বনলতা এক্সপ্রেস
ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে দারুণ আলোচনায় রয়েছে তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটি। অন্যান্য সিনেমার মধ্যে তুলনামূলক কম শো পেয়েও প্রেক্ষাগৃহে ব্যাপক দর্শক টানছে সিনেমাটি। কম শো পেয়েও একই সঙ্গে ব্যবসায়িক দিক থেকেও সফলতা পেয়েছে সিনেমাটি। ‘বনলতা এক্সপ্রেস’ ২ কোটি আয় করলো আট দিনেই। গণমাধ্যমকে এমনটাই নিশ্চিত করেছেন পরিচালক নিজে, যা চলচ্চিত্র সংশ্লিষ্টদের মধ্যেও আগ্রহ তৈরি করেছে।

জানা গেছে, স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস, ব্লকবাস্টার সিনেমাস এবং কে-স্ক্রিন সিনেপ্লেক্স থেকে ‘বনলতা এক্সপ্রেস’-এর মোট গ্রস কালেকশন দাঁড়িয়েছে ২ কোটি ২৬ লাখ টাকা। পরিচালক তানিম নূর বলেন, ‘দর্শকের কাছ থেকে যে সাড়া পাচ্ছি সেটা অভাবনীয়। প্রত্যেক দর্শক, যারাই আসছেন তারা তাদের বন্ধু-বান্ধব, পরিবার নিয়ে ছবিটি দেখতে আসছেন। সবাই দল বেঁধে দেখতে আসছেন। এটা তো আমাদের জন্য অবশ্যই আনন্দের। দর্শকরা যেভাবে আমাদের ভালোবাসা দিচ্ছেন।’
কোথায় কতগুলো শো
খোঁজ নিয়ে জানা গেছে, দ্বিতীয় সপ্তাহ থেকে স্টার সিনেপ্লেক্সের ৮টি শাখায় ২১টি, লায়ন সিনেমাসে ৩টি এবং ব্লকবাস্টার সিনেমাসে ৪টি শো পেয়েছে ‘বনলতা এক্সপ্রেস’। তবে দর্শক চাহিদার তুলনায় শো সংখ্যা কম হওয়ায় অনেকেই টিকিট না পেয়ে হতাশ হচ্ছেন। অনেক দর্শক অভিযোগ করেছেন যে তারা কাঙ্ক্ষিত সময়ে টিকিট পাচ্ছেন না এবং বাধ্য হয়ে অন্য সিনেমা দেখতে হচ্ছে।

এ প্রসঙ্গে নির্মাতার ভাষ্য, ‘এ রকম অনেক অভিযোগই পাচ্ছি যে দর্শক টিকিট পাচ্ছে না। দেখুন, আমি একজন পরিচালক মাত্র, কোনো সিনেমা হলের মালিক নই। এখন টিকিট কিংবা শো বাড়ানো-কমানোর বিষয়টি একান্তই তাদের ব্যাপার। এখন তারা যদি কম শো দেয় তাহলে এটা মেনে নেওয়া ছাড়া আমাদের কিছুই করার নেই।’
হুমায়ূন আহমেদ এর ‘কিছুক্ষণ’ উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত এই সিনেমার গল্প এগিয়েছে একটি ট্রেনযাত্রাকে কেন্দ্র করে, যেখানে যাত্রীদের জীবনের নানা দিক তুলে ধরা হয়েছে। সিনেমাটিতে একঝাঁক তারকা অভিনয় করেছেন। এতে আছে দেশের নন্দিত তারকা অভিনেতা মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, অভিনেত্রী সাবিলা নূর, আজমেরী হক বাঁধনসহ আরও অনেকে।
তানিম নূর গত ঈদে পরিচালনা করেছিলেন সিনেমা ‘উৎসব’। এই সিনেমাটিও সেসময় দর্শক মহলে ব্যাপক জনপ্রিয় হয়েছে এবং ব্যবসাসফল হয়েছিলো। তারই ধারাবাহিকতায় এবার নির্মাণ করেছেন ‘বনলতা এক্সপ্রেস’।


