প্রথম কোনো বাংলা সিনেমায় অভিনয়ে নাতালিয়া
সিয়ামের সিনেমায় নাতালিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবি ঘিরে শুরু হয়েছে আলোচনা। জানা গেছে, এটি আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘রাক্ষস’ সিনেমার একটি আইটেম গানের শুটিং দৃশ্য। ছবিতে দেখা যায় চিত্রনায়ক সিয়াম-এর সঙ্গে সিনেমায় নাচছেন ইউরোপিয়ান বংশোদ্ভূত বলিউড ও হলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক। বিষয়টি নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বেশ কৌতূহল। ঈদের সিনেমায় এটি বড় চমক হতে যাচ্ছে বলে মনে করছেন অনেকে।

‘রাক্ষস’- এর আইটেম গানে নাতালিয়া
ফাঁস হওয়া ছবির বিষয়টি নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রডাকশন। প্রতিষ্ঠানটির অন্যতম কর্ণধার আজিম হারুন জানান, ছবিটি তাদের শুটিং সেট থেকেই কোনোভাবে ফাঁস হয়েছে। তার ভাষ্য, সম্ভবত এই প্রথম কোনো বাংলা সিনেমায় অভিনয় করলেন নাতালিয়া জানোসজেক।

ঢাকাই সিনেমায় ‘৩৬৫ ডেইজ’ অভিনেত্রী
নাতালিয়া বলিউডের কয়েকটি বড় প্রজেক্টে কাজ করেছেন। এর মধ্যে রয়েছে ‘হাউজফুল ৫’ ও ‘মাস্তি ৪’। এছাড়া আলোচিত হলিউড সিনেমা ‘৩৬৫ ডেইজ’-এও তাকে দেখা গেছে। জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’-এও অংশ নিয়েছিলেন তিনি।
বড় বাজেট ও আয়োজনে গানের শুটিং
প্রযোজনা সংস্থার আরেক কর্ণধার শাহরীন আখতার সুমি জানান, গানটির নৃত্য পরিচালনা করছেন বলিউডের কোরিওগ্রাফার আদিল শেখ। দেশের বাইরে বিশাল বাজেটে এবং বড় আয়োজনে গানটির শুটিং চলছে।
জিএম আশরাফের সংগীত পরিচালনায় গানটিতে কণ্ঠ দিয়েছেন আশরাফ নিজে ও দোলা। নির্মাতাদের আশা, এই বড় আয়োজনের গানটি দর্শকদের ভালো লাগবে। তাদের বিশ্বাস, ‘রাক্ষস’ এবারের ঈদের আলোচিত সিনেমাগুলোর একটি হয়ে উঠতে পারে।

শুটিং শেষ, নির্ধারিত সময়েই মুক্তির আশা
রাক্ষসের নির্মাতা হৃদয় বলেন, ‘রাক্ষস সিনেমার শুটিং শেষ। এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। এডিট ও ডাবিং একসঙ্গে চলছে। যথাসময়ে সব কাজ শেষ হয়ে যাবে আশা করি। এরপর চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা দিতে পারব।’
গত ডিসেম্বরে ঢাকায় শুরু হয়েছিল রাক্ষসের শুটিং। এরপর শ্রীলঙ্কায় হয়েছে বড় অংশের কাজ। নির্মাতা জানান, শুটিংয়ে অভিনয়শিল্পীরা অনেক ডেডিকেটেড ছিলেন। সব মিলিয়ে তিনি যেভাবে গল্পটি বলতে চেয়েছেন, সেটা সম্ভব হয়েছে। সিনেমার আইটেম গান থেকে শুরু করে কাস্টিংয়ে আরও অনেক চমক রয়েছে বলে জানান মেহেদী হাসান হৃদয়।

রাক্ষসের গল্প নিয়ে হৃদয় বলেন, ‘অনেক দিন ধরে পর্দায় ক্রেজি লাভ স্টোরি দেখা যায় না। এটা একটি পাগলাটে প্রেমের গল্প। সেই সঙ্গে রয়েছে ফ্যামিলি ড্রামা। সবচেয়ে বড় কথা, বরবাদ সিনেমার চেয়ে তিন গুণ ভায়োলেন্স আছে।
‘রাক্ষস’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। এর আগে এই প্রযোজনা প্রতিষ্ঠান সুপারস্টার শাকিব খান অভিনীত ব্যবসাসফল সিনেমা ‘বরবাদ’ প্রযোজনা করেছিল।