্টার ও ম্যাডোনা তাঁদের যৌথ পরিবেশনের জন্য ‘বেস্ট কোলাবরেশন’ পুরস্কারও পান। পুরস্কার গ্রহণের সময় জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি বার্তার মাধ্যমেই স্টুডিওতে একসঙ্গে কাজ করার উদ্যোগ নিয়েছিলেন ম্যাডোনা।

দুই দশক পর সম্মান পেল নির্ভানা
এবারের ভিএমএতে ‘ভিডিও ভ্যানগার্ড’ সম্মান পেয়েছে গ্রাঞ্জ ব্যান্ড নির্ভানা। দুই দশকেরও বেশি সময় পর কোনো ব্যান্ড এই পুরস্কার পেল। ব্যান্ডটির গায়ক কার্ট কোবেইন ১৯৯৪ সালে মারা যান। তবে ‘নেভারমাইন্ড’ ও ‘ইন ইউটেরো’র মতো অ্যালবামের মাধ্যমে নব্বইয়ের দশকে তৈরি করা নির্ভানার প্রভাব এখনো সংগীতজগতে দৃশ্যমান।
ব্যান্ডটির মিউজিক ভিডিও নিয়ে একটি বিশেষ ভিডিও প্রদর্শনের পর বক্তব্য দেন বেসিস্ট ক্রিস্ট নভোসেলিক। তিনি বলেন, নির্ভানার গান এখনো মানুষের কাছে প্রাসঙ্গিক, কারণ মানুষ এখনো সত্যিকারের ও আপসহীন কিছু খুঁজে বেড়ায়।

পুরস্কারের পাশাপাশি জমকালো পরিবেশনা
এবারের ভিএমএ শুধু পুরস্কারের জন্য নয়, একাধিক বিশেষ পরিবেশনার জন্যও আলাদা নজর কেড়েছে। প্রয়াত কান্ট্রি সংগীত কিংবদন্তি ডলি পার্টনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ পরিবেশনায় অংশ নেন কেসি মাসগ্রেভস।
জর্জ মাইকেলের স্মরণেও ছিল বিশেষ আয়োজন। তাঁর বিখ্যাত অ্যালবাম ‘ফেইথ’ প্রকাশের ৪০ বছর পূর্তি উপলক্ষে পরিবেশনা করেন টেডি সুইমস, সোমব্র ও রায়ে। থাই সংগীতশিল্পী ও ব্ল্যাকপিংকের সদস্য লিসাও পেয়েছেন পুরস্কার। ‘ড্রিম’ গানের জন্য ‘বেস্ট পপ’ বিভাগে পুরস্কার জিতেছেন তিনি। গানটিতে তাঁর সঙ্গে ছিলেন কেনতারো সাকাগুচি।
এবারের অনুষ্ঠান সঞ্চালনা করেন র্যাপার স্নুপ ডগ। সিবিএস ও এমটিভিতে সম্প্রচারিত এই আয়োজনে পুরস্কারের পাশাপাশি তারকাদের পরিবেশনা, মঞ্চের নানা চমক এবং বিশেষ মুহূর্তও ছিল দর্শকদের আগ্রহের বড় অংশ।







