নতুন লুকে শাকিব খান
এবারের ঈদুল আজহায় বড় পর্দায় ঝড় তুলতে আসছে শাকিব খান অভিনীত বহুল আলোচিত সিনেমা রকস্টার। পোস্টার ও টিজার প্রকাশের পর থেকেই দেশজুড়ে সিনেমাটি ঘিরে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা। রাজধানীসহ বিভিন্ন জেলা শহরের বিলবোর্ডে চলছে জোরদার প্রচারণা।
সম্প্রতি সামাজিক মাধ্যমে সিনেমাটির নতুন একটি পোস্টার শেয়ার করেছেন শাকিব খান। সেখানে তাকে দেখা গেছে একেবারেই ভিন্নধর্মী ও আক্রমণাত্মক রকস্টার লুকে। জ্বলন্ত একটি গাড়ির দরজা খুলে বসে আছেন তিনি, মাথায় ড্রেডলক চুল, চোখে কালো চশমা, পরনে কালো স্লিভলেস গেঞ্জি ও থ্রি-কোয়ার্টার জিন্স। হাতে ইলেকট্রিক গিটার, যেখান থেকে বের হচ্ছে আগুনের কুণ্ডলী। দুই হাতজুড়ে ট্যাটুর নকশা পোস্টারের রকস্টার ইমেজকে আরও বেশি শক্তিশালী করে তুলেছে।
পোস্টারটি শেয়ার করে শাকিব খান লিখেছেন, “সব হাত গিটার ধরে না। কোনো কোনো হাত বিপ্লব ঘটায়! রকস্টার।”
এবার যে শাকিব আর সেই আগের শাকিব নেই, সেটা প্রমাণ হয় পরের ভিডিও টিজারে। এই টিজারে দেখা যায়, ছবিতে শাকিব খানের বিভিন্ন লুক। সবচেয়ে চমক ছিল, উঠতি রকস্টারের লুক। যেখানে তরুণ বয়সের গায়কের চরিত্রে শাকিব, অনেকটা ওজন ঝরিয়ে যেভাবে নিজেকে বদলেছেন, তাতে তাঁর নিবেদন স্পষ্ট।
সিনেমায় শাকিব খানকে দেখা যাবে এক সংগীতশিল্পীর চরিত্রে। আজমান রুশোর গল্পে নির্মিত ছবিতে একজন সংগীতশিল্পীর জীবনসংগ্রাম, উত্থান–পতন এবং বাস্তব অভিজ্ঞতার নানা দিক তুলে ধরা হবে। আজমান রুশো জানান, নির্মাণে আসার আগে তিনি নিজেও সংগীতের সঙ্গে যুক্ত ছিলেন। নিজের জীবন ও বাস্তব জীবনের রকস্টারদের নানা অভিজ্ঞতার মিশেলে তিনি এই গল্পটি তৈরি করেছেন। সিনেমাটিতে শাকিবের তিন নায়িকা সাবিলা নূর, তানজিয়া মিথিলা ও সুনিধি নায়েক।
সিনেমাটির বেশির ভাগ গানের কথা লিখেছেন ও সুর করেছেন আহমেদ হাসান সানি। গানগুলোতে কণ্ঠও দিয়েছেন তিনি। এ ছাড়া আছে রাজীব হাসান, হাসান রোবায়েত ও অংকনের লেখা গান। সংগীত পরিচালনায় আছেন জাহিদ নিরব। অঞ্জন চৌধুরী নিবেদিত সান মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন নুসরাত মাটি। যিনি গত বছর মুক্তি পাওয়া পিপলু আর খানের ‘জয়া আর শারমিন’–এর অন্যতম চিত্রনাট্যকার ছিলেন। সংলাপ লিখেছেন আয়মান আসিব ও সামিউল ভূঁইয়া। সিনেমাটির এক্সক্লুসিভ স্ট্রিমিং পার্টনার চরকি।
ইতোমধ্যে এখানে শাকিব খানের সঙ্গে গ্ল্যামারের ঝলক দেখিয়েছেন সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা এবং সুনিধি নায়েক।
প্রেক্ষাগৃহে মুক্তির আগেই ঈদের হাফ ডজন সিনেমার ভিড়ে সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে ‘রকস্টার’। দর্শকদের প্রত্যাশা, ঈদে বড় চমক হতে যাচ্ছে এই সিনেমাটি।