Thursday, November 26, 2026

‘এমটিভি আনপ্লাগড’ ‐ অ্যাকোস্টিক মঞ্চে কিংবদন্তিদের ইতিহাস

ব্যাচেলর পয়েন্ট ১২৯ – ৩৪ পর্বের রিভিউ 

November 25, 2026

GTA 6 – ভিডিও গেম, নাকি গোটা বিশ্বের নতুন উন্মাদনা? 

November 23, 2026

ব্যাচেলর পয়েন্ট ১ – ১২৮ পর্বের রিভিউ

November 23, 2026

রামায়ণ- দেবত্বের আড়ালে মানুষ, ক্ষমতা ও নৈতিকতার এক মহাকাব্য

November 16, 2026

মহাভারত – একটি যুদ্ধ, নাকি মানবসভ্যতার সবচেয়ে বড় আয়না?

November 9, 2026

কোনো ভারী সাউন্ড নয়, অটোটিউন নয়, প্রযুক্তির কারুকাজও নয় ‐ শুধু অ্যাকোস্টিক বাদ্যযন্ত্র আর শিল্পীর খাঁটি কণ্ঠ। ঠিক ৩৭ বছর আগে, ১৯৮৯ সালের আজকের দিনে (২৬ নভেম্বর) এই সরল ধারণা নিয়েই যাত্রা শুরু করেছিল ‘এমটিভি আনপ্লাগড’। সেদিন কেউ ভাবেনি, ছোট্ট এই টেলিভিশন শো একদিন সংগীতের ইতিহাস বদলে দেবে ‐ জন্ম দেবে সর্বকালের সবচেয়ে বেশি বিক্রীত লাইভ অ্যালবামের, আর এক প্রজন্মের সবচেয়ে প্রিয় মঞ্চস্মৃতির।

শোয়ের নিয়ম ছিল একটাই: ইলেকট্রিক বাদ্যযন্ত্র ছাড়া, ছোট্ট ঘনিষ্ঠ মঞ্চে, নিজের বিখ্যাত গানগুলোই গাইতে হবে একেবারে নতুন অ্যাকোস্টিক রূপে। বড় বড় তারকার কাছে এ ছিল এক ধরনের পরীক্ষা ‐ সাজসজ্জা আর সাউন্ডের আড়াল ছাড়া শুধু গান আর কণ্ঠ দিয়ে দর্শক ধরে রাখা যায় কিনা। ধীরে ধীরে ‘আনপ্লাগড’ শব্দটাই ঢুকে যায় প্রতিদিনের ভাষায়; অ্যাকোস্টিক সংস্করণ মানেই হয়ে ওঠে ‘আনপ্লাগড’।

শোয়ের জন্ম নিয়ে মজার বিতর্ক আছে। গায়ক-গীতিকার জুলস শিয়ারের দাবি, ধারণাটা তাঁর ‐ নিজের অ্যাকোস্টিক অ্যালবামের প্রচারের জন্য ভাবা। ১৯৮৯ সালের এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে বন জোভির জন বন জোভি ও রিচি স্যামবোরা শুধু অ্যাকোস্টিক গিটার নিয়ে ‘লিভিন’ অন আ প্রেয়ার’ গেয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন; অনেকের মতে সেটাই ছিল মূল অনুপ্রেরণা। অন্যদিকে প্রযোজক রবার্ট স্মল ও জিম বার্নস বলেন, ব্রুস স্প্রিংস্টিনের এক কনসার্টের অ্যাকোস্টিক এনকোর দেখেই তাঁদের মাথায় আসে ধারণাটা। এইচবিও, পিবিএস এমনকি এমটিভিও প্রথমে রাজি হয়নি; পরে সুযোগ মিললে মাত্র ১৮ হাজার ডলার বাজেটে, চার ঘণ্টার সাজানোর মধ্যে তৈরি হয় পাইলট পর্ব। প্রথম ১৩ পর্বের উপস্থাপক ছিলেন শিয়ার নিজেই।

