অতীত ভুলে সামনে এগোতে চান সাদিয়া
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। অল্প সময়েই দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের দক্ষতা আর মিষ্টি হাসিতে তিনি আলাদা পরিচিতি পেয়েছেন। নাটকে সাবলীল উপস্থিতি ও চরিত্রে বৈচিত্র্যের কারণে নির্মাতাদের কাছেও তিনি এখন ভরসার নাম। বিশ্ব ভালোবাসা দিবস এক সাক্ষাৎকারে নিজের প্রথম প্রেম নিয়ে কথা বলেন এই অভিনেত্রী। সাদিয়া আয়মান জানান, উচ্চ মাধ্যমিকে প্রথম প্রেমে পড়েন। তবে সেই সম্পর্ক সুখকর ছিল না।

সাদিয়ার ভাষায়, ভালো থাকলে হয়তো আজ সেই মানুষটির সঙ্গেই থাকতেন। কথায় স্পষ্ট ছিল অতীত নিয়ে তাঁর নিরাবেগ মনোভাব।
অনেকের কাছে প্রথম প্রেম মানে আবেগ আর স্মৃতি। কিন্তু সাদিয়ার ভাবনা একটু ভিন্ন। তিনি মনে করেন, যে মানুষ জীবন থেকে হারিয়ে যায়, তাকে ধরে রেখে সামনে এগোনো যায় না।

তিনি বলেন, প্রথম প্রেম বা প্রথম কাজের অনুভূতি আলাদা। কিন্তু এখন সেই সম্পর্ক নিয়ে বিশেষ কিছু মনে পড়ে না। নিজেকে ইমোশনাল বললেও ভেতরে ভেতরে শক্ত বলেই জানান তিনি।
কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন সাদিয়া। নতুন বছরে তিনটি নাটকের কাজ শেষ করেছেন। এগুলো আসছে ঈদুল ফিতরে প্রচার হতে পারে। ভালোবাসা দিবসে নতুন কাজ না থাকলেও আগের কিছু নাটক প্রচারে আসতে পারে।

সম্প্রতি একটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন তিনি। এটিকে নিজের জন্য বড় সুখবর বলেই মনে করছেন সাদিয়া আয়মান।
অভিনয় আর পেশাদারিত্ব ধরে রেখে ধীরে ধীরে নিজের অবস্থান আরও শক্ত করছেন এই অভিনেত্রী। অতীত পেছনে ফেলে তিনি এখন সামনে এগোতেই বেশি মনোযোগী।