হেলাল খানের নেতৃত্বাধীন ১৯টি চলচ্চিত্র সংগঠনের সম্মিলিত প্ল্যাটফর্মের মুখপাত্রের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চিত্রনায়ক ও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরী। সোমবার রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় নিজের সিদ্ধান্তের কথা জানান তিনি।
জয়ের সিদ্ধান্তের পেছনে রয়েছে হেলাল খানের নেতৃত্বে কাজ করতে তার অনিচ্ছা। তার অভিযোগ, হেলাল খান নিজেই শিল্পীদের সঙ্গে দুর্ব্যবহার ও গালিগালাজ করেছেন।

জয় আরও অভিযোগ করেন, তার সামনেই হেলাল খানের সহযোগী হিসেবে পরিচিত বহিরাগতরা শিল্পীদের মারধরের হুমকি দিয়েছেন এবং অকথ্য ভাষায় কথা বলেছেন। এমনকি চলচ্চিত্র শিল্পী সমিতি ভেঙে দেওয়া এবং সদস্যদের এফডিসি থেকে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি তার।
প্ল্যাটফর্ম ছাড়লেন জয় চৌধুরী, নেপথ্যে এফডিসির ঘটনা
বিরোধের সূত্রপাত সম্প্রতি এফডিসিতে একটি মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে। ওই কর্মসূচিতে জয় চৌধুরী ও শিল্পী সমিতির কয়েকজন সদস্যের অনুপস্থিতি নিয়ে রোববার বিকেলে শিল্পী সমিতির কার্যালয়ের সামনে হেলাল খানের সঙ্গে তার উত্তপ্ত বাক্যবিনিময় হয়।
ওই সময় জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ ও ‘স্বৈরাচারের দোসর’ বলে আক্রমণ করেন হেলাল খান। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর চলচ্চিত্র অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
১৯টি চলচ্চিত্র সংগঠন নিয়ে গঠিত এই সম্মিলিত প্ল্যাটফর্মের আহ্বায়ক হেলাল খান, সদস্যসচিব শিল্পী সমিতির সভাপতি শিবা শানু। আর মুখপাত্রের দায়িত্বে ছিলেন জয় চৌধুরী — এবার সেই দায়িত্ব থেকেই সরে দাঁড়ালেন তিনি।
জয়ের এই সিদ্ধান্তে চলচ্চিত্রের সংগঠনগুলোর অভ্যন্তরীণ বিরোধ ও নেতৃত্ব নিয়ে টানাপোড়েন নতুন করে সামনে এসেছে। এখন দেখার বিষয়, এই বিরোধ কোন দিকে গড়ায়।