প্রথম পর্ব ধারণ করা হয় ১৯৮৯ সালের ৩১ অক্টোবর, নিউইয়র্কে; প্রচার হয় ২৬ নভেম্বর। অতিথি ছিলেন ব্রিটিশ ব্যান্ড স্কুইজের গ্লেন টিলব্রুক ও ক্রিস ডিফোর্ড, সঙ্গে সিড স্ট্র ও দ্য কারসের ইলিয়ট ইস্টন। আর শুরুতেই ঘটে মজার কাণ্ড: স্কুইজের দুই সদস্য ‘আনপ্লাগড’ ধারণাটা ঠিক বুঝতে না পেরে ইলেকট্রিক গিটার নিয়েই হাজির হন! প্রযোজক অ্যালেক্স কোলেত্তি হেসে বলেছিলেন, গিটারগুলো কোথায়, এটা তো ‘আনপ্লাগড’! তড়িঘড়ি ফোন করে অ্যাকোস্টিক গিটারের ব্যবস্থা করতে হয়। প্রথম মৌসুমেই এরপর আসেন এয়ারোস্মিথ, এলটন জন, শিনেড ও’কনর, স্টিভি রে ভনের মতো তারকারা।

এমটিভি আনপ্লাগডের ইতিহাস গড়া পর্বগুলো

ম্যাককার্টনি বদলে দিলেন খেলাটা (১৯৯১): পল ম্যাককার্টনির পর্বটি অ্যালবাম আকারে বের হয় ‘আনপ্লাগড (দ্য অফিশিয়াল বুটলেগ)’ নামে ‐ কেউ যেন অবৈধ কপি না বানায়, সেই ভয়ে নিজেরাই বের করে দেন তিনি। এটাই ছিল শোয়ের প্রথম বড় অ্যালবাম সাফল্য; প্রযোজক কোলেত্তির মতে, এই অ্যালবাম না এলে শোটি হয়তো কাল্ট মর্যাদাই পেত না।

হিপহপও এলো অ্যাকোস্টিকে (১৯৯১): একই বছরের ১০ এপ্রিল প্রচার হয় ইতিহাসের প্রথম অ্যাকোস্টিক র‍্যাপ শো ‐ এলএল কুল জে, এমসি লাইট, ডে লা সোল আর আ ট্রাইব কলড কোয়েস্ট। এলএল কুল জে-র ‘মামা সেইড নক ইউ আউট’ পরিবেশনাটি আজও কিংবদন্তি।

ক্ল্যাপটনের বিস্ময় (১৯৯২): ১৯৯২ সালের ১৬ জানুয়ারি ইংল্যান্ডের ব্রে স্টুডিওতে ধারণ করা এরিক ক্ল্যাপটনের পর্ব। চার বছর বয়সী ছেলে কনরকে হারানোর শোকে লেখা ‘টিয়ার্স ইন হেভেন’ আর ‘লায়লা’র অ্যাকোস্টিক রূপ শুনে স্তব্ধ হয়ে যায় দর্শক। এই পর্বের অ্যালবাম বিক্রি হয় বিশ্বজুড়ে ২ কোটি ৬০ লাখ কপি ‐ ইতিহাসের সবচেয়ে বেশি বিক্রীত লাইভ অ্যালবাম। অ্যালবাম অব দ্য ইয়ারসহ অ্যালবামটি জেতে তিনটি গ্র্যামি; সেবার ক্ল্যাপটন একাই ঘরে তোলেন ছয়টি গ্র্যামি।

‘এমটিভি আনপ্লাগড’ ‐ অ্যাকোস্টিক মঞ্চে কিংবদন্তিদের ইতিহাস

মারিয়া ক্যারির প্রমাণ (১৯৯২): সমালোচকেরা বলতেন, মারিয়া ক্যারি শুধুই ‘স্টুডিও শিল্পী’। জবাব দিতে তিনি আসেন এই মঞ্চে। জ্যাকসন ফাইভের ‘আই’ল বি দেয়ার’ গানটির তাঁর পরিবেশনা বিলবোর্ডের এক নম্বরে পৌঁছে যায়, আর পর্বের ইপি বিক্রি হয় এক কোটির বেশি কপি।

