বাংলা সিনেমার আলোচিত নায়ক সালমান শাহ। স্বল্প সমইয়েই করেছিলেন দর্শকের মন জয়। অভিনেতার মৃত্যুর প্রায় ৩০ বছর পেরিয়ে গেলেও তার মৃত্যুর কারণ নিয়ে নানা জল্পনা রয়েছে। সালমান শাহর মৃত্যু নিয়ে দীর্ঘদিন পর মুখ খুলেছেন চিত্রনায়িকা শাবনূর। শনিবার (৮ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে সালমান শাহর মৃত্যু নিয়ে মুখ খুলেছেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে রিজভীর বক্তব্যকে ‘অসংগতিপূর্ণ, বিভ্রান্তিকর ও অসত্য’ বলে দাবি করেন শাবনূর।
শাবনূর জানিয়েছেন, সালমান শাহর মৃত্যুর পরই প্রথম রিজভী আহমেদের নাম শুনেছিলেন তিনি। অভিনেত্রীর দাবি, একসময় রিজভী সালমান শাহকে হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে রাজসাক্ষী হয়েছিলেন। পরে আবার ভিন্ন বক্তব্য দিয়ে সালমানের মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেন তিনি।
সম্প্রতি দেওয়া সাক্ষাৎকারগুলোতেও রিজভী একই দাবি করেছেন বলে জানান শাবনূর। অভিনেত্রী বলেন, সালমান শাহর মৃত্যুর জন্য রিজভী তার মা নীলা চৌধুরী ও তাকেও দায়ী করেছেন। তবে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন এই অভিনেত্রী।
শাবনূরের সঙ্গে বিয়ের দাবি রিজভীর
শাবনূর বলেন, রিজভীর সঙ্গে তার কখনো কোনো যোগাযোগ ছিল না। এমনকি ২০১৬ সালে তাদের বিয়ে এবং ২০১৮ সালে বিচ্ছেদের যে দাবি করা হয়েছে, সেটিও সম্পূর্ণ মিথ্যা।
শাবনূর লিখেছেন, ‘আমার প্রশ্ন হলো, সে তো ১৯৯৯ সাল থেকেই প্রায় ২৬-২৭ বছর ধরে যুক্তরাজ্যে বসবাস করছে। তার দাবি অনুযায়ী, ওই সময়ের মধ্যে বাংলাদেশেই আসেনি। অন্যদিকে আমি ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে কখনোই যুক্তরাজ্যে যাইনি। তাহলে আমার সঙ্গে তার বিয়েটা কোথায় হলো? কীভাবে হলো? এর প্রমাণই বা কী? আরও মজার বিষয়, সে যে সময়ের কথা বলছে, তার অনেক আগে থেকেই আমি বিবাহিত ছিলাম। তার সঙ্গে সম্পর্ক তো দূরের কথা, তাকে আমি কখনো দেখেছি বলেও মনে পড়ে না, আমি তাকে চিনিই না। তার এসব কথা শুনে মনে হচ্ছে, আমার সঙ্গে তার বাস্তবে কোনো বিয়ে নয়, হয়তো শুধু “স্বপ্নের বাসর” ই হয়েছিল!’
এই অভিনেত্রীর ফেসবুক পোস্টে ভক্তরা মন্তব্য করে জানিয়েছেন, তাঁর পাশে রয়েছেন। কেউ কেউ লিখেছেন, ‘সত্যটা তুলে ধরার জন্য ধন্যবাদ।’ কেউ লিখছেন, ‘সত্য চাপা থাকে না।’ তবে শাবনূরকে ঘিরে অভিযোগ শুধু প্রেম-বিয়েতেই থেমে থাকেনি। সালমান শাহকে ব্ল্যাকমেলের মতো প্রসঙ্গও রয়েছে।
সালমান শাহকে ব্ল্যাকমেইলের অভিযোগ অস্বীকার
সালমান শাহকে ব্ল্যাকমেইল করার অভিযোগও অস্বীকার করেছেন শাবনূর। তিনি বলেন, সালমানের সঙ্গে তার সম্পর্ক নিয়ে রিজভীর বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন ও মানহানিকর।
সালমান শাহর মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবিও জানিয়েছেন শাবনূর। তার মতে, সালমান শুধু জনপ্রিয় নায়ক ছিলেন না, তিনি ছিলেন প্রিয় সহশিল্পী ও বড় ভাইয়ের মতো একজন মানুষ।
নিজের অবস্থান স্পষ্ট করে শাবনূর বলেন, সালমান শাহর মৃত্যু বা হত্যাকাণ্ডের সঙ্গে তার বিন্দুমাত্র কোনো সংযোগ ছিল না। কীভাবে সালমানের মৃত্যু হয়েছে, সে বিষয়েও তার কোনো ধারণা নেই। তিনি চান, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত রহস্য বেরিয়ে আসুক। কেউ জড়িত থাকলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন এই অভিনেত্রী।






