তানিয়া বৃষ্টির সুস্থতায় দোয়া চেয়েছেন সহশিল্পীরা
ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। অস্ত্রোপচারের খবর প্রকাশের পর থেকেই সহশিল্পী ও ভক্তদের পক্ষ থেকে তাঁর দ্রুত সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন।

অভিনেত্রী তানিয়ার অসুস্থতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে শোবিজ অঙ্গনে। কয়েক দিন ধরে তিনি তীব্র মাথাব্যথায় ভুগছিলেন। সঙ্গে ছিল শারীরিক অস্বস্তি। পরিচালক সকাল আহমেদ জানান, প্রথম দিকে বিষয়টি গুরুত্ব দেননি তানিয়া। তিনি ভেবেছিলেন সাধারণ অসুস্থতা। কিন্তু হঠাৎ শারীরিক অবস্থা খারাপের দিকে যায়। এরপর তাঁকে দ্রুত উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা প্রয়োজনীয় পরীক্ষা–নিরীক্ষা করেন। রিপোর্টে ব্রেন টিউমার ধরা পড়ে।

খবরটি শুনে পরিবার ও সহকর্মীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। চিকিৎসকদের পরামর্শে তাঁকে অন্য একটি বিশেষায়িত হাসপাতালে নেওয়া হয়। সেখানে উন্নত চিকিৎসার প্রস্তুতি শুরু হয়। শেষ পর্যন্ত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তানিয়ার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই বিনোদন অঙ্গনে উৎকণ্ঠা দেখা দেয়। সহকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর সুস্থতা কামনা করছেন। অভিনেত্রী সামিরা খান মাহি ফেসবুকে তানিয়ার একটি ছবি পোস্ট করেন। তিনি লেখেন, হাসপাতালে নয়, আবার হাসিমুখে সবার মাঝে ফিরুক তানিয়া। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
ভক্তরাও সামাজিক মাধ্যমে সমর্থন ও প্রার্থনা জানাচ্ছেন। সবাই আশা করছেন, দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরবেন তানিয়া।