Friday, November 20, 2026

সুরের রাজকুমার সুবীর নন্দীর জন্মদিন আজ

রামায়ণ- দেবত্বের আড়ালে মানুষ, ক্ষমতা ও নৈতিকতার এক মহাকাব্য

November 16, 2026

মহাভারত – একটি যুদ্ধ, নাকি মানবসভ্যতার সবচেয়ে বড় আয়না?

November 9, 2026

ভারতীয় ছবির ছায়ায় বাংলাদেশি ৪ সিনেমা

November 2, 2026
রজনীকান্ত কেন সুপার স্টার ?

রজনীকান্ত কেন সুপার স্টার ? 

October 26, 2026

অমিতাভ বচ্চন – যে গল্প কখনো বলা হয়নি

October 16, 2026

বাংলা গানের আকাশে কিছু কণ্ঠ কখনো ম্লান হয় না। সুবীর নন্দী তেমনই এক নাম। আজ ১৯ নভেম্বর সুরের এই রাজকুমারের জন্মদিন। বেঁচে থাকলে আজ তিনি পা দিতেন ৭৩ বছরে। তার গান আজও বাঙালির আনন্দ-বেদনার সঙ্গী।

১৯৫৩ সালের ১৯ নভেম্বর হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নন্দীপাড়ায় এক সংগীতপ্রেমী কায়স্থ পরিবারে জন্ম সুবীর নন্দীর। ডাকনাম বাচ্চু। বাবা সুধাংশু নন্দী ছিলেন চিকিৎসক, পাশাপাশি সংগীতের গভীর অনুরাগী। মা পুতুল রানীও গান গাইতেন, যদিও পেশাদার জগতে আসেননি।

বাবার চাকরিসূত্রে শৈশবের একটা অংশ কেটেছে চা-বাগানে; সেখানকার মিশনারি বিদ্যালয়েই পড়াশোনার শুরু। পরে হবিগঞ্জ হাইস্কুল ও বৃন্দাবন কলেজে পড়েন তিনি। মুক্তিযুদ্ধের সময় তিনি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

সুবীর নন্দীর সংগীতজীবনের শুরু

সংগীতে হাতেখড়ি মায়ের কাছে। পরে ভাইবোনদের সঙ্গে ওস্তাদ বাবর আলী খানের কাছে শাস্ত্রীয় সংগীতে তালিম নেন; লোকগানে তার গুরু ছিলেন বিদিত লাল দাস। তৃতীয় শ্রেণি থেকেই গান করতেন তিনি, ১৯৬৭ সালে সিলেট বেতারে প্রথম গান পরিবেশন করেন।

১৯৭০ সালে ঢাকা রেডিওতে রেকর্ড হয় তার প্রথম গান ‘যদি কেউ ধূপ জ্বেলে দে’। গানটির কথা লিখেছিলেন মোহাম্মদ মুজাক্কের, সুর করেছিলেন ওস্তাদ মীর কাসেম। এরপর আর পেছনে তাকাতে হয়নি; চার দশকের ক্যারিয়ারে তিনি গেয়েছেন আড়াই হাজারের বেশি গান।

সুরের রাজকুমার সুবীর নন্দীর জন্মদিন আজ

চলচ্চিত্রে প্লেব্যাক গায়ক হিসেবে অভিষেক ১৯৭৬ সালে, আব্দুস সামাদ পরিচালিত ‘সূর্যগ্রহণ’ ছবিতে। ১৯৭৮ সালে ‘অশিক্ষিত’ ছবিতে নায়ক রাজ্জাকের ঠোঁটে তার গাওয়া ‘মাস্টার সাব আমি নাম দস্তখত শিখতে চাই’ গানটি তাকে এনে দেয় ব্যাপক জনপ্রিয়তা।

১৯৭৯ সালে ‘দিন যায় কথা থাকে’ ছবির শিরোনাম গানটি তাকে পৌঁছে দেয় খ্যাতির শীর্ষে। গানটি আজও তার পরিচয়ের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে। এরপর একের পর এক কালজয়ী গানে ভরে ওঠে তার ঝুলি।

তার অমর গানগুলোর মধ্যে রয়েছে ‘আমার এ দুটি চোখ পাথর তো নয়’, ‘পৃথিবীতে প্রেম বলে কিছু নেই’, ‘আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি’, ‘হাজার মনের কাছে প্রশ্ন রেখে’, ‘তুমি এমনই জাল পেতেছ’, ‘বন্ধু হতে চেয়ে তোমার’, ‘কতো যে তোমাকে বেসেছি ভালো’, ‘পাহাড়ের কান্না দেখে’, ‘কেন ভালোবাসা হারিয়ে যায়’, ‘একটা ছিল সোনার কন্যা’ ও ‘ও আমার উড়াল পঙ্খীরে’।

১৯৮১ সালে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম ‘সুবীর নন্দীর গান’। পরে এসেছে ‘প্রেম বলে কিছু নেই’, ‘ভালোবাসা কখনো মরে না’, ‘সুরের ভুবনে’, ‘গানের সুরে আমায় পাবে’সহ একাধিক অ্যালবাম; ভক্তিগীতির অ্যালবাম ‘প্রণামাঞ্জলী’ও প্রকাশিত হয়।

গানের পাশাপাশি তিনি ছিলেন ব্যাংকার। জনতা ব্যাংকে চাকরি শুরু করে প্রায় চল্লিশ বছর ব্যাংকিং সেবা দিয়ে ২০১৩ সালে অবসর নেন। অফিস আর রেকর্ডিং স্টুডিও ‐ দুই জগতেই তিনি ছিলেন সমান নিষ্ঠাবান।

চলচ্চিত্রের গানে অবদানের জন্য তিনি পাঁচবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পীর সম্মান ‐ ‘মহানায়ক’ (১৯৮৪), ‘শুভদা’ (১৯৮৬), ‘শ্রাবণ মেঘের দিন’ (১৯৯৯), ‘মেঘের পরে মেঘ’ (২০০৪) ও ‘মহুয়া সুন্দরী’ (২০১৫) ছবির গানের জন্য। এ ছাড়া পেয়েছেন একাধিক বাচসাস পুরস্কার।

২০১৯ সালে সংগীতে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ভূষিত হন দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে। কিন্তু সেই বছরই ভেঙে পড়ে তার শরীর।

সুরের রাজকুমার সুবীর নন্দীর জন্মদিন আজ

দীর্ঘদিন ধরে তিনি ফুসফুস, কিডনি ও হৃদরোগে ভুগছিলেন। ২০১৯ সালের ১৪ এপ্রিল থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। উন্নত চিকিৎসার জন্য ৩০ এপ্রিল তাকে নেওয়া হয় সিঙ্গাপুরে। সেখানে ৫ ও ৬ মে পরপর দুই দিন হার্ট অ্যাটাকের পর ৭ মে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৬৫ বছর।

সুবীর নন্দী চলে গেছেন, কিন্তু তার কণ্ঠ রয়ে গেছে প্রতিটি বাঙালির হৃদয়ে। জন্মদিনে ভক্তদের স্মরণে আবারও ফিরে আসেন সুরের এই রাজকুমার ‐ গানে গানেই।

Share

Read more

Local News