ক্রেতার ওপর হামলা, থানায় অভিযোগ
অভিনেতা ওমর সানীর ‘চাপওয়ালার শ্বশুরবাড়ি’ রেস্তোরাঁয় একজনকে কুপিয়ে জখম করা হয়েছে । এসময় আরও কয়েকজনকে মারধরের অভিযোগ উঠেছে। মানিকগঞ্জ সদর উপজেলার অরঙ্গবাদ এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মো. আতিকুর রহমান খান ৪-৫ জন বন্ধু নিয়ে রেস্তোরাঁয় খেতে যান। সেখানে কয়েকজন নারী ক্রেতার সঙ্গে এক কর্মীর অশোভন আচরণ দেখে তিনি প্রতিবাদ করেন।

এ নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে অভিযুক্ত কর্মীরা ধারালো অস্ত্র নিয়ে আতিকুর ও তার বন্ধুদের ওপর হামলা চালায়। পরিস্থিতি খারাপ হলে তারা দৌড়ে মূল সড়কের দিকে যান। অভিযুক্ত মো. ইমরান পিছু ধাওয়া করে ছুরি দিয়ে আতিকুরের পিঠে আঘাত করেন। লিখন নামে আরেকজন লাঠি দিয়ে মারধর করেন। এ সময় অন্যরাও হামলায় যোগ দেয়।
আতিকুরের পকেটে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেন। পরে আতিকুরকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় আতিকুরের চাচা মো. খলিলুল রহমান খান বাদল মানিকগঞ্জ সদর থানায় ১৩ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।

ওমর সানী বলেন, লিখন মাদকাসক্ত হওয়ায় এমন ঘটনা ঘটেছে। তিনি ঘটনার সুষ্ঠু বিচার চান।
তিনি আরও জানান, ঘটনার পর পুলিশ ও সেনাসদস্যদের বিষয়টি অবহিত করেছেন।
আইনশৃঙ্খলা বাহিনী অভিযুক্তদের সতর্ক করেছে।