শুক্রবার ১৩ তারিখে বনানীতে বসছে ‘লৌকিক অলৌকিক’, থাকছে বাংলার লোককথার ভয়ংকর সব চরিত্র। ভূতের গল্প শুধু শোনার নয়, এবার সেই গল্পের ভেতরেই ঢুকে পড়ার সুযোগ! তাও আবার শুক্রবার ১৩ তারিখে। ঢাকার বনানীতে প্রথমবারের মতো লাইভ ইভেন্টের অংশ হিসেবে আয়োজন করা হচ্ছে ভৌতিক বাড়ির অভিজ্ঞতা। ‘লৌকিক অলৌকিক’ নামের এই আয়োজন দর্শকদের নিয়ে যাবে ভয়, রহস্য আর বাংলার লোককথার এক অদ্ভুত জগতে।
আগামী শুক্রবার বনানীর ওরহাশিতে (Orhashi) যৌথভাবে আয়োজনটি করছে ‘লাইভ দ্য মোমেন্ট’ ও ‘কারখানা’। নব্বইয়ের দশকের পটভূমিতে তৈরি হয়েছে এর গল্প। কাহিনিতে দেখা যাবে, এক লেখক অসাবধানতাবশত এমন এক ঘটনার জন্ম দেন, যার ফলে বাংলার লোককথার নানা ভৌতিক চরিত্র ছড়িয়ে পড়ে তাঁর আশপাশের এলাকায়। এরপর কী ঘটে, সেই রহস্যের অভিজ্ঞতাই নিতে পারবেন দর্শকেরা।
তবে এটি কেবল একটি ভৌতিক বাড়িতে প্রবেশের আয়োজন নয়। পুরো অভিজ্ঞতাকে আরও জমজমাট করতে থাকছে নানা ধরনের আয়োজন। এর মধ্যে রয়েছে হরর ওপেন মাইক, স্ক্যাভেঞ্জার হান্ট, সরাসরি ‘স্ক্যারিকেচার’ আঁকার ব্যবস্থা, টেবিলটপ গেমস এবং একটি মিনি প্রদর্শনী। অর্থাৎ ভয় পাওয়ার পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিনোদনের নানা সুযোগ।
‘লৌকিক অলৌকিক’ পরিচালনা করেছেন শাহনাজ পারভিন জোনাকি। এতে অভিনয় করছেন থিয়েটারের ১৪ জন শিল্পী। আয়োজনটির আবহ আরও বাস্তব করে তুলতে বিশেষ সাউন্ড ডিজাইন করেছেন তাপস চক্রবর্তী। অন্যদিকে, ভৌতিক চরিত্রগুলোর সাজসজ্জার দায়িত্বে রয়েছেন ‘আঁধার’খ্যাত স্বর্ণা ভৌমিক।
বাংলার লোককথা, অতিপ্রাকৃত চরিত্র আর নব্বইয়ের দশকের রহস্যময় পরিবেশ সব মিলিয়ে ঢাকার বিনোদন আয়োজনে নতুন অভিজ্ঞতা যোগ করতে যাচ্ছে ‘লৌকিক অলৌকিক’। ইভেন্টটির টিকিট পাওয়া যাচ্ছে অনলাইনে টিকিটঅ্যাজে (TicketAse) এ। বিস্তারিত ও টিকিটের জন্য ভিজিট করা যাবে: লৌকিক অলৌকিক









