মিম মানতাশা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থী থাকাকালীন লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন মিম মানতাশা। সালটা ২০১৮। এরপর টুকিটাকি কাজ করলেও পড়াশোনার চাপে পুরো দমে অভিনয়ে মনোযোগ দিতে পারেননি এই মডেল ও অভিনেত্রী। সম্প্রতি জানা গেছে তিনি এবার পুরোদমে অভিনয়ে ফিরছেন। এই উপলক্ষে দেখে নেয়া যাক মিম মানতাশার স্নিগ্ধ ছবি ও কিছু ভাবনা।

২০২৫ সালে অভিনেতা মুশফিক আর ফারহানের সাথে জুটি বেঁধে করেছিলেন নাটক ‘নাইস টু মিট ইউ’।

গতবছর দেশের এক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে কেন কম কাজ করেন তাঁর একটা ব্যাখ্যা দিয়েছিলেন মিম মানতাশা। তিনি জানিয়েছেন লাক্স সুপারস্টার হওয়ার সময়ে তিনি দ্বিতীয় বর্ষে পড়ছিলেন। পড়াশোনার একটা চাপ ছিল। পরিবারের প্রাধান্য ছিল, পড়াশোনা শেষ করতে হবে। লাক্স চ্যানেল আই সুপারস্টার হওয়ার পর অনেক কাজের প্রস্তাব পেয়েছিলেন এবং ইনভলবও হয়েছিলেন। তবে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার চাপের কারণে চাইলেও তখন বেশি কাজ করতে পারেননি। এদিক থেকে তিনি পরিস্থিতির শিকার। তবে এখন তিনি কাজ করতে চান। এ নিয়ে তিনি বলেন, ‘এখন আমি অনেক ম্যাচিউরড হয়েছি। আমার অনার্স–মাস্টার্স শেষ হয়েছে। এখন কাজে অনেক বেশি ফোকাস করছি। প্রস্তুতিও নিচ্ছি।’

মিম মানতাশার ‘হান্ড্রেড ইয়ারস অব সলিচুড’
নেটফ্লিক্সের ‘হান্ড্রেড ইয়ারস অব সলিচুড’ মিমের ভালো লাগার অন্যতম সিরিজ বলেও জানান তিনি। এ নিয়ে তিনি বলেন ‘আমার ভালো লাগার মতো ছিল নেটফ্লিক্সের ‘হান্ড্রেড ইয়ারস অব সলিচুড’। কাজটা আমার কাছে বেশ চিন্তাশীল কাজ মনে হয়েছে, ভালো লেগেছে। পরিচালক যেভাবে উপস্থাপন করেছেন, সেটাও ভালো লেগেছে।’

অ্যাকশন চরিত্রে মিম
ভবিষ্যতে সুযোগ পেলে অ্যাকশন চরিত্রে অভিনয় করতে চান মিম। এ নিয়ে তাঁর ভাষ্য, ‘মাঝেমধ্যে মনে হয়, কখনো যদি অ্যাকশন চরিত্রে অভিনয় করতে পারি, তাহলে ভালো হবে। দেশের বাইরে অনেক হিরোইনকে প্রায়ই দেখি, হিরোর পাশাপাশি ফাইট করছেন, দেখতে এত ভালো লাগে। ওই ব্যাপারটা আমাকে মুগ্ধ করে। সুযোগ পেলে এমনটা করতে চাই।’

মিম মানতাশা ও শাকিব খান
সম্প্রতি মেগাস্টার শাকিব খানের সঙ্গে একটি সিনেমায় প্রধান নায়িকা হিসেবে কাজের প্রস্তাব পেয়েছেন তিনি। তবে এই প্রস্তাব প্রাথমিক আলোচনার মধ্যেই সীমাবদ্ধ আছে। তবে কোন সিনেমার প্রস্তাব পেয়েছেন তা বলতে চাননি এই অভিনেত্রী।

এ নিয়ে মানতাশা বলেন, ‘প্রাথমিকভাবে জাস্ট কথা হয়েছিল। এরপর আর তেমন কিছু জানি না।’

সম্প্রতি মিম আইস্ক্রিম, রেইনবো পেইন্টস এবং হেলিও ফোনসহ কয়েকটি ব্র্যান্ডের বিজ্ঞাপনে শুটিং করেছেন। ইতিমধ্যে কিছু প্রচারিত হয়েছে , বাকিগুলো মুক্তির অপেক্ষায় আছে বলে জানান।