স্প্রিংস্টিনের উল্টো কাণ্ড (১৯৯২): ব্রুস স্প্রিংস্টিন এলেন ঠিকই, কিন্তু একটি গান অ্যাকোস্টিকে গেয়ে বাকি পুরো সেট বাজালেন ইলেকট্রিক ব্যান্ড নিয়েই! ফলে তাঁর অ্যালবামটির নামই রাখতে হয় ‘এমটিভি প্লাগড’।

নির্বানার বিদায়ী সুর (১৯৯৩): ১৯৯৩ সালের ১৮ নভেম্বর নিউইয়র্কের সনি স্টুডিওতে ধারণ করা হয় নির্বানার পর্ব। কার্ট কোবেইন মঞ্চ সাজাতে চেয়েছিলেন লিলি ফুল, কালো মোমবাতি আর ঝাড়বাতি দিয়ে। প্রযোজক জিজ্ঞেস করেছিলেন, ‘মানে অন্ত্যেষ্টিক্রিয়ার মতো?’ কোবেইনের জবাব ছিল, ‘ঠিক তাই।’ হিট গানের বদলে ব্যান্ড বেছে নেয় কম পরিচিত গান আর অন্যের গানের কভার; পুরো পরিবেশনা ধারণ করা হয় এক টেকে। কোবেইনের মৃত্যুর প্রায় সাত মাস পর ১৯৯৪ সালের ১ নভেম্বর বের হয় অ্যালবামটি ‐ বিলবোর্ডের এক নম্বরে অভিষেক, আর ১৯৯৬ সালে গ্র্যামি, যা নির্বানার একমাত্র গ্র্যামি।

‘এমটিভি আনপ্লাগড’ ‐ অ্যাকোস্টিক মঞ্চে কিংবদন্তিদের ইতিহাস

অ্যালিস ইন চেইনসের শেষ অধ্যায় (১৯৯৬): প্রায় তিন বছর পর প্রথম কনসার্ট ছিল অ্যালিস ইন চেইনসের এই পর্ব। গায়ক লেন স্টেইলির শেষ দিকের পরিবেশনাগুলোর একটি এটি; ‘নাটশেল’ দিয়ে শুরু সেই সন্ধ্যা আজও ভক্তদের কাছে আবেগের নাম।

এই মঞ্চে ইতিহাস গড়েছেন আরও অনেকে। ১৯৯৪ সালে টনি বেনেটের অ্যালবাম জেতে অ্যালবাম অব দ্য ইয়ার গ্র্যামি। ১৯৯৯ সালে শাকিরার পর্ব ছিল শোয়ের প্রথম স্প্যানিশ ভাষার পর্ব, যার অ্যালবাম জেতে লাতিন পপ গ্র্যামি। ২০০১ সালে জে-জি আসেন দ্য রুটসকে সঙ্গে নিয়ে। ১৯৮৯ থেকে ১৯৯৯ পর্যন্ত নিয়মিত চলা শোটি পেয়েছে মর্যাদাপূর্ণ পিবডি অ্যাওয়ার্ডও।

সময় বদলালেও ‘আনপ্লাগড’ থামেনি। ২০১৭ সালে শন মেন্ডেসকে দিয়ে নতুন করে শুরু হয় সিরিজটি, ২০২১ সালে বিশেষ পর্বে আসে বিটিএস। আজ ইউটিউবজুড়ে যে অসংখ্য অ্যাকোস্টিক সেশন আর ‘স্ট্রিপড’ পরিবেশনা দেখা যায়, তার শেকড় ওই ছোট্ট মঞ্চেই। কারণ ‘এমটিভি আনপ্লাগড’ প্রমাণ করে দিয়েছিল ‐ সাজসজ্জা ছাড়াই, শুধু একটা গিটার আর খাঁটি কণ্ঠ দিয়েই সবচেয়ে বড় জাদুটা করা যায়।

Share

Read more

Local News