হলিউডের স্বর্ণযুগের অন্যতম পরিচিত অভিনেত্রী ও অস্কারজয়ী ইভা মেরি সেন্ট আর নেই। মঙ্গলবার (৬ অক্টোবর) লস অ্যাঞ্জেলেসে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০২ বছর। অভিনেত্রীর প্রতিনিধি জেফ স্যান্ডারসন তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
‘অন দ্য ওয়াটারফ্রন্ট’ ও ‘নর্থ বাই নর্থওয়েস্ট’ এর মতো কালজয়ী সিনেমায় অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন ইভা মেরি সেন্ট। সাত দশকের বেশি সময়ের অভিনয়জীবনে বড় পর্দার পাশাপাশি টেলিভিশনেও নিজের দক্ষতার ছাপ রেখেছেন তিনি। অভিনয়ের স্বীকৃতি হিসেবে অস্কারের পাশাপাশি পেয়েছেন এমি অ্যাওয়ার্ডও।
১৯৫৪ সালে এলিয়া কাজান পরিচালিত ‘অন দ্য ওয়াটারফ্রন্ট’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় ইভা মেরি সেন্টের। প্রথম সিনেমাতেই মার্লন ব্র্যান্ডোর বিপরীতে এডি ডয়েল চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন তিনি। সেই অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার জিতে নেন সেন্ট। সিনেমাটিও সেবার আটটি অস্কার জিতে নেয়।
এর পাঁচ বছর পর আলফ্রেড হিচককের ‘নর্থ বাই নর্থওয়েস্ট’ সিনেমায় ক্যারি গ্র্যান্টের বিপরীতে অভিনয় করেন তিনি। সিনেমাটিতে ইভ ক্যান্ডাল চরিত্রে রহস্যময় এক নারীর ভূমিকায় দেখা যায় তাকে। চরিত্রটির মাধ্যমে দর্শকের কাছে নতুনভাবে নিজেকে তুলে ধরেন সেন্ট। সিনেমাটিও পরবর্তী সময়ে হলিউডের অন্যতম স্মরণীয় চলচ্চিত্র হিসেবে স্বীকৃতি পায়।
পরবর্তী সময়ে ‘এক্সোডাস’, ‘অল ফল ডাউন’, ‘গ্র্যান্ড প্রি’ ও ‘দ্য স্টকিং মুন’ এর মতো সিনেমায় অভিনয় করেন তিনি। দীর্ঘ বিরতির পর ২০০৬ সালের ‘সুপারম্যান রিটার্নস’ সিনেমায় আবার বড় পর্দায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায় তাকে। এতে সুপারম্যানের দত্তক মা মার্থা কেন্টের চরিত্রে অভিনয় করেন সেন্ট।

চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশনেও দীর্ঘ ও সফল ক্যারিয়ার ছিল তার। ১৯৯০ সালের ‘পিপল লাইক আস’ মিনি সিরিজে অভিনয়ের জন্য প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ড জেতেন তিনি। ক্যারিয়ারের পরবর্তী সময়েও টেলিভিশন ও অ্যানিমেশনসহ বিভিন্ন মাধ্যমে কাজ করে গেছেন এই অভিনেত্রী।
১৯২৪ সালের ৪ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির নেওয়ার্কে জন্মগ্রহণ করেন ইভা মেরি সেন্ট। ১৯৪০-এর দশকের শেষ দিকে টেলিভিশনে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন তিনি। পরে মঞ্চ ও ব্রডওয়েতেও অভিনয় করেন। বড় পর্দায় অভিষেকের আগেই টেলিভিশন ও মঞ্চে নিজের অভিনয় প্রতিভার পরিচয় দিয়েছিলেন সেন্ট।
দীর্ঘ অভিনয়জীবনে একাধিক প্রজন্মের দর্শককে মুগ্ধ করেছেন ইভা মেরি সেন্ট। ২০১৯ সালের অস্কার অনুষ্ঠানে ৯৪ বছর বয়সে পুরস্কার উপস্থাপনের মঞ্চেও দেখা যায় তাকে। তার মৃত্যুতে হলিউড হারাল স্বর্ণযুগের এক গুরুত্বপূর্ণ শিল্পীকে, যার দীর্ঘ ক্যারিয়ার চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চ তিন মাধ্যমেই সমৃদ্ধ।









