ছবির সাথে আমার কোন সম্পর্ক নেই: হাসান
অভিনেতা হাসান মাসুদের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিটি ফেসবুকের বিভিন্ন গ্রুপে ছড়িয়ে পড়েছে, তবে কারা এটি পোস্ট করেছেন তা তিনি জানেন না। ফেসবুকে সেই ছবি নিয়ে বিব্রত হাসান মাসুদ । এই বিষয় নিয়ে অভিনেতা বলেন, ‘এ ধরনের ছবির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, এটি আমাকে বিব্রত করছে।’
ছবিটি প্রথম দেখলে মনে হতে পারে এটি কোনো বিজ্ঞাপন বা প্রচারণার অংশ। সোমবার অভিনেতা হাসান মাসুদ এ নিয়ে কথা বলেন। তিনি শুরুতেই বলেন, “এই ধরনের কাজ কে করছে, আমি জানি না। এটির সাথে আমার কোনো সম্পর্ক নেই। সম্ভবত ছবিটি এআই দিয়ে তৈরি করা হয়েছে।”

পরে নিশ্চিত হওয়া যায়, ছবিটি এআই প্রযুক্তিতে তৈরি। হাসান মাসুদ বলেন,
এগুলো খুবই বিব্রতকর। আমি এর সঙ্গে কোনোভাবে যুক্ত নই। হয়তো আমাকে পছন্দ করেন না এমন কেউ এটি তৈরি করেছেন। এমন ঘটনায় আমাদের বিব্রত হতে হয়। এখন সময়ও ভালো নয়। অনেকেই ছবিটিকে সত্য মনে করতে পারেন, কিন্তু প্রকৃত সত্য হলো এটি ভুল ছবি।
গত বছর হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন এই অভিনেতা। তখন টানা বেশ কিছুদিন চিকিৎসার মধ্য দিয়ে যেতে হয় তাকে। শারীরিক অবস্থা পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় এখনও বাড়িতেই বেশি সময় কাটছে। নিয়মিত চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হচ্ছে এবং ওষুধ গ্রহণের নির্দিষ্ট সময়ও বেঁধে দেওয়া হয়েছে। তিনি জানান, রাত ৮টার মধ্যে ওষুধ খেতে হয়, অথচ শুটিং সাধারণত শেষ হয় রাত ১০টার পর। এই সময়ের অসামঞ্জস্যের কারণেই আপাতত নিয়মিত শুটিং করা সম্ভব হচ্ছে না। সুস্থতার দিকেই এখন তাঁর পুরো মনোযোগ, তাই সাময়িকভাবে কাজ থেকে দূরে থাকছেন তিনি।
